গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে মেরামত হলো রাস্তা
সরকারের সহায়তার আশায় তাঁরা বসে থাকেননি। গ্রামের একমাত্র রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় নিজেরাই মেরামতের উদ্যোগ নিয়েছেন। খাগড়াছড়ি সদর উপজেলার দক্ষিণ গোলাবাড়ি গ্রামের আদিবাসী নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা মেরামত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মেরামত করার কথা থাকলেও এই আশায় তাঁরা বসে থাকতে পারেননি। বর্ষাকালে এ রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।গত সোমবার সকালে ইউপি সদস্য হ্লাপ্রু মং মগের নেতৃত্বে অন্তত ২০ থেকে ২৫ জন গ্রামবাসী কোদাল, বেলচা নিয়ে ঠেলাগাড়িতে করে মাটি এনে গ্রামের একমাত্র রাস্তাটি মেরামতের কাজে নেমে পড়েন। হ্লাপ্রু মং মগ বলেন, ‘গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটির অবস্থা খুবই শোচনীয়। রাস্তাটি অন্তত এক ফুট উঁচু করতে হবে। এই রাস্তা সংস্কার বা মেরামত করার মতো আর্থিক সামর্থ্য নেই ইউনিয়ন পরিষদের। তাই গ্রামবাসী রাস্তা মেরামতে উদ্যোগী হয়েছেন।’ তবে রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের জন্য পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন তিনি।গ্রামের বয়োজ্যেষ্ঠ সদস্য হ্লাচাইপ্রু মগ (৫৭) বলেন, ‘এক কিলোমিটার দীর্ঘ এই মেঠোপথটি সংস্কার হলে এই গ্রামের ছেলেমেয়েরা সহজে স্কুলে যেতে পারবে। বর্ষাকালে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেলে রাস্তাটি ডুবে যায়। তখন গ্রামবাসীদের অন্যত্র সরে যাওয়ার সুযোগও থাকে না। তাই রাস্তাটি সংস্কারের পাশাপাশি বর্তমান অবস্থা থেকে অন্তত দেড় থেকে দুই ফুট উঁচু করা প্রয়োজন।’গ্রামের তরুণ চাইহ্লা প্রু মগ, বলেন, ‘এ রাস্তা দিয়ে রাতে চলাচলা করা কঠিন। ইউনিয়ন পরিষদ বা জেলা পরিষদ রাস্তাটি সংস্কার করবে এই আশায় বসে থাকা যায় না। তাই গ্রামবাসীর সহযোগিতায় রাস্তাটি চলাচলের উপযুক্ত করার চেষ্টা চালাচ্ছি।’