গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সংস্কার হলো সড়ক

কাঁচা সড়কটিতে ইট তো দূরের কথা, পাঁচ বছরের মধ্যে এক মুঠো মাটি পর্যন্ত পড়েনি। প্রতি বছর বৃষ্টিতে ক্ষয় হতে হতে সড়ক এখন জমির আলের মতো হয়ে গেছে। ফলে ভোগান্তি বেড়েছে গ্রামবাসীর। সংস্কারের জন্য আবেদন-নিবেদন হয়েছে অনেক, কিন্তু কোনো ফল আসেনি। শেষে এগিয়ে এলেন গ্রামের যুবকেরা। তাঁদের সঙ্গে যোগ দিলেন অন্যরা। অবশেষে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সংস্কার হলো সাতকানিয়ায় সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সিকদারপাড়ার করিমউল্লাহ সড়ক।
গ্রামের লোকজন জানান, এই সড়ক দিয়ে চলাচলে ভোগান্তির শেষ ছিল না। এ ছাড়া গ্রামের অসুস্থ কোনো ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতেও চরম দুর্ভোগ পোহাতে হতো। তাই গ্রামের সব শ্রেণি-পেশার লোকজন বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেন নিজেরাই সড়ক সংস্কার করবেন।
গ্রামবাসীর এ সিদ্ধান্তে সমর্থন দেন শহরে বসবাসকারী এ গ্রামেরই বাসিন্দারা। তাঁরা শ্রম দিতে না পারায় সংস্কার কাজে নিয়োজিত ব্যক্তিদের সংস্কার চলাকালীন প্রতিদিন চা-নাশতা ও খাবারের ব্যবস্থা করেছেন। এভাবে ৬ থেকে ২১ জুন টানা কাজ করে সড়ক সংস্কার করা হয়। সড়কটি সংস্কার হওয়ায় ছয় গ্রামের অন্তত সাড়ে পাঁচ হাজার মানুষের ভোগান্তি কমবে।
২০ জুন সরেজমিনে দেখা গেছে, এলাকার সব পেশার লোকজন মিলেমিশে কাজ করে যাচ্ছেন। কেউ কাটছেন মাটি, কেউ সেই মাটি নিয়ে ফেলছেন রাস্তায়। অনেকে সড়কের ওপর ফেলা মাটি সমান করার কাজে ব্যস্ত।
স্থানীয় ব্যবসায়ী নুরুল হক (৪৮) জানান, এ সড়ক দিয়ে এলাকাবাসী ছাড়াও নিয়মিত চলাচল করে বড়হাতিয়া মাল পুকুরিয়া মাদ্রাসা, গারাংগিয়া উচ্চবিদ্যালয়, দক্ষিণ গারাংগিয়া মহিলা মাদ্রাসা, মোস্তাফিজুর রহমান কলেজ, বার আউলিয়া কলেজ ও সেনেরহাট উচ্চবিদ্যালয়ের অন্তত তিন শ শিক্ষার্থী। তা ছাড়া এলাকায় উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য এ সড়ক দিয়ে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার হাট-বাজারগুলোতে নিয়ে যান কৃষকেরা।
শিক্ষক মো. দিদারুল আলম বলেন, ‘গ্রামবাসীর ভোগান্তি লাঘবে জন প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরে বহু দেন-দরবার করেও সাড়া না পেয়ে শেষমেশ নিজেরাই সড়ক সংস্কার করলাম।’
এ প্রসঙ্গে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, এলাকার লোকজন উন্নয়ন চায়। আমিও এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পুরো ইউনিয়নের অনুন্নত সড়কগুলো উন্নয়ন করার জন্য উপজেলা প্রশাসনের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সড়ক সংস্কার করা হবে। তিনি আরও বলেন, ‘গ্রামবাসী মিলে অস্থায়ী ভিত্তিতে সড়কের যে সংস্কার করেছে তা অনুকরণীয় ও প্রশংসার যোগ্য। আমি তাঁদের সাধুবাদ জানাই।’