গ্রামবাসীর 'ঐক্যের সেতু'

ছোট্ট সেতু। দৈর্ঘ্য মাত্র ২৫ ফুট। এই সেতু নিয়ে দুই গ্রামের মানুষের গর্বের যেন শেষ নেই। হবেই তো! সেতুর অংশীদার যে দুই গ্রামের সব মানুষ। কারও শ্রম, কারও অর্থ—দুইয়ে মিলে এই পাকা সেতু। যে উদ্যোগ নিয়েছিলেন একদল যুবক।
ফটিকছড়ি উপজেলার পাতাছড়ার ওপর নির্মিত হয়েছে সেতুটি। এলাকার বাসিন্দাদের ভাষায়, ‘ঐক্যের সেতু’।
ফটিকছড়ির দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়ন। দুই ইউনিয়নকে ভাগ করেছে পাতাছড়া। ছড়ার এক পাশে বালুটিলা ও ওপর প্রান্তে পশ্চিম পাতাছড়ি গ্রাম। দুই গ্রামের লোকসংখ্যা ১০ হাজারের বেশি। বালুটিলার বাসিন্দারের চাষের জন্য যেতে হয় পাতাছড়িতে। আর পাতাছড়ির লোকজনকে উপজেলা সদরসহ সবখানে যেতে পার হতে হয় এই ছড়াটি। তা ছাড়া পাতাছড়ায় কোনো িবদ্যালয় নেই। ফলে ছেলেমেয়েদের ছড়া পার হয়ে যেতে হয় বালুটিলা সরকারি প্রাথমিক িবদ্যালয় ও উচ্চবিদ্যালয়ে। কিন্তু ছড়া পারাপারে ভরসা ছিল বাঁশের সাঁকো। শুষ্ক মৌসুমে সাঁকো পারাপারে সমস্যা না হলেও বর্ষায় প্রায় সময় বন্ধ থাকত পারাপার। ফলে আশপাশের মানুষ অনেকটা বন্দী হয়ে পড়তেন। এ নিয়ে দুই গ্রামের মানুষ ও জনপ্রতিনিধিরা প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেছেন। সবাই শুধু আশ্বাসের বাণী শুনিয়েই বিদায় করেছেন কাজের কাজ কিছুই হয়নি। একপর্যায়ে এগিয়ে এলেন বালুটিলা এলাকার যুবকদের সংগঠন বালুটিলা যুব ও সমাজ কল্যাণ সংস্থা। সংগঠনের সদস্যরা গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়েছেন সেতুর দাবি নিয়ে। গ্রামবাসী তাঁদের ডাকে সাড়া দিলেন। শুরু হলো চাঁদা তোলা। তাঁদের সঙ্গে যোগ দেন জনপ্রতিনিধিরাও।
বালুটিলা যুব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘নড়বড়ে সাঁকোটি ঝুঁকি নিয়ে পারাপার করতেন গ্রামের লোকজন। শিশুরা এ পারের বিদ্যালয়ে যাতায়াত করত। বর্ষায় তো প্রাণ হাতে নিয়ে সেতু পার হতে হতো। একটি পাকা সেতুর জন্য সবার কাছে গিয়েছি। েকউ আমাদের কথায় কান দিল না। শেষে ঠিক করলাম নিজেরাই করব। কাজটি কঠিন। তার পরও আমার দমে যাইনি। বিশ্বাস ছিল ভালো কাজে সহযোগিতা পাবই। গ্রামবাসী আমাদের ওপর আস্থা রেখেছে। ফলে আমরা সফল হয়েছি।’
মুহাম্মদ শামসুদ্দিন জানান, ২৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে চার লাখ ৯৫ হাজার টাকা। এই টাকা জোগাড় করতে সময় লেগেছে দুই বছর। পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত চাঁদা উঠেছে। নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের জুলাই মাসে। এতে দুই গ্রামের অনেকে স্বেচ্ছাশ্রমে কাজ করেন। কাজ শেষ হয় এ বছরের অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে। গত বছরের ৩০ অক্টোবর সেতুটি উদ্বোধন করেন দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলম।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বালুটিলা বাজার সংলগ্ন বালুটিলা-পশ্চিম পাতাছড়ি সড়কের পাতাছড়ার ওপরের সেতু পার হয়ে বিদ্যালয়ে যাচ্ছে একদল শিশু। এরা বালুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
তাদের একজন তৃতীয় শ্রেণির ছাত্রী মৌসুমী আকতার। সে বলে, ‘আগে বৃষ্টি হলে বিদ্যালয়ে যেতাম না। এখন কোনো সমস্যা নেই। পাকা সেতু পার হয়ে বিদ্যালয়ে যাই।’
তাঁর সঙ্গে কথা বলার সময় জড়ো হন আরও কয়েকজন। তাঁদের বাড়ি বালুটিলা গ্রামে। কলেজপড়ুয়া আবদুল খালেক বলেন, ‘বাঁশের সাঁকো পার হতে কী যে কষ্ট হতো বলে বোঝাতে পারব না। আমাদের সেই কষ্ট এখন আর নেই।’
বালুটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহ জামাল মজুমদার বলেন, ‘সংগঠনের সদস্যরা মহৎ মন নিয়ে এগিয়ে না এলে কেউ এমন কাজ করতে পারতেন না। সেতুটি নির্মাণের ফলে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হলো।’
বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রুস্তম আলী বলেন, ‘সেতুটি নির্মিত হওয়ায় দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপকৃত হচ্ছে। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট লাঘব হলো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে সংস্থাটি সত্যিই প্রশংসার দাবিদার। এ থেকে উপজেলাবাসী অনেক কিছু শিখতে পারেন।’