গ্রামীণ জনগোষ্ঠীর বেতার কেন্দ্র সাগর গিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ জনগোষ্ঠীর কাছে বিনোদনসহ প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে সীতাকুণ্ডে চালু হচ্ছে কমিউনিটি বেতার কেন্দ্র ‘সাগর গিরি’। চট্টগ্রাম বিভাগের মধ্যে এটিই প্রথম কমিউনিটি বেতার কেন্দ্র। আগামী সেপ্টেম্বরে এটি পরীক্ষামূলকভাবে চালু হবে বলে উদ্যোক্তারা আশা করছেন। সূত্র জানায়, এই বেতার কেন্দ্রের অনুষ্ঠান প্রচার হবে ৯৯.২ এফএম ব্যান্ডে। কেন্দ্র থেকে ১৭ কিলোমিটারের মধ্যে যেকোনো বেতার যন্ত্রে সাগর গিরির অনুষ্ঠান শুনতে পাবেন শ্রোতারা। সমাজ উন্নয়নসংস্থা ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশান) কেন্দ্রটির উদ্যোক্তা। উদ্যোক্তা সূত্র জানায়, গ্রামের মানুষের কাছে তথ্য পৌঁছাতে দেশের বিভিন্ন এলাকায় ১৪টি কমিউনিটি বেতার কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এসব কেন্দ্র দেশের উপকূলীয় অঞ্চল এবং অনগ্রসর জনপদ থেকে সমপ্রচার কার্যক্রম চালাবে। সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোই কমিউনিটি বেতারের প্রধান লক্ষ্য। চট্টগ্রাম বিভাগে সীতাকুণ্ড উপজেলায় একটি কেন্দ্র চালু করার অনুমতি দিয়েছে সরকার। প্রাথমিকভাবে উপজেলার পৌরসভাসহ সাতটি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ শ্রোতা এ বেতারের অনুষ্ঠান শুনতে পাবে।সাগর গিরির কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে জানিয়ে ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান জানান, এ বেতার মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্য প্রচারের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে তথ্যশূন্যতা দূর করবে। এতে মানুষের মাঝে নানা বিষয়ে সচেতনতা বাড়বে। অনুষ্ঠানসূচিতে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ, নারীর অধিকার এবং গ্রামীণ সাংস্কৃতিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, ‘আমরা কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্ব দেব। সম্প্রচারের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে।’সূত্র জানায়, সীতাকুণ্ডের ইপসার মানবসম্পদ উন্নয়ন বিভাগের চারতলা ভবনের চতুর্থ তলায় বেতার কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। এরই মধ্যে স্টুডিওর অবকাঠামো তৈরি হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ভারত থেকে ট্রান্সফরমার এসে পৌঁছাবে। আগস্টের মধ্যে কেন্দ্রের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন করা হবে। এ ব্যাপারে কিছু কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে সহায়তাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান বলেন, ‘এখানে অনেক সম্ভাবনা রয়েছে। তবে বাণিজ্যিকভাবে পরিচালিত বেতার কেন্দ্রগুলোতে দক্ষ লোকবলের অভাব রয়েছে। এ সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে কমিউনিটি বেতার কেন্দ্র নিয়ন্ত্রণের লক্ষ্যে স্থানীয়ভাবে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুইয়া জানান, কমিউনিটি বেতার কেন্দ্র উন্নয়নের গতি ত্বরান্বিত করবে। পিছিয়ে পড়া অঞ্চলের মানুষকে সচেতন করবে। তথ্যপ্রবাহের সঙ্গে গ্রামপর্যায়ে মানুষের সম্পৃক্ততা বাড়বে। দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে মানুষের বেশি কাজে আসবে এ বেতার কেন্দ্র।