চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক মো. নওশের আলী বলেছেন, এলাকাবাসীর সার্বিক সহযোগিতা না থাকলে তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের পক্ষে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হবে। তিনি অন্যায়কে ঘৃণা করতে এবং ঐক্যবদ্ধ হয়ে গ্রামে গ্রামে কমিটি করার মাধ্যমে ডাকাতদের চিহ্নিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি ২৫ আগস্ট দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ আদর্শগ্রামে পুলিশের একটি তদন্ত কেন্দ্রের উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ।বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউল আরিফ, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আলম, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন থেকে সোনাগাজী উপজেলার চরদরবেশ ও চরচান্দিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এ জন্য সোনাগাজী থানা থেকে ১২ কিলোমিটার দূরে এ পুলিশ তদন্ত কেন্দ্রটি স্থাপিত হওয়ায় ওই দুটি ইউনিয়নের মানুষের মধ্যে স্বস্তির ভাব দেখা দিয়েছে।