গ্রামে পানির স্তর নিচে নেমে গেছে
প্রচণ্ড খরায় সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, আনোয়ারা, উখিয়া ও রুমার বিভিন্ন এলাকায় ভূ-গর্ভের পানির স্তর নিচে নেমে গেছে। এতে নলকূপে পানি উঠছে না। পর্যাপ্ত নলকূপও নেই। এ অবস্থায় ছড়া ও অন্যান্য উৎসের দূষিত পানি ব্যবহার ও পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। প্রতিনিধিদের পাঠানো খবরসীতাকুণ্ড: সীতাকুণ্ডের বারৈয়াঢালা, কুমিরা, সোনাইছড়ি, বাঁশবাড়িয়া ইউনিয়ন ও পৌরসভার আড়াই হাজার আদিবাসীর দাবি এখন একটাই—এক কলস বিশুদ্ধ পানি। পানির জন্য সবার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দীর্ঘ অনাবৃষ্টি এবং পাহাড়ি ছড়াগুলোতে পানি না থাকায় এসব এলাকায় চলছে পানির জন্য হাহাকার।কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান জানান, ‘আমার এলাকার প্রায় ৪৫টি আদিবাসী পরিবারে পানির অভাব দেখা দিয়েছে। বিশুদ্ধ পানি দূরে থাক, খাল-বিল ও ডোবায় ময়লা পানিও পাওয়া যাচ্ছে না। শিগগির বৃষ্টি না হলে মানুষের কষ্ট আরও বাড়বে।’ বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন জানান, এখানে প্রায় ২৮টি আদিবাসী পরিবার রয়েছে। দৈনন্দিন কাজে ব্যবহারের জন্যও তাঁরা পানি পাচ্ছেন না। একই সমস্যা দেখা দিয়েছে সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর আদিবাসী এলাকায়। পাহাড়ে যাঁরা বাস করেন তাঁদের পানির একমাত্র উৎস ঝরনাধারা ও পাহাড়ি ছড়া। কিন্তু বৃষ্টির অভাবে জানুয়ারি-ফেব্রুয়ারিতেই ছড়াগুলো শুকিয়ে যায়। যেসব ঝরনায় ক্ষীণ ধারার পানির প্রবাহ ছিল সেগুলোও কয়েকদিন থেকে শুকিয়ে আছে। পৌরসভার আদিবাসী পল্লির সাধন ত্রিপুরা জানান, ছড়ার পানি শুকিয়ে যাওয়ায় দেড়-দুই কিলোমিটার দূর থেকে পানি আনতে হয়। এতে দিনের এক বেলা চলে যায়। সীতাকুণ্ড পৌরসভার মেয়র নায়েক (অব.) সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘পানির জন্য আমার এলাকার ৩২টি আদিবাসী পরিবারের শিশু, নারী-পুরুষ খুবই কষ্ট করছেন। তবে এসব এলাকার পানির সমস্যা সমাধানের তেমন কোনো কার্যক্রম আপাতত আমাদের হাতে নেই।’রাঙ্গুনিয়া: উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার নয় ওয়ার্ডের এক-তৃতীয়াংশ এলাকায় ৬৭টি পাহাড়ি গ্রাম রয়েছে। এসব গ্রামে প্রায় ৪২ হাজার উপজাতি ও অ-উপজাতি মানুষ বাস করেন। অথচ তাঁদের পানির চাহিদা পূরণে পর্যাপ্ত নলকূপ নেই। ফলে সারা বছর তাঁরা বিশুদ্ধ পানির সংকটে ভোগেন। আর প্রতিবছর শীতকালে পানির স্তর নিচে নেমে গেলে পানির জন্য হাহাকার শুরু হয়। সরফভাটা বড়খোলা পল্লির কার্বারি অনন্ত মার্মা (৪৫) জানান, বড়খোলার পাহাড়ি এলাকায় প্রায় ৩৫০ উপজাতি ও অর্ধশতাধিক অ-উপজাতি মানুষ বাস করেন। অথচ সেখানে রয়েছে মাত্র তিনটি নলকূপ। উঁচু এলাকা হওয়ায় নলকূপগুলোতে সারা বছর পানি ওঠে কম। চলতি খরা মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলোতে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। ফলে পুরো পল্লিতে পানীয় জলের সংকট চলছে। সরফভাটা ইউনিয়নের পোড়ামুড়া, চিরিঙ্গা, শিলক ইউনিয়নের নারিশ্চা, খুরুশিয়া, মধ্য খুরুশিয়া, খাজার টিলা, কমলাছড়ি, দুধপুকুরিয়া, উদলবুনিয়া, কোদালা ইউনিয়নের ডলুছড়ি, ডং নালা, চা-বাগান, চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রাম, নবগ্রাম, বারঘোনিয়া গ্রামের নলকূপগুলোতেও এখনো পানি উঠছে না।রাজানগর ইউনিয়নের রৈস্যাবিলি গ্রামের মিঠুন চাকমা (৩৭) জানান, গ্রামে প্রায় ৭৮টি পরিবার বাস করে। অথচ এ গ্রামে রয়েছে একটি মাত্র নলকূপ। তাতেও পানি ওঠা বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের মানুষ প্রায় চার কিলোমিটার দূরের ঘাগড়া খাল থেকে পানি এনে বিশুদ্ধকরণ বড়ি (ট্যাবলেট) দিয়ে খাবার পানির চাহিদা মেটাচ্ছেন। বগাবিলি, কাউখালী, মতিয়াপাড়া, ইসলামপুর, ঘাগড়া, লালানগর, ইছামতি, ঠান্ডাছড়ি গ্রামের মানুষ নলকূপের পানি না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। পোমরা ইউনিয়নের সদস্য শামশুল আলম জানান, ইউনিয়নের জঙ্গল পোমরা, মালিরহাট, বুড়ির দোকান, আজিমনগর, বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী, তিনচৌদিয়া, জঙ্গল বেতাগী, হোসনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর, জঙ্গল নিচিন্তাপুর, ২ নম্বর রাজানগর ইউনিয়নের রাজাভুবনের পাহাড়ি এলাকার নলকূপগুলোতে পানি উঠছে না। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম, ইছাখালী, কলোনিপাড়া, ২ নম্বর ওয়ার্ডের আজিজনগর, ৫ নম্বর ওয়ার্ডের ঘাটচেক পৌর এলাকার পাহাড়ি গ্রামগুলোর নলকূপগুলোতেও পানি ওঠা বন্ধ হয়ে গেছে। পানির অভাবে পাহাড়ি এলাকার মানুষ সমতল এলাকা থেকে বহু কষ্ট করে পানি সংগ্রহ করে পান করছেন। অনেকে পাহাড়ি ছড়ার পানি পান করে পানিবাহিত জন্ডিস, আমাশয়, ডায়রিয়া, কলেরাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাঙ্গুনিয়ার পাহাড়ি গ্রামগুলোতে যেসব নলকূপ রয়েছে তা খুবই অপ্রতুল। আর এগুলো মাত্র ১২০-১৫০ ফুট গভীরে হওয়ায় শীতকালে পানিও পাওয়া যায় না। তা ছাড়া চট্টগ্রামসহ রাঙ্গুনিয়ায় ঘন ঘন ভূমিকম্প হওয়ায় পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। ফলে নলকূপে পানি ওঠা বন্ধ হয়ে যাচ্ছে। পৌর মেয়র নুরুল আমিন প্রথম আলোকে বলেন, পৌরসভার পাহাড়ি এলাকাগুলোতে পানির সংকট রয়েছে। আগে যেসব নলকূপ বসানো হয়েছে তার গভীরতা কম হওয়ায় শুষ্ক মৌসুমে পানি ওঠা বন্ধ হয়ে যায়। তবে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আজিজনগর ও গুচ্ছগ্রাম এলাকায় বসানো গভীর নলকূপগুলোতে খুব ভালোভাবে পানি উঠছে। আনোয়ারা : ‘সকালে মেহমানকে হাত-মুখ ধুতে দেওয়ার জন্য পাশের ঘর থেকে এক জগ পানি ধার করে আনি। পরে এক কিলোমিটার দূরে গিয়ে আবার খাবার পানি সংগ্রহ করে এনেছি। পানির জন্য এ রকম কষ্ট অসহ্য হয়ে উঠেছে।’ কথাগুলো বলছিলেন আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের আমির খাতুন (৪৪)। এ অবস্থা অন্তত ১০ হাজার মানুষের। শুধু খাবার পানিই নয়, গোসল, ধোয়ামোছার পানি নিয়েও মহাকষ্টে আছেন উপকূলবাসী। সম্প্রতি রায়পুরের ফকিরহাট এলাকায় দেখা যায়, সেখানে চলছে খাবার পানির জন্য হাহাকার। অধিকাংশ নলকূপ দিয়ে উঠছে নোনা পানি। দুই-এক কিলোমিটার দূরে যেসব নলকূপে মিঠা পানি পাওয়া যাচ্ছে সেখানে ছুটতে দেখা গেছে লোকজনকে। স্থানীয় আবদুল মাবুদ জানান, অধিকাংশ নলকূপে নোনা পানি ওঠায় খাবার পানির সংকট সৃষ্টি হয়েছে। মিঠাপানি উঠে এমন নলকূপের মালিক মো. ইছমাইল জানান, ‘সকাল বিকাল অনেকেই আমাদের নলকূপ থেকে পানি নিতে আসেন। এভাবে রায়পুরের গহিরা, ফকিরহাট, ঘাটকুল, সরেঙ্গা, বার আউলিয়া, দোভাষিরহাট এলাকার মানুষ পানি নিয়ে ভোগান্তি পোহাচ্ছেন।’ রায়পুর বঙ্গোপসাগর ও শঙ্খনদ তীরবর্তী জনপদ। এ গ্রামে সাড়ে পাঁচ হাজার পরিবারে ৪০ হাজারের বেশি মানুষ বাস করেন। রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সৈয়দ চৌধুরী জানান, ‘রায়পুরে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। অধিকাংশ নলকূপে নোনা পানি ওঠায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’ উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সুধীর সিংহ বড়ুয়া প্রথম আলোকে জানান, ‘এ বছর রায়পুরের পানিসংকট নিরসনে আইলা প্রকল্পের আওতায় ছয়টি গভীর নলকূপ বরাদ্দ করা হয়েছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।’রুমা: রুমার পাইন্দু ইউনিয়নের খামংখ্যং মৌজায় এ হ্যাপিহিলপাড়ায় বম, ত্রিপুরা, ম্রো ও মারমা মিলে ৫০টি আদিবাসী পরিবারের লোকজনের বাস।পাড়াপ্রধান লাললুংঅই বম জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কমলা ও মিশ্রফসল চাষ প্রকল্পের আওতায় ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে পাড়াটি প্রতিষ্ঠা করা হয়। তখন পানির জন্য তেমন সমস্যা ছিল না। ওই সময় ঝরনার পানি বেশি ছিল। আর পাড়াবাসীর দৈনন্দিন নিত্যপ্রয়োজনের কাজে পানি যাতে পাওয়া যায় সেজন্য পাশে ঝরনায় বাঁধ দেওয়া হয়েছিল উন্নয়ন বোর্ড থেকে। কিন্তু বাঁধটি নির্মাণের সময় কর্তৃপক্ষের অবহেলার কারণে ঠিকাদার কাজটি ভালোভাবে করেননি। ফলে নির্মাণের সময় থেকে ওই বাঁধটিতে এক ফোঁটা পানিও ছিল না বলে পাড়া উন্নয়ন কমিটির নেতা সাংওয়াই বম জানিয়েছেন। সেটি ঠিক থাকলে অন্তত গোসল ও কাপড় ধোয়ার অসুবিধা হতো না।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পাড়াটির পূর্বদিকে অবস্থিত ঝরনার পানি একটি চতুর্ভুজ আকারের গর্তে জমা হচ্ছে। পাশে একটি ফলকে ‘গোসল করা নিষিদ্ধ’ লেখা আছে। ওই গর্ত থেকে পাড়াবাসী পানি পান করছেন।হ্যাপিহিলপাড়ায় পানির সংকটের কথা স্বীকার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালরুনসাং বম বলেন, এ পাড়ায় পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। কিন্তু পাড়াটি এমন জায়গায় গড়ে তোলা হয়েছে যা প্রাকৃতিক ঝরনার পানির উৎস থেকেও ওপরে। ফলে এ পাড়ায় পানি সরবরাহ করা কঠিন। উখিয়া: উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা ও তেলখোলা এবং জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া ও মনখালী গ্রামের আড়াই হাজার আদিবাসী এবং উপজেলার রাজাপালং, রত্নাপালং, হলদিয়াপালং ইউনিয়নসহ শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানির চরম কষ্টে ভুগছেন। আদিবাসী ও শতাধিক গ্রামের প্রায় তিন হাজার অগভীর নলকূপ থেকে পানি না ওঠায় এগুলো বর্তমানে অকেজো হয়ে পড়েছে। তাঁদের আশপাশের খাল ও ছড়ার পানি ব্যবহার করতে হচ্ছে। সরেজমিনে আদিবাসী গ্রামগুলোতে গিয়ে জানা যায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা ও তেলখোলা চাকমাপাড়ায় ১৫০ পরিবার এবং জালিয়াপালং ইউনিয়নের মনখালী ও মাদারবনিয়া চাকমাপাড়ায় ২০০ আদিবাসী পরিবার বাস করে। এলাকাবাসী জানান, মুছারখোলা ও তেলখোলা এলাকায় দুটি করে চারটি অগভীর নলকূপ আছে। পাঁচ-সাত বছর আগে নলকূপগুলো বসানো হয়েছিল। তেলখোলার হেডম্যান লউক্ষ্য চাকমা (৫০) ও মুছাখোলার হেডম্যান বানু অংচাকমা (৫০) প্রথম আলোকে জানান, প্রত্যেকটি নলকূপে জং ধরেছে। বর্ষা মৌসুমে অনেকক্ষণ চাপাচাপি করে সামান্য পানি পাওয়া যায়। কিন্তু শুষ্ক মৌসুম শুরু হলে খাবার পানি নিয়ে চরম বেকায়দায় পড়েন লোকজন। গত নভেম্বরের শেষদিক থেকে এলাকার সাতটি নলকূপের একটিতেও পানি উঠছে না। ফলে লোকজনকে বাধ্য হয়ে তেলখোলা ও মুছাখোলার চাকমাপাড়ার আধা কিলোমিটার ছড়া থেকে মনখালী ও মাদারবনিয়া খাল থেকে ঘোলাটে অপরিষ্কার পানি পান করতে হচ্ছে। তেলখোলা সমাজ সর্দার বংছাউদো কারবারি (৮৫) ও সুবাচিং মাস্টার (৪৫) বলেন, গ্রামের লোকসংখ্যা অনুযায়ী নলকূপের সংখ্যা একেবারেই কম। প্রত্যেক গ্রামে আরও পাঁচ-ছয়টি করে ভালো নলকূপ দরকার। একই কথা বলেন মুছারখোলা হেডম্যান বানু অং চাকমা (৫০), মনখালীর মংচাজাই চাকমা (৭০) ও রমন চাকমা।রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের শাহ আলম (৩০) বলেন, তাঁর নলকূপসহ পুরো গ্রামের অধিকাংশ নলকূপ থেকে তিন-চার মাস যাবত পানি উঠছে না। গ্রামের গৃহবধূরা কয়েক কিলোমিটার দূরের থেকে একটি গভীর নলকূপ থেকে খাবার পানি সংগ্রহ করে আনছেন। উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোছাইন জানিয়েছেন, বোরো মৌসুমে সেচযন্ত্রের কারণে পানির স্তর একেবারে নিচে নেমে যায়। ফলে উখিয়ার সর্বত্র প্রায় তিন হাজারের মতো অগভীর নলকূপ থেকে পানি উঠছে না। এতে করে এলাকার মানুষ বিশেষ করে আদিবাসীরা পানির তীব্র সংকটে পড়েছেন। রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান শাহ কামাল চৌধুরী জানান, প্রতিবছর এ সময়ে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া দরকার। পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিবছর অসহায় দরিদ্র আদিবাসীরা পানীয়জল নিয়ে সংকটে পড়েন। চার গ্রামে চারটি গভীর নলকূপ বসালে স্থায়ী সমাধান হতো। কিন্তু এ ব্যাপারে কোনো অর্থবরাদ্দ না পাওয়ায় গভীর নলকূপ দেওয়া যাচ্ছে না। একই কথা জানালেন জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ গোলামুর রহমান প্রথম আলোকে বলেন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থবরাদ্দ পেলে পানীয়জলের সংকট দূর করার চেষ্টা চালাব। এ ছাড়া পানিসংকট সমাধানে উপজেলার অন্যান্য স্থানেও অন্তত কয়েকটি গ্রাম মিলে গভীর নলকূপ বসানো জরুরি হয়ে পড়েছে।