আহা, কী আনন্দ আকাশে-বাতাসে! আবার ঈদ আসছে। এত বড় যে এভারেস্ট, তারও একটা সীমা আছে, কিন্তু মানুষের মনে আনন্দের কোনো সীমা নেই। থাকবে কেন? ঈদ তো আর প্রতিদিন আসে না। ঈদের ভাবই আলাদা। ঈদ উপলক্ষে কত কিছু যে হবে, তার নাই ঠিক। চ্যানেলগুলো ঈদ উপলক্ষে আট-দশ দিনব্যাপী বিজ্ঞাপন প্রচার করবে। তবে আজকাল বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নাটকসহ অন্যান্য অনুষ্ঠান প্রচার করা হয়। এতে দর্শকদের বিজ্ঞাপন দেখায় বিঘ্ন সৃষ্টি হয়। দর্শক নিরবচ্ছিন্নভাবে বিজ্ঞাপন দেখতে পারে না, যা খুবই বেদনাদায়ক! তা ছাড়া ঈদে পত্রিকাগুলোও বের করবে বিশেষ ক্রোড়পত্র। এখানেও বিজ্ঞাপনগুলো ঠিকভাবে উপভোগ করতে পারবে না পাঠক। কারণ আর কী, দেশের ওপর দিয়ে যে রকম কর্কটক্রান্তি রেখা চলে গেছে, সে রকম বিজ্ঞাপনের মাঝখান দিয়ে চলে যায় নানা রকমের প্রবন্ধজাতীয় লেখা। আরে ভাই, কেউ কি লেখার জন্য পত্রিকা কেনে? পত্রিকা কেনে বিজ্ঞাপনগুলো দেখার জন্য। এই সহজ বিষয়টি কেউ বোঝে না। ঈদ উপলক্ষে কোথায় আরও নতুন নতুন বিজ্ঞাপন ছাপা হবে, তা না, মাঝখানে দিয়ে রাখে লেখা। কোনো মানে হয়! সে যা-ই হোক। ভূমিকা বেশ বড় হয়ে যাচ্ছে। মূল প্রসঙ্গে আসি। ঈদ এলেই অনেকের মনে পড়ে যায় বাংলা দ্বিতীয় পত্রের ‘গ্রামে ফিরে যাও’ রচনাটির কথা। অনেকেই ব্যাগ-স্যুটকেস গুছিয়ে ঢাকা ছেড়ে চলে যায় গ্রামে। খুবই ভালো কথা। প্রত্যেকেরই গ্রামে যাওয়া উচিত। কারণ, যত বেশি মানুষ গ্রামে যাবে, আমাদের দেশও তত বেশি সমৃদ্ধি লাভ করবে। যানবাহনের কথাই ধরুন। যেখানেই যান, আপনাকে প্রায় দ্বিগুণ ভাড়া দিতে হবে, যা আমাদের অর্থনীতির চাকাকে আরও বেগবান করবে। তা ছাড়া বিপুলসংখ্যক মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যাওয়ায় শহরের বিদ্যুৎ সাশ্রয় হবে। এই বিদ্যুৎ পরবর্তী বোরো মৌসুমে সেচের কাজে ব্যবহার করা যাবে। তা ছাড়া দেশের সড়কগুলোর যে অবস্থা, তাতে ওই সড়ক দিয়ে একবার গ্রামে যেতে পারলে কেউ আর ঢাকায় ফিরতে চাইবে না, গ্রামেই থেকে যাবে; এটাও বেশ মঙ্গলজনক। কারণ, জনসংখ্যার চাপে ঢাকার অবস্থা এমনিতেই বেশ নাজুক। তাই সরকারের উচিত, প্রতিটি সুনাগরিককে গ্রামে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা। আশা করি, এ ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। ঈদের কিন্তু খুব বেশি দিন বাকি নেই।