টেকনাফে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
গ্রামে শিক্ষার দৈন্যতা ঘুচাতে হবে সম্মিলিত প্রচেষ্টায়
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘গ্রামে শিক্ষার স্বল্প হারের জন্য গ্রামেরই শিক্ষিত সমাজ দায়ী। এ দৈন্যতা ঘুুুুচাতে হবে সবার সম্মিলিত প্রচেষ্টায়। প্রয়োজনে আড়ম্বরতা বাদ দিয়ে আপনাদের যা আছে তা নিয়ে এখনই শুরু করতে হবে পরিবর্তনের পথচলা।’ ২৭ মার্চ টেকনাফের হ্নীলায় স্থানীয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মঈন উদ্দিন আহমদের নামে মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গণিতবিদ মো. ফজলী হোসেন। তিনি বলেন, ‘মঈন উদ্দিন আহমেদ একজন সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ছিলেন। তাঁর আদর্শ সমুন্নত রাখতে হলে এ কলেজকে সংকীর্ণ দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে।’ স্থানীয় সাংসদ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কাতার প্রবাসী ব্যবসায়ী নুরুল মোস্তফা, উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, উখিয়া উপজেলা চেয়ারম্যান শাহ জালাল চৌধুরী, ৪২ ব্যাটেলিয়ান বর্ডার গার্ড-টেকনাফের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ, খন্দকার আরিফুল আলম, মমতাজ উদ্দিন আল কাদেরী, এইচ এম ইউনুস বাঙ্গালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিফ বিন ইকরাম, অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, ক্যাথি অং, আদিল উদ্দিন চৌধুরী, মংছালো চৌধুরী প্রমুখ।