কোকিলটা গাইছে ধারেকাছেই। সারি সারি গাছের কোন ডালে কালো কোকিলা, তা দেখার আগেই চোখ আটকে গেল ছোট্ট হ্রদে—মাছের লোভে এইমাত্র ডুব মেরেছে একটি মাছরাঙা। দক্ষিণে কয়েক কদম ফেলতেই আরও বিস্ময়! সবুজের বুকে ইট-কংক্রিটের সুদৃশ্য ভবন, চার পাশে বিশাল মাঠ। সেই মাঠে কাশফুলের বন্যা, দক্ষিণা হাওয়ায় নাচছে দামাল ছেলের মতো। কিন্তু এই গ্রীষ্মে শরতের কাশফুল কেন?প্রশ্নটা করতেই একচোট হেসে নিলেন নোটন প্রসাদ ঘোষ। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তিনি। তাঁর কথা—এগুলো কাশফুল নয়, কাশফুলের দূর সম্পর্কের কুটুম। বসন্তে এ রকম নাম না জানা অনেক ফুল ফোটে চন্দনাইশের ছবির মতো সুন্দর ক্যাম্পাসে। গাছে গাছে পাখি ডাকে। দাপিয়ে বেড়ায় দক্ষিণা হাওয়া। তারই মধ্যে চলে পড়াশোনা। গ্রাম-শহরের হাজারো শিক্ষার্থীর পদচারণায় সকাল থেকে দুপুর পর্যন্ত মুখর থাকে ক্যাম্পাস। এখানে রাজনীতি নেই, নেই দলাদলি। বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীর মধ্যে ৬০ ভাগই গ্রামের। তাঁদের জন্য আছে বিশেষ সুবিধা, টিউশন ফি ৩০ শতাংশ কম। ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশনের ডিন অধ্যাপক রণজিৎ কুমার চৌধুরী বললেন, ‘এটি একটি পরিপূর্ণ শিক্ষানিকেতন। বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়—তিনটিই আছে এখানে। একজন শিশু প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়তে পারে। আমরা তো এটিকে বাংলাদেশের শান্তিনিকেতন বলি।’ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার বললেন, ‘গ্রামের ছেলেরা যাতে ঘর থেকে ভাত খেয়ে ক্যাম্পাসে আসতে পারে, ক্লাস শেষ করে আবার মাঠে গিয়ে কাজ করতে পারে এ জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।’ কদিন পরেই বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বর্ষপূর্তি। বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। চলছে মহড়া। নাটকের নাম বাবার চার ছেলে। মেয়ের বাবা এসেছেন বন্ধুর বাড়িতে। উদ্দেশ্য বন্ধুর চার ছেলেকে দেখবেন এবং একজনকে পছন্দ করবেন। চাকরের মাধ্যমে প্রথমে ডাকলেন বড় ছেলেকে। এল মাইকেল। এসেই গান শুরু করল ‘ঝাকানাকা ঝাকানাকা...।’ নাচতে লাগল মাইকেল জ্যাকসনের মতো। এরপর মেজ ছেলে হিজু। সে মেয়েলি ভাষায় কথা বলল। নাচ দেখে মেয়ের বাবা জিজ্ঞেস করল ‘এ মেয়ে না ছেলে।’ তৃতীয় ছেলে ডন এল মুটোফোনে কথা বলতে বলতে, হুমকি দিল একজনকে। হুমকি দিল মেয়ের বাবাকেও—‘মেয়ে না দিলে চান্দি খাব।’ মেয়ের বাবা ভয় পেয়ে বললেন, ‘আমার মেয়ে তোমাকে অবশ্যই বিয়ে করবে। দরকার হলে আমিও বিয়ে করব।’ সবশেষে এল চার নম্বর ছেলে মোশাররফ। সে বিনয়ের সঙ্গে তার পড়াশোনা ও সমাজকর্মের বর্ণনা দিল। বিবিএ পাস করে গ্রামে গণশিক্ষা ও বয়স্কশিক্ষা চালু করেছে। ছোট ছেলেকেই মেয়ের বাবা পছন্দ করলেন। কিন্তু ছেলের বাপ এসে ঘটালেন বিপত্তি, বললেন—‘এই ছেলে তো পাগল...।’অপসংস্কৃতি থেকে তরুণদের দূরে রাখতে হবে—এটাই ছিল নাটকের বার্তা। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই এটি রচনা ও পরিচালনা করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাসের উদ্দিন, ইমরান সাদাত, ওমর ফারুক, রানা সাহা, মো. ওমর ফারুক, সাহাদাত হোসেন ও মো. সোহেল।নাটক দেখার পর বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুটিনাটি জানা গেল। ২০০৩ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ ১০০ একর জমির ওপর বিজিসি ট্রাস্ট স্কুল ও কলেজ, মেডিকেল কলেজ, ইব্রাহিম ইকবাল মেমোরিয়াল হাসপাতাল, মাওলানা মো. ইসহাক শিশুনিকেতন প্রতিষ্ঠা করেছেন। ছাত্রীদের জন্য আছে মাদার তেরেসা ছাত্রীনিবাস। সামনে বেগম ওসমান আরা কলেজ অব নার্সিং চালু হবে। সহকারী রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার বলেন, ‘বাংলাদেশের ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫০টি শহরকেন্দ্রিক। শুধু বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে।’ বর্তমানে বিবিএ, আইন, ইংরেজি, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি বিষয় চালু আছে। এখনো স্নাতক পর্যায়ে ক্লাস চলছে। জুলাই থেকে স্নাতকোত্তর কোর্স শুরু হবে। শহরের শিক্ষার্থীদের জন্য আছে ১৫-১৮টি বাস। গ্রামের শিক্ষার্থীদের বেশির ভাগ এসেছেন চন্দনাইশ, পটিয়া, বান্দরবান, কক্সবাজার, লোহাগাড়া থেকে। চন্দনাইশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়কে বেশি পছন্দ করেন।বিবিএ সপ্তম পর্বের আহাদুজ্জামান ফরহাদের বাড়ি গাছবাড়িয়ায়। তিনি বলেন, ‘আমি তো কোনো বিশ্ব্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিইনি। আমার ঘরের বিশ্ববিদ্যালয়ে পড়ার আনন্দই অন্য রকম।’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটক, রাস্তা ও চত্বরের নামকরণ করা হয়েছে কীর্তিমান মানুষের নামে। আছে রবীন্দ্র সরোবর, নজরুল মঞ্চ, বঙ্গবন্ধু ফ্রিডম স্কয়ার। ফ্রিডম স্কয়ারের দুই পাশের দেয়ালে পটিয়া-চন্দনাইশের কৃতী সন্তান আবদুল করিম সাহিত্যবিশারদ, যাত্রামোহন সেন, মনিরুজ্জামান ইসলামাবাদী, প্রিন্সিপাল আবুল কাশেম স্মরণচিহ্ন। কথা হয় ফার্মেসি বিভাগের শাহেদুর রহমান, দেবাশীষ চৌধুরী, মো. শাহাদাত হোসেন, মো. আকতার উদ্দিন, মো. আল আমিন, ফেরদৌসী কবির ও সানজিদার সঙ্গে। দেবাশীষ বললেন, বিশ্ববিদ্যালয় গ্রামে হলেও লেখাপড়ার মান গ্রামীণ নয়, বরং অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো। সানজিদা জানালেন, ‘সবচেয়ে বড় সুবিধা এখানকার পরিবেশ। ক্যাম্পাস এত বড় যে আমরা একে দ্বিতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলি।’তবে তাঁদের অভিযোগ পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই। তাদের মেডিকেলে গিয়ে ক্লাস করতে হয়। স্নাতকোত্তর ক্লাস চালু নিয়েও তাঁরা দুশ্চিন্তায় আছেন। তাঁরা জানান, সকাল আটটায় শহর থেকে বাস ছাড়ে আর দুপুর আড়াইটায় ক্যাম্পাস থেকে ছাড়ে। বাসায় পৌঁছতে কখনো পাঁচটা-ছয়টা বেজে যায়। এ নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই। বাসভ্রমণ তাঁদের কাছে বেশ উপভোগ্য।বাসের জন্য অপেক্ষা করছিলেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের পিংকি দত্ত, উম্মে সালমা আকতার ও রোকসানা আক্তার। তাঁরা জানালেন ‘৩৪ কিলোমিটার রাস্তা গান করতে করতেই শেষ হয়ে যায়।’ পিংকি বলেন, বৃষ্টির দিনে বা বাস যানজটে পড়লে সমস্যা হয়। ভবিষ্যতে কে কী করতে চান? সফটওয়্যার ফার্মে কাজ করতে চান পিংকি ও রোকসানা। গ্রাফিক্স ডিজাইনার হতে চান সালমা। সুযোগ পেলে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন বলেও জানান তাঁরা। রোকসানা বলেন, ‘যেখান থেকে শিখেছি সেখানে যদি কিছু দিতে পারি সেটা আমাদের সৌভাগ্য।’সহশিক্ষা কার্যক্রমও চলছে বেশ। সব বিভাগের ছাত্রছাত্রীরা মিলে পয়লা বৈশাখ, একুশে ফেব্রুয়ারি, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মা দিবস পালন করেন। নানা সমস্যা ও দাবি নিয়ে কথা বলার জন্য প্রতিটি বিভাগে আলাদা সংগঠন আছে। সংগঠনের সহসভাপতি সুমিত বিশ্বাস ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘কেউ অসুস্থ হলে মেডিকেলে চিকিৎসা নিতে পারি। ছাত্রদের হেলথকার্ড আছে যা দেখালে ৩০ শতাংশ ছাড় দেয়।’হর্ন বাজিয়ে শহরের উদ্দেশে ছুটছে বাস। বাস ধরার জন্য ছুটছিলেন আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। মো. রহমত উল্লাহ, বোরহান উদ্দিন, আয়েশা সিদ্দিকা, প্রশান্ত তালুকদার তবুও থমকে দাঁড়ান। জানিয়ে দেন আইনে পড়েন তাঁরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। নারী নির্যাতন বিষয়ে শোভনদণ্ডীর ১০০ পরিবারে জরিপ করেছেন তাঁরা। এই নির্যাতন প্রতিরোধে করণীয় নিয়ে কাজ করছেন তাঁরা। এবারের বিষয়টা একটু অন্য রকম, প্রেম ভালোবাসা। সম্মিলিত হাসির মধ্যেও একটি শব্দ বেশ শোনা গেল—‘ভাই আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা খুব কম। মন দেব কাকে, নেওয়ার মানুষ যে নেই!’