পাঁচ বছর পার হলেও কক্সবাজারের মহেশখালী উপজেলার মানুষ মুঠোফোনে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পায় না। কারণ, মুঠোফোন নম্বরটি গ্রামগঞ্জে প্রচার না করায় এ সেবা সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। ফলে, মুঠোফোনে স্বাস্থ্যসেবার কার্যক্রম চলছে নামমাত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সারা দেশের মতো ২০০৯ সালের ১ মে থেকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠোফোনে স্বাস্থ্যসেবার কার্যক্রম চালু করা হয়। আর নিয়মানুযায়ী চিকিৎসকদের রাত-দিন ২৪ ঘণ্টা ওই মুঠোফোনের মাধ্যমে জনগণকে জরুরি চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার কথা। এ ছাড়া নম্বরটি জনগুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন করার পাশাপাশি জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, মসজিদ, মন্দির, গির্জা, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, পরিবারকল্যাণকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিষদে মুঠোফোন নম্বরসহ পোস্টার সাঁটানো বা পরিচিতিফলক টাঙিয়ে এলাকায় প্রচারের ব্যবস্থা করার জন্য বলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে কোনো উদ্যোগ নেয়নি। আর দিনে কতজন রোগীকে মুঠোফোনের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে, তার জন্য একটি রেজিস্ট্রার খোলার নিয়ম থাকলেও তা খোলা হয়নি। ফলে, এ সম্পর্কে জানে না বেশির ভাগ মানুষ।
সম্প্রতি সরেজমিনে ঘুরে মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে মুঠোফোনে স্বাস্থ্যসেবার কার্যক্রম সম্পর্কে জনপ্রতিনিধি থেকে শুরু করে শিক্ষক ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কেউ অবগত নন। এমনকি ১২টি হাটবাজার, চারটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও আটটি কমিউনিটি ক্লিনিক ঘুরে সেই মুঠোফোন নম্বর-সংবলিত পোস্টার বা পরিচিতিফলক চোখে পড়েনি।
সোনাদিয়ার পশ্চিমপাড়ার বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, গত পাঁচ বছরেও স্বাস্থ্যসেবার মুঠোফোন নম্বরটি এলাকায় প্রচার করা হয়নি। এটি জানা থাকলে দ্বীপের মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা পেত।
ধলঘাটার মুহুরীঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন বলেন, ‘মুঠোফোনে স্বাস্থ্যসেবার কার্যক্রম সম্পর্কে আমরা কিছুই জানি না। জানলে অবশ্যই ওই নম্বরে কল করে সেবা নিতাম। কারণ, এই এলাকায় কোনো চিকিৎসক নেই।’
মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, ‘মুঠোফোনে স্বাস্থ্যসেবার সম্পর্কে লোকে মুখে শুনেছি। কিন্তু সেই নম্বরটি স্বাস্থ্যকেন্দ্রে টাঙানো হয়নি।’
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ ওই মুঠোফোন নম্বরটি আমাদের দেয়নি। আমরা জনপ্রতিনিধি হয়েও ওই নম্বরটি জানি না, সেখানে এলাকার লোকজন জানবে কীভাবে?’
গত ৩০ এপ্রিল বেলা তিনটায় স্বাস্থসেবার মুঠোফোন নম্বরে (০১৭৩০৩২৪৪৬৮) যোগাযোগ করলে কথা হয় চিকিৎসা কর্মকর্তা ঝুলন বড়ুয়ার সঙ্গে। তিনি জানান, ওই দিন সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত মুঠোফোনে স্বাস্থ্যসেবা নিতে দুজন ফোন করেন। তাঁদের মধ্যে একজন রোগী হাসপাতালে নিয়ে আসার ব্যাপারে পরামর্শ চান। আরেকজন শুধু প্রাথমিক চিকিৎসা নেন। তবে এসব রোগীর রেজিস্ট্রারে নাম লেখা হয় কি না জানতে চাইলে তিনি বলেন, মুঠোফোন রোগীদের জন্য কোনো রেজিস্ট্রার করা হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক বলেন, অনেক আগে পোস্টার আকারে নম্বরটি এলাকায় প্রচার করা হয়েছিল। কিন্তু বৃষ্টিতে ভিজে সেই পোস্টারগুলো এখন নষ্ট হয়ে গেছে। আর এলাকায় ও গ্রামেগঞ্জে নম্বরটি প্রচার করতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।