
ফেনীতে ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে আঞ্চলিক গণিত উৎসবে গ্রামের শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। অনেকে প্রথমবার এসেই সাফল্য পেয়েছে। আবার অনেকে টানা কয়েক বছর ধরে এই উৎসবে অংশ নিচ্ছে। মফস্বল এলাকার শিক্ষার্থীদের কাছে এই বিজয় অনেক বড় কিছু। ভবিষ্যতে এই অর্জনকে সামনে রেখে গণিতে আরও দক্ষ হতে চায় তারা।
১৬ জানুয়ারি ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত গণিত উৎসবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। আগের কয়েকটি আসরের তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা ছিল অনেক বেশি। উৎসবের জনপ্রিয়তা বাড়ার পেছনে গণিতের প্রতি ভালোবাসাকেই বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে গ্রামের শিক্ষার্থীরা। গণিতভীতি এভাবে কমতে থাকলে এর পরের আসরগুলোতে আরও বেশি শিক্ষার্থী আসবে বলে তারা মনে করে।
ফেনীতে অনুষ্ঠিত উৎসবে প্রাথমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে জেলার প্রত্যন্ত অঞ্চল দাগনভূঞা উপজেলার বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাধব ভৌমিক। জুনিয়র ক্যাটাগরিতে প্রথম রানারআপ হয়েছে সোনাগাজীর মোহাম্মদ ছাবের পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম। মাধ্যমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ছাগলনাইয়া একাডেমির শিক্ষার্থী আবরার আবদুল্লাহ দিয়াম। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় রানারআপ হয়েছে সাইফুল ইসলাম। ফেনী সরকারি কলেজের এই শিক্ষার্থী ছাগলনাইয়া শুভপুর ইউনিয়নের বল্লভপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে পাস করেছে।
প্রাথমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মাধব ভৌমিক জানায়, গণিত তার খুব প্রিয় বিষয়। বিদ্যালয়ের শিক্ষকরাও তাকে গণিত শেখায় সহযোগিতা করেছে। ভবিষ্যতে আরও বেশি গণিত চর্চা করবে সে। সে এবারই প্রথম গণিত উৎসবে যোগ দিয়েছিল।
জুনিয়র ক্যাটাগরিতে প্রথম রানারআপ সোনাগাজীর মোহাম্মদ ছাবের পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম জানায়, সোনাগাজী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় সে প্রথম গণিত উৎসবে অংশ নেয়। এ নিয়ে সে চারবার জাতীয় গণিত উৎসব ও প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। গণিতে তার ভয় কেটে গেছে।
মাধ্যমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ছাগলনাইয়া একাডেমির শিক্ষার্থী আবরার আবদুল্লাহ দিয়াম এ নিয়ে তিনবার গণিত উৎসবে এসেছে। গণিতের এই সাফল্য পড়াশোনায় তাকে অনেক বেশি আত্মবিশ্বাস জোগাবে বলে জানায় সে।
ফেনীতে বিজয়ী যারা: ফেনীতে এবার আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ী হয়েছে ৪৭ শিক্ষার্থী। প্রাথমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মাধব ভৌমিক, হোমাইরা আদিবা ও মারজান আকবর। প্রথম রানারআপ হয়েছে মেফতাউল জান্নাত, ধ্রুবজিৎ সরকার, অপরা মাহমুদ চৌধুরী ও এম এম আই তানিম ভূঞা। দ্বিতীয় রানারআপ হয়েছে তকি ইয়াসির, ইমতিয়াজ রহমান, ইরফান রহমান, ইশতিয়াক মাহমুদ ও আহনাফ এরিক। জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে আবরার জামিল, সাকিব ইয়াসির, মাহিন ফারদিন ও ইশরাত জাহান। প্রথম রানারআপ হয়েছে আজিজুল হক, উম্মে সালমা আক্তার, জহিরুল ইসলাম, নুসরাত জাহান ও রুদমিলা রুদাবা ইসলাম। দ্বিতীয় রানারআপ হয়েছে আজাহারুল ইসলাম, সুরাইয়া সুলতানা তাবাসসুম, নিশাত জামান নওরিন, মারিয়া নূর তামান্না, ইমতিয়াজ উদ্দিন ও মো. শাফায়েত কবীর।
মাধ্যমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে আবরার আবদুল্লাহ দিয়াম, মো. আরিফুল ইসলাম ও সাজ্জাদ হোসেন। প্রথম রানারআপ হয়েছে মো. ফাহিম ফরায়জি, মেহেদী হাসান ও আশিক ইলাহি। দ্বিতীয় রানারআপ হয়েছে সাজ্জাদ ইবনে হোসাইন, নাঈমুল হাসান, মাহমুদুল হাসান ও নাঈম আরেফিন।
উচ্চমাধ্যমিক চ্যাম্পিয়ন হয়েছে তাবাসসুম ইসলাম, কৃষ্ণ বণিক ও শাখাওয়াত হোসেন। প্রথম রানারআপ হয়েছে তাহামিদা ইসলাম, বিবি কুলসুম ও জাবেদ হোসাইন। দ্বিতীয় রানারআপ হয়েছে ফাতেমা আক্তার, উম্মে বতুল, সাইফুল ইসলাম ও রকিবুল হাসান।