
চট্টগ্রামে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রিহ্যাব আবাসন মেলা। এক ছাদের নিচে গ্রাহকেরা পাবেন আবাসন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে অর্থসংস্থানকারী সংস্থার খোঁজখবর। এবারের মেলা ও বর্তমান পরিস্থিতিতে আবাসন ব্যবসা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন মেলার আহ্বায়ক ইফতেখার হোসেন।
প্রথম আলো: আবাসন ব্যবসার বর্তমান অবস্থা কী?
ইফতেখার হোসেন: রাজনৈতিক অস্থিরতা আর নেই। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। এর ইতিবাচক প্রভাব পড়েছে আবাসন ব্যবসায়। ফ্ল্যাট কেনার জন্য গ্রাহকদের চাহিদা সৃষ্টি হচ্ছে। বাজারে গ্রাহক আসছেন। সব মিলিয়ে ব্যবসার অবস্থা অনেক ভালো। এই খাতে বিনিয়োগেরও এখন ভালো সময় চলছে।
প্রথম আলো: এই খাত নিয়ে গ্রাহকের আস্থাহীনতা আছে। এ নিয়ে আপনার অভিমত কী?
ইফতেখার হোসেন: বিষয়টি অস্বীকার করব না। তবে আমরা সবাই মিলে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে অনেক ইতিবাচক কাজ হয়েছে এই খাতে। গ্রাহকদের অভিযোগ তদন্তের জন্য রিহ্যাবের একটি কমিটি আছে। কমিটি গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার জন্য কাজ করে যাচ্ছে।
প্রথম আলো: ভবন নির্মাণে গুণগত দিকে কতটুকু গুরুত্ব দেন?
ইফতেখার হোসেন: ভবন নির্মাণে গুণগত ব্যাপারে আমরা জোর দিচ্ছি। গ্রাহকদের মানসম্পন্ন ফ্ল্যাট দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দিচ্ছি। যাতে কোনো ধরনের আস্থার সংকট সৃষ্টি না হয়, সেজন্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। এ ছাড়া গ্রাহকেরাও আগের তুলনায় অনেক বেশি সচেতন।
প্রথম আলো: এবারের মেলায় কী কী থাকছে?
ইফতেখার হোসেন: সাধারণত বছরের ডিসেম্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। তবে এবার পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। দেরিতে অনুষ্ঠিত হলেও মেলায় অনেক ভিন্নতা থাকবে। এক ছাদের নিচে থাকবে ভবন নির্মাণসংক্রান্ত সবকিছু। আবাসন কোম্পানিগুলো যেমন তাদের প্রকল্প উপস্থাপন করবে, তেমনি গ্রাহকদের সুবিধার জন্য রাখা হয়েছে ভবনের নির্মাণসামগ্রীর স্টল, অর্থসংস্থানকারী প্রতিষ্ঠানের স্টল। অর্থাৎ গ্রাহক ফ্ল্যাট কেনার জন্য প্রয়োজনীয় সব তথ্য মেলা থেকে পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া এবারের মেলায় প্রথমবারের মতো শিশুদের জন্য একটি দিন রাখা হয়েছে।
প্রথম আলো: মেলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অননুমোদিত প্রকল্প উপস্থাপন করলে কোনো ব্যবস্থা নেবেন?
ইফতেখার হোসেন: না, মেলায় কোনো অননুমোদিত প্রকল্প উপস্থাপন করতে দেওয়া হবে না। গতবার আমরা দুটি প্রতিষ্ঠানকে বহিষ্কার করেছিলাম। এবারও এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।