গ্রিক ট্রিলজির অনন্য রূপায়ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলেছে সাড়ে চার ঘণ্টার ট্রিলজি নাটক। তবু এতটুকু ছন্দপতন হয়নি। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকে পূর্ণ শিল্পকলার উন্মুক্ত প্রাঙ্গণ যেন জানান দিল ভালো নাটক হলে দর্শকখরা ঘুচবেই।

গ্রিক নাট্যকার সফোক্লিসের ইডিপাস, ইডিপাস অ্যাট কলোনাস এবং আন্তিগোনে এই মহাকাব্যিক ত্রয়ী ট্র্যাজেডির টানটান কাহিনি, অসীম দাশের নিপুণ নিদের্শনা ও ফেইমের কুশীলবদের অভিনয় এই তিনের যোগে একটা রুদ্ধশ্বাস প্রদর্শনী উপহার পেল দর্শক। গত শুক্রবার শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে হয়ে গেল ফেইম নাট্যকলা বিভাগের এই ট্রিলজির প্রদর্শনী।

সফোক্লিসের বিয়োগান্ত তিনটি উপ্যাখ্যান যেন নিয়তির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল দর্শককে। ইডিপাস নাটকে দেখা যায়, থিবস নগরের শাসক রাজা ইডিপাস দেবতাদের অভিশাপে নিজের অনিচ্ছায় পিতার হত্যাকারী ও মায়ের শয্যাসঙ্গী হন। তাঁর পিতা রাজা লাসও জানতেন দেবতার এই অমোঘ বাণীর কথা। তাই ভূমিষ্ঠ হওয়ার পর ছেলে ইডিপাসকে তিনি হত্যার উদ্যোগ নেন। এক মেষপালক তাঁকে হত্যার উদ্দেশ্যে সিথায়ন পর্বতে নিয়ে গিয়েও হত্যা করেন না। তুলে দেন আরেক দেশের মেষপালকের হাতে। শাপগ্রস্ত শিশুটিকে মেষপালক তুলে দেন কোরিন্থ নগরের নিঃসন্তান রাজা পলিবাসের হাতে।

রাজা পলিবাস ও রানি মেরোপির সন্তান হিসেবে বড় হয়ে ইডিপাসও শুনলেন সেই দৈববাণী। তিনি হবেন পিতার হত্যাকারী, মায়ের শয্যাসঙ্গী। এই দৈব এড়াতে কোরিন্থ ত্যাগ করে থিবসে আসেন যুবক ইডিপাস এবং সেখানে তাঁর হাতে খুন হন থিবসের রাজা লাস। নিয়তির কাছে এভাবেই পরাভূত হন ইডিপাস।

এর পরবর্তী আখ্যান ইডিপাস অ্যাট কলোনাসে দেখা যায়, ইডিপাসের দুই ছেলে এটিওক্লেস আর পলিনেসেসের ক্ষমতার দ্বন্দ্ব। পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারান তাঁর দুই পুত্র। কিন্তু আরও কিছু বাকি আছে।

আন্তিগোনে নাটকে তাই জানান দেয় নিয়তি। ইডিপাসের দুই সন্তানের মৃত্যুর পর থিবসের মুকুট পরেই রাজা ক্রেয়ন ঘোষণা করেন পলিনেসেসের শব কেউ কবর দিতে পারবে না। শকুন ও কুকুরে ছিঁড়ে খাবে তাঁকে। কিন্তু আন্তিগোনে এই আইন অমান্য করে সমাহিত করেন ভাইকে। এর ফলে জীবন্ত সমাহিত হতে হয় ইডিপাস-কন্যা আন্তিগোনেকে। তবে এর জন্য মূল্য দিতে হয় ক্রেয়নকেও। আন্তিগোনের প্রেমিক ক্রেয়নের ছেলে হ্যামনও আত্মহত্যা করেন শোক সইতে না পেরে।

ক্ষমতার দম্ভ, লোভ, উগ্র ইচ্ছা, জেদ—এসব কীভাবে মানুষকে ধ্বংসের কিনারায় নিয়ে যায় তারই বয়ান এই ত্রয়ী নাটক।

নাটকে ইডিপাস চরিত্রে মুবিদুর রহমান, তাইরেসিয়াস চরিত্রে শাহরিয়ার শিবলি, ক্রেয়ন চরিত্রে রুমেল বড়ুয়া ও আন্তিগোনে চরিত্রে পলি চৌধুরীর অভিনয় বহুদিন মনে থাকবে দর্শকের।

সৈয়দ আলী আহসান ও সুধাংশরঞ্জন ঘোষের অনুবাদে এই নাটকের পোশাক, মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা ও আবহ সংগীতে ছিলেন নির্দেশক অসীম দাশ।