খ্রিষ্টের জন্মের এক হাজার বছর আগে ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে ছিল শক্তিধর ও সম্পদশালী ট্রয় নগর। স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী হেলেন। ট্রয়ের যুবরাজ প্যারিস হেলেনকে ‘চুরি’ করে ট্রয় নগরে নিয়ে এলে শুরু হয় দীর্ঘস্থায়ী ট্রয় যুদ্ধ। সিমি ও প্রতেউস দ্বীপ দুটি গ্রিক পুরাণের ট্রয় যুদ্ধের সঙ্গে জড়িত বলেই হয়তো এর অন্য দ্বীপগুলো থেকে এই দুই দ্বীপের দিকে বাড়তি আকর্ষণ থাকে পর্যটকদের।রোডোস এলাকার ১২টি দ্বীপের মধ্যে রোডোসের পরই সিমি ও প্রতেউস দ্বীপ দুটি উল্লেখযোগ্য। গ্রিক পুরাণ বলে, রোডোসের ইয়ালিসের কন্যা ছিলেন সিমি এবং দ্বীপের প্রথম সন্তানের জন্মদাত্রী। তাঁর নামানুসারেই দ্বীপের নাম। বনভূমিসমৃদ্ধ সিমি দ্বীপের অধিবাসীরা ছিল জাহাজ নির্মাণশিল্পে পারদর্শী। ট্রয় যুদ্ধে এই দ্বীপ থেকেই পাঠানো হয়েছিল বিশাল তিনটি যুদ্ধজাহাজ। তের শ শতকে রোডোসের নাইটসরা দ্বীপের শাসনভার তুলে নিয়ে দুর্গ স্থাপন করেন। দ্বীপের প্রধান কাজ ছিল নাইটসদের জন্য জাহাজ তৈরি করা। ১৯৪৫ সালে সিমি গ্রিসের অধিকারভূক্ত হয়।রোডোস পোতাশ্রয় থেকে সিমির জাহাজ ছাড়ে সকাল ১০টায়।যেতে চাইলে এক দিন আগেই টিকিট কাটা ভালো। টিকিট দেখিয়ে বিশাল জাহাজের তিনতলায় গিয়ে উঠতেই ধীরে ধীরে জাহাজ পূর্ণ হয়ে গেল। প্রায় সবাই পর্যটক। অধিকাংশই স্ক্যান্ডিনেভিয়ান তরুণ-তরুণী। শীতের দেশের মানুষ গরমের উষ্ম ছোঁয়া পেতে রোডোসসহ সব দ্বীপকে বাঁচিয়ে রেখেছে। যেখানেই গিয়েছি, গ্রিক আর ইংরেজি ভাষাভাষীর চেয়ে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর ভাষা কানে এসেছে বেশি। রোডোসের জনসংখ্যা একলাখ হলেও দ্বীপজুড়ে তিন-চার লাখ লোকের আনাগোনা। এর অধিকাংশই স্ক্যান্ডিনেভিয়ান। এসব দ্বীপের ঐতিহাসিক নিদর্শন যতটুকু না আকর্ষণীয়, তার থেকে বেশি আকর্ষণীয় গ্রিক খাবার, উন্মুক্ত সমুদ্রসৈকত, অবাধ স্বাধীনতা, যা তরুণ-তরুণীদের আকর্ষণ করে বেশি। সিমিগামী জাহাজে কোলাহলের শেষ নেই। ঠিক সময়েই জাহাজ ছাড়ল। দৃষ্টিসীমানায় রোডোস মিলিয়ে যেতেই বিশাল একটি দ্বীপের কোল ঘেঁষে ছুটে চলে জাহাজ। দ্বীপের পাহাড়গুলো সাদা মাটির। রোডোসের মতো নয়। রোডোস অসংখ্য ছোট পাথর আর কোরালের তৈরি। সাদা পাহাড় দেখে অবাক হয়ে একজনকে প্রশ্ন করতেই ততোধিক অবাক হয়ে উত্তর দিলেন, ‘ওটা তো টার্কি। টার্কির মারমারিস দ্বীপ।’ তুরস্কের এত কাছ দিয়ে জাহাজ চলেছে, যেন সাঁতার দিয়েই ওপারে ওঠা যায়।সিমি জাহাজঘাটে নেমেই চোখে পড়ে ছোট পাথরের সেতু। সেতু পার হয়েই ওপারে যেতে হয়। এর পাশেই একটি ঘোড়ার গাড়ি। ওই গাড়িতে চড়ে সিমির দর্শনীয় স্থানগুলো ঘুরে-ফিরে দেখা যায়। অনেকে বাইক নিয়ে দ্বীপটি ঘুরে আসেন। ছোট দ্বীপটি ঘুরে আসতে এক ঘণ্টার বেশি লাগার কথা নয়। তবে পর্যটকেরা মূলত সিমির সিগ্ধ নীল জলে স্নান করতেই আসেন। দ্বীপজুড়ে বেশ কিছু দোকান। তার মধ্যে সাগর থেকে তোলা প্রবাল আর বিভিন্ন ধরনের স্পঞ্জের দোকানই বেশি। আদিকাল থেকে সিমি কোরাল আর স্পঞ্জের ব্যবসা করে আসছে। দামের দিক দিয়ে খুব যে সস্তা, তা বলা যাবে না। ছোট একটি স্পঞ্জের মূল্য পাঁচ ইউরোর নিচে নয়। কয়েকটি দোকান ঘুরে দেখতে দেখতেই বিরল কিছু রঙিন প্রবাল পাওয়া গেল। দোকানি জানান, গভীর সমুদ্র থেকে তুলে আনা ওগুলো। টেনিস বলের মতো রঙিন একটি প্রবালের মূল্য ৬০ ইউরো, তবে ৫০ ইউরোতেও দেওয়া যেতে পারে। একটি পাত্রে বেশ কিছু সি-হর্স। জলের ভেতর এগুলো ছুটে বেড়ায়। মুখটা ঘোড়ার মতো বলেই নাম সি-হর্স। বিভিন্ন শিল্পের পাশাপাশি চর্মশিল্পও সীমিতে প্রসার লাভ করেছে। বেশ বড় সাজানো-গোছানো চামড়ার দুটি দোকান জাহাজঘাটে। চামড়ার ব্যাগ, পোর্টফলিও, জুতা-স্যান্ডেল, পুরুষ ও মেয়েদের জ্যাকেট, বেল্ট, দস্তানা ইত্যাদি। এখানকার চর্মসামগ্রী পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। চামড়ার সামগ্রীর মূল্য সব দেশেই বেশি, তবে সরাসরি কেনায় আর মধ্যসত্ত্বভোগী না থাকায় মূল্য সাধ্যের ভেতরই পড়ে। এভাবেই যাচাই করতে করতে ৪০০ ইউরোয় একটি সুদৃশ্য ব্যাগ পাওয়া গেল। দোকানি জানান, এর মূল্য ৬০০ ইউরোর ওপর, সামার বলেই চর্মসামগ্রীর মূল্যহ্রাস চলছে। প্রশ্ন করলেন, নগদ দেব কি না? বর্তমান সময়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে গ্রিসীয় অর্থনীতি একটু দুর্বল হয়ে যাওয়ায় নগদ কেনাবেচায় প্রাধান্য, তবে মাস্টার কার্ড বা ভিসা কার্ড যে চলছে, না, তা নয়। দোকানিকে বললাম, ‘ট্রোজান যুদ্ধে তোমরা তিনটি যুদ্ধজাহাজ পাঠিয়ে সাহায্য করেছিলে আর আমাকে একটা ব্যাগ দিতে পারবে না, সে কী কথা?’ দোকানি হেসে বললেন, ‘ঠিক আছে তুমি কার্ডই দাও।’ সিমিতে কোনো বাঙালির দেখা পেলাম না। দুজন পাকিস্তানির খোঁজ পাওয়া গেল।সিমি দর্শন শেষে জাহাজ ছাড়ল আরও ছোট দ্বীপ প্রতেউসের উদ্দেশে।প্রতেউস দ্বীপের দর্শনীয় ও পূজনীয় স্থান পেনোরমিতিস মনাস্ট্রি বা মঠ। মঠ পরিদর্শনে প্রায় সবাই আসেন। সিমিবাসীদের জন্যও এটি এক পূজনীয় স্থান। মঠে যে কেউ ঢুকতে পারেন, তবে নারীদের গায়ে চাদর চাপিয়ে যেতে হয়। কারও সঙ্গে চাদর না থাকলে মঠবাসিনীরা চাদর দিয়ে সাহায্য করেন। আর মুসলিমদের যেতে হয় পেছনের বিশেষ একটি দরজা দিয়ে। মঠের ভেতরে ঢুকেই দর্শণার্থীদের চাপে বেরিয়ে আসতে হলো।প্রতেউস দ্বীপটি আয়তনে ছোট হলেও ঐতিহাসিক গুরুত্ব কম নয়। পুরাকালের গ্রিস সমুদ্রদেবতা প্রতেউস। দেবতার নামানুসারেই দ্বীপের নাম। ট্রয় যুদ্ধের কথা আজও সবার মনে দোলা দেয়। স্পার্টার স্বনামধন্য রাজা ও হেলেনের স্বামী মেনেলাউস এখানেই শত্রুকে বাঁধা দিয়েছিলেন। ট্রয় যুদ্ধে মেনেলাউস জয়ী হলেও হোমারের কাব্য ইলিয়ড ও অডিসি তাঁকে অমরত্ব দান করেছে।লিয়াকত হোসেন, স্টকহোম, সুইডেন[email protected]যাবার বেলায়গ্রিসের চতুর্থ বৃহৎ দ্বীপ রোডোস থেকে ছোট দ্বীপগুলোতে জলপথই একমাত্র যোগাযোগের পথ। রোডোসের কাছাকাছি সিমি ও প্রতেউস দ্বীপ। সকালে গিয়ে বিকেলেই ফেরা যায়। এ ছাড়া আকর্ষণ ছিল ভূমধ্যসাগরে নীল জলে বিহার ও ট্রয় যুদ্ধসংশ্লিষ্ট দ্বীপ দুটি পরিদর্শন। রোডোস থেকে সিমির দূরত্ব বেশি নয়, মাত্র ৪১ কিলোমিটার। তবে টার্কি পেনিনসুলা থেকে দূরত্ব আরও কম, মাত্র ১০ কিলোমিটার। দ্বীপটির আয়তন ৬৬ বর্গকিলোমিটার আর জনসংখ্যা আড়াই হাজার। রোডোস থেকে জলপথে দেড় ঘণ্টার পথ। সিমিতে যাত্রাবিরতি তিন ঘণ্টা। এই তিন ঘণ্টায় সিমিকে ভালো করে দেখে নিতে পারেন। ফেরার পথে প্রতেউস দ্বীপে এক ঘণ্টা যাত্রবিরতি। সারা দিন এভাবে কাটিয়ে সন্ধ্যায় ফেরা যায় রোডোসে।