গ্রিনরুমে কিছুক্ষণ...
‘আমারও পরান যাহা চায়’ গানের সঙ্গে প্রতিযোগী ডিজাইনারদের প্রাণের চাওয়া পূর্ণ করতে একে একে র্যাম্পে আসেন মডেলরা। ঝলমলে মঞ্চে নিজেদের পোশাক দেখে প্রতিযোগীদের মনও উচাটন। বুকের ভেতর প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচল। এবার মিলবে তো স্বীকৃতি। কথা, জাদু, গান ও নাচের ফাঁকে পোশাকের প্রদর্শনী। এ এক মহা আয়োজন।তবে এই পরিপাটি মঞ্চের পেছন কী ঘটছে? মডেলদের এই দেখা গেল এক পোশাকে তো, একটু পর আরেকটি পোশাক পরে ক্যাটওয়াক। কিন্তু এত দ্রুত কীভাবে সম্ভব! মঞ্চের পেছনে গ্রিনরুমে গিয়ে দেখা গেল, সেখানে চলছে আরেক মহাযজ্ঞ।মঞ্চ থেকে নেমেই মডেল রুমার তড়িঘড়ি, ‘মিথিলা, রাইসা...তাড়াতাড়ি করো! পরের কিউ সালোয়ার-কামিজ।’ তাড়াহুড়ায় মডেল ইমির তো চুড়িদারে পা আটকে গেছে। তিনি একটু বিরক্ত হয়েই বললেন, ‘সব তো চুড়িদার দিয়ে ভরাইয়া রাখছে।’ রুখসানা হীরা তখন তৈরি, শুধু জুতাটা পরে নিচ্ছেন। মিথিলার জামার পেছনেসেইপটিপিন আটকাতে হবে, কিন্তু কারও হাত তো খালি নেই। তিনি একটু ঝামেলাতেই পড়েন। কেউ কারও দিকে তাকানোর সময় কোথায়? এখনই আবার মঞ্চে যেতে হবে।এখান থেকে বের হয়ে আরেকটি গ্রিনরুমে দেখা গেল, ছেলেরা বেশ স্বস্তিতেই আছেন। কারণ, তাঁদের কিউ বেশি না। পাঞ্জাবি আর যুগল দুটো কিউ করেই কাজ শেষ। পাঞ্জাবি পরে বসে আছেন সবাই। এর মধ্যে ছিল একটি পাগড়ি। তা নিয়েই চলছে দুষ্টুমি। পাগড়িটি ঘুরে বেড়াচ্ছে একেকজনের মাথায়। একজন আবার নাচের দলের কাছ থেকে আয়না, চিরুনি এনে চুলটা ঠিকঠাক করলেন। ছোটদের কিচিরমিচির শুনে ওই দিকটায় গিয়ে দেখা যায়, জারিন খুশনুদ বারবার জুতা খুলে ফেলছে। তার মা বেশ বিপদেই আছেন ওকে নিয়ে। রিয়া ফিউশনের নীল জামার সঙ্গে চোখের পাশে এঁকেছে ময়ূরের পালক। অনেকের প্রশ্ন, কে সাজিয়ে দিয়েছে? রিয়ার ঝটপট উত্তর, ‘পারলার থেকে সেজে এসেছি।’ বাচ্চারা চুপচাপ বসে থাকলেও মায়েদের মধ্যে বেশ উত্তেজনা দেখা যায়। আবার আরেকটুভেতর দিকে শোনা যায় নাচের দলের ঘুঙুর, নূপুরও চুড়ির শব্দ। ভেতরে গিয়ে দেখা যায়, সেখানেও সবাই মহাব্যস্ত। প্রমা অবন্তীর কপাচূড়া (খোঁপার চূড়া) লাগিয়ে দিচ্ছিলেন নিবিড় দাশ। স্বপন বড়ুয়া হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে ছাত্রীকে নাচটা একটু মনে করিয়ে দিচ্ছিলেন। আরেক পাশেই আদিবাসী সাজে রঙিন হয়ে উঠেছে অনন্য বড়ুয়ার দল। বের হতেই চোখে পড়ে মেয়ে মডেলরা প্রস্তুত হয়ে মঞ্চের পেছনে দাঁড়িয়ে আছেন। এরপর আবার নাকি ২০ মিনিট বিরতি আছে। তাই সবাই একটু স্বস্তিতে আছেন। এখন চলছে পোশাক নিয়ে গবেষণা। মিথিলা বলে ওঠেন, ‘এই, তোর সালোয়ারটা মনে হয় ছোট হয়েছে।’ মডেল ইমির উত্তর, ‘এইগুলা একটু ছোটই পরে।’ আরেকজনের প্রশ্ন, ‘ইমি আপু, তুমি যেটা পরেছ সেটা কী?’ ইমি একটু দুষ্টুমি করে বলেন, ‘যা বানাতে চেয়েছিলাম সেটা মনে হয় পুরোপুরি হয়নি।’ সঙ্গে সঙ্গে হাসির রোল।