গ্রিসকে বাঁচাতে একজোট ইউরোপ
গ্রিসের অর্থনৈতিক দুর্দশায় শঙ্কিত হয়ে পড়েছিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশগুলোও। নিজের স্বার্থেই গ্রিসের সংকট মোকাবিলার জন্য উদ্যোগী হতে হয়েছে তাদের। এরই পরিপ্রেক্ষিতে গত কয়েক মাসের আলোচনা-পর্যালোচনার পর অর্থ সংকট কাটাতে গ্রিসকে একটি অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার ব্যাপারে ঘোষণা এসেছে গত রোববার।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইউরোপীয় নেতারা গ্রিসকে ১১ হাজার কোটি ইউরো ঋণ দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন। আগামী তিন বছরে এই অর্থ ছাড় করা হবে। তবে এর জন্য গ্রিসকে বড় ধরনের কৃচ্ছ্রতার নীতি গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন সে দেশের অর্থমন্ত্রী জর্জ পাপানদ্রু।এই আর্থিক প্রণোদনার আট হাজার কোটি ইউরোর সংস্থান করবে ইউরোপীয় ইউনিয়ন। বাকি অংশ দেবে আইএমএফ। ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি গ্রিসের জন্য এই তহবিলে সর্বোচ্চ অর্থ সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে। জার্মান অর্থমন্ত্রী ভোল্ফগ্যাঙ শোয়েবল জানান, এই সহায়তা তহবিলে বার্লিন ২২ হাজার ৪০০ কোটি ইউরো দেবে, যা মোট তহবিলের ২৮ শতাংশ। জনগণের করের টাকায় আরেক দেশকে বাঁচাতে এত পয়সা ঢালায় অনেক জার্মান নাগরিকের মধ্যে দেখা গেছে অসন্তোষ।ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, গ্রিসের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে এই অর্থনৈতিক সংকট কাটাতে ইইউ এবং আইএমএফের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওবামা। এ ছাড়া বিশাল ঋণের বোঝা থেকে মুক্তি পেতে অর্থনৈতিক পরিকল্পনায় ব্যাপক কাটছাঁট করার যে কর্মসূচি গ্রিস গ্রহণ করেছে, তারও প্রশংসা করেন তিনি।আর্থিক সংকট কাটাতে ব্যয় কমানোর এক বিশাল পরিকল্পনা নিয়েছে গ্রিস। বিপর্যয় কাটাতে কঠোর এই পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলেই দেশটির সরকারের বক্তব্য। সরকারি পরিকল্পনায় বিভিন্ন খাতে খরচ কমানো ছাড়াও কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন কমানোর বিষয়টিও রয়েছে এই পরিকল্পনায়। কাটছাঁটের পরিকল্পনায় জনগণ যে বিশেষ খুশি নয় তা এথেন্সসহ বিভিন্ন স্থানে নিয়মিত ঘটনায় পরিণত হওয়া বিক্ষোভ মিছিলই বলে দেয়। সারা দেশে এ জন্য ধর্মঘটও পালন করা হয়েছে। সাধারণ জনগণের বক্তব্য, তাদের কারণে দেশ এই অবস্থায় পড়েনি, এর জন্য দায়ী ধনীরা।বিশেষজ্ঞরা বলছেন, দেশটির অর্থনীতির এই দুর্দশার জন্য মূলত দায়ী তাদের অপরিণামদর্শী ব্যয়। ২০০১ সালে ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের একক মুদ্রা ইউরো গ্রহণ করার পর গ্রিসের অর্থনীতি চাঙা হয়ে ওঠে।’ কারণ ডলারের বিপরীতে শক্ত অবস্থানে চলে যায় ইউরো। অর্থনীতি চাঙা হয়ে ওঠায় জনগণের পাশাপাশি সরকারও অনেক বেশি ব্যয় করতে শুরু করে এবং এ জন্য তারা বড় অঙ্কের অর্থ ঋণ করে। ঋণ করতে গিয়ে পুঁজি বাজারে চড়া সুদে বন্ড ছাড়ে সরকার। আর এই অর্থের একটি বড় অংশ বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রের বন্ধকী ব্যবসা খাতে। পরে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হওয়ায় গ্রিস বিশাল ক্ষতির শিকার হয়, যা সামাল দেওয়ার প্রস্তুতি তাদের ছিল না।ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের নিয়ম অনুযায়ী বাজেট ঘাটতি তিন শতাংশের মধ্যে রাখার বাধ্যবাধকতা থাকলেও গ্রিসের বাজেট ঘাটতি গত অর্থবছরে সাড়ে ১৩ শতাংশ ছাড়িয়ে যায়।