গ্রীষ্মমণ্ডলীয় মানুষের আয়ু কম
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাসিন্দাদের আয়ু পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষের তুলনায় প্রায় আট বছর কম। গড় আয়ু সবচেয়ে বেশি বেড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের। বিশ্বজুড়ে পরিচালিত এক গবেষণায় পাওয়া এ তথ্য গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। ১২টি দেশের ১৩টি প্রতিষ্ঠান পরিচালিত ‘গ্রীষ্মমণ্ডলের অবস্থা’ শীর্ষক ওই গবেষণায় দেখা গেছে, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মানুষের গড় আয়ু ২০১০ সালে ছিল ৬৪ দশমিক ৪ বছর, যা অন্যান্য অঞ্চলের মানুষের তুলনায় ৭ দশমিক ৭ বছর কম। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সার্বিক মৃত্যুর কারণগুলোর মধ্যে রয়েছে অসুখ-বিসুখ, বিরোধ, দারিদ্র্য, খাদ্যনিরাপত্তার ঘাটতি প্রভৃতি। আর মানুষের গড় আয়ু নির্ভর করে স্বাস্থ্য, শিক্ষা, পানি সরবরাহ, পয়োব্যবস্থা ও চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ওপর। অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়ের (জেসিইউ) উদ্যোগে গবেষণাটি শুরু হয়েছিল। গবেষণা প্রতিবেদনটি আগামী বছর প্রকাশিত হবে। উন্নত দেশগুলোর মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সবচেয়ে বেশি ভূখণ্ড রয়েছে অস্ট্রেলিয়ার। জেসিইউর উপাচার্য সান্ড্রা হার্ডিং বলেন, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একজন বাসিন্দা দক্ষিণের একজনের তুলনায় আড়াই বছর আগেই মারা যান। ইউরোপ ও অ্যান্টার্কটিকা বাদে অপর তিন মহাদেশের ১৪৪টি দেশ সম্পূর্ণ অথবা আংশিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় এলাকাভুক্ত। ২০৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই অস্ট্রেলিয়া, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয় ও ওশেনিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করবে বলে ধারণা করা হচ্ছে। ওই অঞ্চলের গুরুত্ব ক্রমশ বাড়ছে। কারণ, বিশ্বের ৪০ শতাংশের বেশি মানুষ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাসিন্দা এবং সেখান থেকে বিশ্ব অর্থনীতির প্রায় ২০ শতাংশের জোগান আসে।আফ্রিকা মহাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রাপ্তবয়স্কদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। সেখানে প্রতি হাজারে ৩৭৭ জন ৬০ বছর পূর্ণ হওয়ার আগেই মারা যায়। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এ মৃত্যুহার প্রতি হাজারে ২৪০ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রতি হাজারে ১৫৪ জন। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মানুষের গড় আয়ু গত ৬০ বছরে বেড়েছে। ১৯৫০ সালের তুলনায় সেখানকার মানুষ এখন ২২.৮ বছর বেশি বাঁচে। সারা বিশ্বে ৬০ বছরে গড় আয়ু বেড়েছে ২০.২০ বছর। কেবল দক্ষিণ-পূর্ব এশিয়ায় গড় আয়ু বেড়েছে ২৬.৭০ বছর। শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রেও ওই অঞ্চলে বিশেষ সাফল্য এসেছে। এএফপি