গ্রীষ্মের আগেই পানির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তারুমপাড়া গ্রামের গৃহবধূ সুরবালা ত্রিপুরার (৩৫) ছয় সদস্যের পরিবারের প্রতিদিন ১৫–২০ কলসি পানি প্রয়োজন হয়। কিন্তু সবচেয়ে কাছের ঝরনায় যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। খুব ভোরে সন্তানদের সঙ্গে নিয়ে পানি আনতে চলে যান তিনি। দিনের ছয় থেকে সাত ঘণ্টা ব্যয় হয় পানি আনা-নেওয়ার কাজে।
শুধু তারুমপাড়ার সুরবালা ত্রিপুরা নন, সাজেকের ধাব আদামপাড়ার মায়াদেবী চাকমা (৩০), দাঁড়িপাড়ায় চম্পা চাকমা (২০) ও লংকর গ্রামের বিনয়া চাকমাসহ (৩২) শত শত নারীর একই অবস্থা। প্রতিদিন পানি সংগ্রহে সাত থেকে আট ঘণ্টা সময় ব্যয় হয় তাঁদের। সম্প্রতি সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে এই চিত্র দেখা গেছে। গরমের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ঝিরি–ঝরনার পানি শুকিয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাজেকসহ উপজেলার পাহাড়ি এলাকার পাঁচ শতাধিক গ্রামে ৫০ হাজার মানুষের বসবাস। এসব এলাকার বাসিন্দারা ঝিরি–ঝরনার পানি ব্যবহার করে জীবনযাপন করছেন। অব্যাহত গাছ কাটা ও বৃষ্টি কম হওয়ার ফলে পানির স্তর নিচে নেমে গেছে। এতে শুকিয়ে গেছে শত শত ঝিরি ও ছড়া। ফলে এ বছর শুষ্ক মৌসুমের শুরুতেই ওই সব গ্রামে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। সেখানে নলকূপ কিংবা রিংওয়েল বসানোর কোনো ব্যবস্থা নেই। অনেক গ্রামের বাসিন্দা তাঁদের গ্রাম থেকে দুই-তিন কিলোমিটার দূরে গিয়েও পানি পাচ্ছেন না। উঁচু পাহাড়ে নলকূপ বসানোর কোনো উপায় না থাকায় পানির জন্য হাহাকার বেড়েছে।
সাজেকের হগড়াহেজিং গ্রামের রত্ন কুমার চাকমা বলেন, আজ থেকে ১০ বছর আগে ছোট ছোট পাহাড়ি ছড়াগুলোতে সারা বছর পানি থাকত। অপরিকল্পিত জুম চাষ ও গাছ কাটার কারণে এখন পাহাড়ের জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। বর্ষাকাল ছাড়া বেশির ভাগ ঝিরি–ঝরনায় এখন আর পানি পাওয়া যায় না।
সাজেকের নয় নম্বর পাড়ার প্রফুলা ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিবারে প্রতিদিন কমপক্ষেÿ ১৫ কলসি পানির প্রয়োজন। বর্তমানে সেই পানি আমার একার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। সে জন্য আমার ছেলেমেয়েদের পানি সংগ্রহের জন্য কাজে লাগাতে হচ্ছে। আমাদের গ্রাম থেকে ৭০০ ফুট নিচে মাচালং ছড়া থেকে পানি আনতে হচ্ছে।’
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি প্রকল্পের অধীনে তিনটি গ্রামে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখন ছড়াগুলো শুকিয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের সামান্য বরাদ্দ দিয়ে বাকি গ্রামগুলোতে পানি সরবরাহ করা সম্ভব নয়। পাহাড়ি এলাকায় পানির ব্যবস্থা করতে গেলে বড় বাজেট প্রয়োজন বলে তিনি জানান।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুল রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ি এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। যেসব এলাকায় পানিসংকট চলছে, সেখানে আমাদের কিছু করার নেই। কারণ, আমাদের শুধু রিংওয়েল ও টিউবওয়েলের বরাদ্দ আছে।
উঁচু পাহাড়ে রিংওয়েল ও টিউবওয়েল স্থাপন করা সম্ভব নয়। সেখানকার মানুষ ঝরনা–ঝিরি থেকে পানি ব্যবহার করেন। সারা বছর পানি থাকে এমন ঝরনা থেকে বিশেষ ব্যবস্থায় পাইপের মাধ্যমে এসব এলাকার মানুষকে পানি সরবরাহ করতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, পাহাড়ি এলাকায় মূলত আদিবাসীরা বসবাস করেন। তাঁরা বংশ পরম্পরায় ঝরনার পানি ব্যবহার করছেন। সেখানে রিংওয়ের কিংবা টিউবওয়েল বসানো যায় না। বিশেষ পদ্ধতির মাধ্যমে পানি সরবরাহ করা ছাড়া তাঁদের পানির সমস্যা সমাধান হবে না। বন ধ্বংস হওয়ায় ছড়া ও ঝিরিগুলো পানিশূন্য হয়ে পড়েছে।