গ্রীষ্মের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমের মাসগুলোতে অফিসে কাজের চাপ কম।বিশেষ করে জুলাই মাসে। অনেক সময় নির্ধারিত সময়ের আগেই অফিস ছুটি হয়ে যায়। বেলা দেড়-দুইটায় অফিস থেকে বের হয়ে কিছু করার থাকে না। সূর্য ডোবে রাত ১০টায়। দীর্ঘ আলোকিত সময়। তাই অফিস শেষে হাঁটতে হাঁটতে পুরোনো শহরে চলে যাই। সাম্প্রতিক সময়ে পুরোনোর পাশাপাশি আধুনিকতার ছোঁয়া নিয়ে নতুন শহর গড়ে উঠেছে। পুরোনো স্টকহোম শহর এখনো ঐতিহ্যে ভরা। পুরোনো আর নতুন শহরের মাঝে সংসদ ভবন। ভবনটি একটি দ্বীপে। মেলার হ্রদের ওপর সেতু দিয়ে নতুন আর পুরাতন শহরের যোগসূত্র স্থাপন করা হয়েছে। পুরোনো শহরে রাজবাড়ী, আগেকার দিনে বৃহৎ কোনো স্থাপনার পাশেই শহর গড়ে উঠত। তাই রাজবাড়ীর পাশেই শহর। শহরের প্রধান চত্বরে একটি ঝরনা। এই চত্বরেই দুই দিনব্যাপী শহরের অভিজাত সম্প্রদায়ের ১০০ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। সে এক কালো ইতিহাস। তখন সুইডেনে ডেনমার্কের আধিপত্য। ১৫২০ সালে ডেনিস রাজা দ্বিতীয় ক্রিশ্চিয়ানের রাজ্যাভিষেক উপলক্ষে স্টকহোমে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ প্রতিনিধি, অভিজাত সম্প্রদায়, বিশিষ্ট জনগণ ও নগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়। দীর্ঘ তিন দিন উৎসব চলার পর অভিজাত সম্প্রদায় কথায় কথায় প্রচলিত ধর্ম মতের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন। গির্জার প্রধান ধর্মযাজক গুস্তাভ ট্রোল্লে তাদের অভিযুক্ত করলে আদালত দ্রুত তাদের মৃত্যুদণ্ড দেন। দণ্ডাদেশের পরদিন থেকে পুরোনো শহরের চত্বরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রক্তের স্রোত গড়িয়ে গড়িয়ে মেলার হ্রদের জল রাঙিয়ে দেয়। চত্বরের ওপরই নোবেল হাউস। এখান থেকেই প্রতি বছর নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। শহরের রাস্তাগুলো পাথরের। সরু অলি-গলি। অলি-গলির ভেতর রেস্তোরাঁ, দোকানপাট। তবে পরিষ্কার-পরিচ্ছন্ন। পাথরের পথ দিয়ে হেঁটে গেলে প্রতিধ্বনি হয়। নতুন শহরে যতই আধুনিকতা থাকুক, আভিজাত্যে ভরা পুরোনো শহর।শহরের স্বল্প পরিসর রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ।তাই শুধু পায়ে চলা। গ্রীষ্মে পর্যটক সমাগমে ভিড় বেড়ে যায়। রাস্তার পাশের দোকানগুলোয় উৎসুক ক্রেতার ভিড় লেগেই থাকে। পুরোনো শহরে বারবার ছুটে আসি। ছুটে আসি ভিড় দেখতে। লোকজনের কোলাহল, মুখ ভরা হাসি, আয়েশি পদক্ষেপ দেখতে ভালো লাগে। মাঝেমধ্যে রাস্তার এখানে ওখানে জটলা। রাস্তার পাশেই পাথরের ওপর কেউবা দোকান সাজিয়ে বসেছে। লাতিন আমেরিকান বংশীবাদকেরা বাঁশ দিয়ে বিশেষভাবে তৈরি জাম পোনা বাজিয়ে শ্রোতাদের আকর্ষণ করছেন। মাথায় তাঁদের রঙিন পালক পরা কালো টুপি। এখানে ওখানে গায়ে রং মাখিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে দু-একজন। চোখে পলক পড়ে না। সামনে পাথরের ওপর ফেলে রাখা টুপি বা পাত্র। পাত্রে পয়সা ফেললেই মূর্তির ধ্যান ভাঙে, নড়ে উঠে অভিবাদন জানায়। মা-বাবার হাত ধরে দাঁড়িয়ে থাকা শিশুরা অবাক হয়ে বড় বড় চোখে তাকায়। শিশুদের ফাঁকি দেওয়া যায় না, ধীরে বুঝতে পারে ওরা মূর্তি নয় মানুষ। গুটি গুটি পায়ে পয়সা নিয়ে এগিয়ে যায় শিশুরা। রাজবাড়ীর পাশেই একদল চাইনিজ পাথরের ওপর মাদুর পেতে যোগব্যায়ামের পদ্ধতি শেখাচ্ছে। ভিড় করে দাঁড়িয়ে অনেকে। ঝির ঝির মেলার লেকের হাওয়া বইছে। একজন বক্তা প্রতিবাদের সুরে জানিয়ে দিচ্ছেন চীন সরকারের বন্দী নির্যাতনের কথা। বন্দীদের জীবন্ত অবস্থায় শরীর থেকে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নিয়ে বাজারজাত করার কথা।সংসদ ভবনের পাশে সেতুর ওপর খোলা পায়ে বাদামি চামড়ার স্যান্ডেল, গলায় কাঠের মালা ও লাল স্ট্রাইপ করা কালো ঘাগড়া পরা এক মেয়ে ভায়োলিন বাজিয়ে গান গাইছে। ঘাগড়ার ওপর কালো টি-শাট। টি-শার্টে সাদা অক্ষরে ‘চিপ মানডে’ লেখা। ও লেখার মানে জানি না, মেয়েটিকেও জিজ্ঞেস করা হয়নি। সঙ্গী মেয়েটি ভবনের দেয়াল ধরে দাঁড়িয়ে। দুজনই সমবয়সী। ভায়োলিনের সুর করুণ নয়, শ্রুতিমধুর। সুরের সঙ্গে মিশে গেছে কণ্ঠ, ভায়োলিনের সঙ্গে ওঠানামা করছে। এরা ভিখিরি নয়, গ্রীষ্মের পাখি। জোট বেঁধে দেশ পর্যটনে বেরিয়েছে। এখানে আসি ভিড় দেখতে। আসি মানুষের টানে। বাঁশির টানে, ভায়োলিনের টানে। স্টকহোম, সুইডেন [email protected] বইয়ের পোকা: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পুঁই মাচা’।  ছবির ধাঁধা: লিওনেল মেসি।