গ্রীষ্মের পোশাকে
২৭ মে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দেশীদশ চত্বরে নগরদোলার আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গ্রীষ্মের ফ্যাশন শো’।নগরদোলা মডেল হান্ট ২০১১-এর সেরা ১৬ জন মডেলের চমৎকার উপস্থাপনায় পোশাকের নান্দনিকতা ফুটে উঠেছিল সেদিন। গ্রীষ্ম আর বর্ষা—এ দুই ঋতুকে থিম ধরে দুটি পর্বে ছিল এই উপস্থাপনা।গ্রীষ্মকালীন ফ্যাশনে স্থান পেয়েছে জামদানি শাড়ি, জামদানির তৈরি ফতুয়া, ফ্রক, কুর্তা; তাতে ভিন্ন মাত্রা যোগ করেছে ধুতি পাজামা।‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানের সঙ্গে ছিল ফতুয়া-ক্যাপ্রি, ধুতি-পাঞ্জাবি পরে যুগল পর্ব।এরপর কণ্ঠশিল্পী মিমির গান। তাঁর লাল পোশাকখানির কাট আর বৈচিত্র্যও কম ছিল না। এরপর ছিল বর্ষা নিয়ে ফ্যাশন শো। ‘মেঘের গায়ে নূপুর পায়ে’র সঙ্গে সবুজ-নীলের সালোয়ার-কামিজ আর ধুতি-পাঞ্জাবির বৈচিত্র্য। সঙ্গে ছিল সোনালি-রুপালি নাগরার বাহার।ছিল হলুদ, নীল, লাল ছাতার সঙ্গে বৃষ্টির রুমঝুম শব্দ। আলোক আর সুরের ছন্দে বৃষ্টির শব্দ সত্যিই যেন নামিয়ে ফেলেছিল বর্ষা। এরপর ছিল তপুর কণ্ঠে গান—‘এক পায়ে নূপুর’। কথা হলো নগরদোলার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী আফজালের সঙ্গে। ‘নগরদোলা তিন মাস ধরে মডেল হান্ট ২০১১-এর মাধ্যমে এক হাজার ৮০০ মডেল থেকে বিভিন্ন ধাপে ১৫ জনকে তুলে এনেছে। নগরদোলা সব সময় চায়, তরুণ প্রজন্ম সুন্দর একটি কাজের ক্ষেত্র পাক। তাই গ্রীষ্ম ও বর্ষাকালের পোশাকের একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে।’ফ্যাশন শোটির কোরিওগ্রাফি করেন মডেল রুমা। জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন-সচেতন অনেকে।