গ্রীষ্মের ফুলেরা
ঘরের বাইরে আজ পা রাখছেন কি? গৎবাঁধা ধূসর জীবনের নিত্যকার অভ্যাসবশত নয়, একটু ভাবালুতার বশে আজ কদম ফেলুন না চৌকাঠের বাইরে। অথবা, তপ্ত দুপুরে ভেজা চুল শুকানোর ছলে একটিবার এসে দাঁড়ান জানালার গরাদের পাশে। চোখ মেলুন দিগন্তে। দেখুন না, আগুনঝরা গ্রীষ্ম তার নজরকাড়া ফুলের কী অসাধারণ পসরাটাই না সাজিয়েছে! কৃষ্ণচূড়া, সোনালু থেকে শুরু করে মালতীলতা, টগর, চাঁপা—সব, সব আপনার জন্য।প্রকৃতিবিদ মৃত্যুঞ্জয় রায় বলছিলেন, ‘গ্রীষ্মের ফুলগুলো ঠিক যেন গ্রীষ্মেরই মতো। নিজ বৈশিষ্ট্যে ও রঙে সমুজ্জ্বল। গ্রীষ্মের ফুলগুলোর নাম যেন এক একটি কবিতা। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, কনকচূড়া, অঞ্জন, পাখিফুল, মালতীলতা, টগর, গন্ধরাজ, শ্বেতরঙ্গন, স্বর্ণচাঁপা, কাঁঠালচাঁপা কিংবা সূর্যমুখী। সব ফুলের নাম বলে তো শেষ করাই যাবে না, গুনেও শেষ হবে না ফুলের পরিমাণ।’গাছের উঁচু শাখায় এত অজস্র ফোটে, কখনো বা পাতাই দেখা যায় না। কৃষ্ণচূড়ার কথাই ধরুন না। গাছের মাথায় টোপর যেন। পাঁচটি লাল পাপড়ির মধ্যে একটির রং হালকা, তার বুকে লাল রঙের ছিটে। যেন কোনো শিল্পীর কল্পনা। ঢাকার চন্দ্রিমা উদ্যানে কৃষ্ণচূড়ার পাশেই চোখে পড়বে লাল সোনালুর কত গাছ। সাদা আর গোলাপি মেশানো এ ফুলের রং লাল সোনালু কেন হলো, তা কোনো কবিই ভালো জানবেন। চন্দিমা উদ্যানের লাল ইটের পথে ঝুরঝুর ঝরছেই। সোনালু ফুলের কথা তো বাদ দেওয়া যাবে না। সোনাইল নামে ডাকেন কেউ। অনেকে বলেন সোনাঝুরি। সোনালু ফুল তো একটি ফুল নয়, অনেকগুলো হলদে ফুলের একটি থোকা। ঠিক যেন কিশোরীর কানে দুলতে থাকা ঢলোঢলো ঝুমকা। লাল-হলুদের ভিড়েও যে ফুলটি আপনাকে কাছে টানবে, সে জারুল। বেগুনির স্নিগ্ধতা তার অঙ্গে। পাপড়িগুলোতে একটু ভাঁজ তোলা, যেন রাজকন্যার আঁচলের কাজ। এ ফুলের ধরনই আলাদা। ঠিক যেমন গ্রীষ্মে চাঁপার বাহার। সোনার তবক মোড়া স্বর্ণচাপা কি লজ্জারাঙা, গোলাপি আভার কাঁঠালচাঁপা, গ্রীষ্মের একান্ত সম্পত্তি। কাঁঠালচাপা তো আছেই। এলোমেলো কালো চুলের খোঁপার পাশে একটি চাঁপার ফুল। আর কী লাগে প্রিয়জনের মন কাড়তে?গ্রীষ্মের ফুলের রূপ দেখবেন শুধু দিনের বেলায়? পূর্ণিমার রাতে যখন আপনার চোখে স্বপ্ন আনবে, তাতে রং ঢালবে ওই শ্বেতরঙ্গন আর গন্ধরাজের সুবাস। আকাশের তারার ঝকমকি দেখবেন যেন টগরের ডালে। মালতীলতা দুলে উঠবে নিশিজাগা পাখির ডানার বাতাসে। এমন কোনো রাতেই বুঝি কবিগুরু লিখেছিলেন, ‘ওই মালতীলতা দোলে, পিয়ালতরুর কোলে।’থাক ওসব কথা। চলুন, আজ ঘর ছেড়ে বের হই। পথের পাশে পড়ে থাকা একটি কৃষ্ণচূড়া গুঁজে নেব খোলা চুলে। সোনালুর একটি থোকা ঝুলিয়ে নেব হাতে। কপালে থাকবে কৃষ্ণচূড়ার মতো লাল বড় টিপ। চোখে বৈশাখী মেঘের মতো কালো কাজল। চলুন, আজ গ্রীষ্মের রঙে সাজি।