বৌদ্ধমন্দিরে হামলার ঘটনার পর বর্তমান সময়ে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও কক্সবাজারের উখিয়ায় চলছে গ্রেপ্তার আতঙ্ক। গ্রেপ্তার এড়াতে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহজালাল চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ দুই দলের অর্ধশতাধিক নেতা-কর্মী এখন ঘরছাড়া। ঘরছাড়া হয়েছেন বিভিন্ন গ্রামের আরও প্রায় ১৫ হাজার পুরুষ। উখিয়া ও টেকনাফের মন্দির ও বসতিতে হামলার ঘটনায় দায়ের করা মামলা তদারকির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (কুমিল্লা) মো. জাহাঙ্গীর হোসেন জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় আটটি মামলায় উখিয়ার এজাহারভুক্ত আসামি রয়েছেন ১৬৯ জন। অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও পাঁচ হাজার ৫৬৩ জন। এ পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তালিকাভুক্ত আসামি ১৯ জন। মন্দির ও বসতিতে হামলার ঘটনায় রোহিঙ্গাদের পাশাপাশি বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানান জাহাঙ্গীর হোসেন। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ঘটনার শিকার মন্দিরের দায়িত্বপ্রাপ্ত লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন মামলায় এজাহারভুক্ত নেতা-কর্মী ছাড়াও সাড়ে পাঁচ হাজারের বেশি লোককে অজ্ঞাতনামা আসামি করায় মিছিল-সমাবেশে অংশগ্রহণকারী সাধারণ লোকজনের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নাম বলে দিতে পারে এবং যে কেউ যেকোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারেন এ আশঙ্কায় অনেকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে পাঁচ হাজারের বেশি লোক অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ থাকায় অনেকে হয়রানির শিকার হওয়া কিংবা প্রকৃত অপরাধী আড়ালে থেকে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।মরিচ্যাবাজারের ব্যবসায়ী বাবুল বড়ুয়া (৫০) ক্ষোভের সঙ্গে বলেন, মন্দিরে হামলার আগে কার নেতৃত্বে মিছিল মিটিং হয়েছে, কারা মন্দিরে অগ্নিসংযোগ করেছে তা এলাকার সবাই জানে। কিন্তু তার পরও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। এখন মন্দির ও বসতিতে হামলার ঘটনা নিয়ে চলছে রাজনীতি। ফলে হামলার ঘটনায় জড়িত অনেকে পার পেয়ে যাচ্ছেন।পশ্চিম মরিচ্যা দীপাংকুর বৌদ্ধমন্দিরের ভিক্ষু বিমল জ্যোতি মহাথেরো বলেন, ‘পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার এই মন্দির পরিদর্শনে এসে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আমাদের অভয় দিয়ে গেছেন। তবে আমরা নিরাপত্তা পেলেও মনের ভেতরের আতঙ্ক দূর করতে পারছি না।’ একই কথা বললেন স্থানীয় নির্মল বড়ুয়া, মুক্তাবালা বড়ুয়া, রূপসী বড়ুয়া ও কলেজছাত্র তুষার বড়ুয়া। নাম প্রকাশে অনিচ্ছুক বৌদ্ধসম্প্রদায়ের স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, মন্দির পোড়ানো মামলায় অভিযুক্ত অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। এখন তাঁরা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এই মন্দির পোড়ানো মামলায় প্রধান আসামি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের নেতা শাহজালাল চৌধুরীও মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। উখিয়া উপজেলা বৌদ্ধ সর্বজনীন উন্নয়ন কমিটির আহ্বায়ক প্লাবন বড়ুয়া বলেন, ‘মন্দির ও বসতিতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের তালিকা আমরা পুলিশকে দিয়েছি। কিন্তু অধিকাংশ অপরাধী ধরাছোঁয়ার বাইরে।’ রাজাপালং জাদি বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুণ বড়ুয়া বলেন, ‘এই মন্দির হামলার ঘটনায় সাত প্রভাবশালীসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কারণ এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ-সমর্থক লোকজন।’ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, পশ্চিম মরিচ্যা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় রোহিঙ্গা কামালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় পাঁচ প্রভাবশালীর ইন্ধন রয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। এই হামলায় জড়িত প্রধান আসামি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজালাল চৌধুরী আত্মগোপনে থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। ওসি বলেন, একই দিন রাত সাড়ে আটটার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রায় তিন হাজার লোক পশ্চিম রত্না সুদর্শন বিহারে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। এ নিয়ে মামলার আসামি বিএনপির দুই নেতাও বর্তমানে পলাতক। এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও শাহজালাল চৌধুরী ও সরওয়ার জাহান চৌধুরীর (দুই সহোদর) বক্তব্য পাওয়া যায়নি। দুইজনের মুঠোফোন বন্ধ রয়েছে। তবে তাঁদের বড় ভাই সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বলেন, ‘উখিয়ায় মন্দির পোড়ানো মামলায় আমার পরিবারের লোকজনকে আসামি করে ঘরছাড়া করা হয়েছে। যদিও তাঁরা এ ঘটনায় জড়িত নন।’ তিনি মামলা দিয়ে নিরীহ লোকজনকে ঘরছাড়া করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে এর নিন্দা জানান। শাহজাহান চৌধুরী মন্দিরে হামলার ঘটনার দায়দায়িত্ব স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাংসদকেই (আবদুর রহমান বদি) নিতে হবে বলে মন্তব্য করেন। এই প্রসঙ্গে সাংসদ আবদুর রহমান বলেন, ‘উখিয়ায় যেসব মন্দির পুড়েছে সবকটি শাহজাহান চৌধুরীর বাড়ির আশপাশে। মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গিদের ব্যবহার করে জামায়াত-বিএনপি উখিয়ার মন্দিরে হামলা চালিয়েছে। আমার টেকনাফ পৌরসভায় কোনো মন্দিরে অগ্নিসংযোগ করা হয়নি।’