ব্যবসায়ী খুনের জের ধরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের মাতারবাড়ীপাড়ার পুরুষেরা। সন্ধ্যা হলেই তাঁরা ঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছেন। আবার অনেকে ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন। গত বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে এই চিত্র পাওয়া যায়।
২০ আগস্ট চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন।
স্থানীয় ও থানা সূত্র জানায়, ১৮ আগস্ট সকালে তিন নম্বর ব্লক এলাকার একটি চিংড়ি প্রকল্প থেকে মাতারবাড়ীপাড়ার বাসিন্দা রফিক আহমদের (৪৮) লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন ও নিহত রফিকের আত্মীয়স্বজন। এরপর স্থানীয় কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়। ওই সময় পর্যন্ত রফিকের মৃত্যুকে স্বাভাবিক হিসেবেই ধরে নিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু পরদিন ১৯ আগস্ট বাড়ির পাশের আজবাহার (৫০) নামের এক নারীকে ঘিরে ঘটনা মোড় নেয় অন্য দিকে। অভিযোগ তোলা হয়, ব্যবসায়িক অংশীদারের বিরোধে রফিককে খুন করা হয়েছে। এরপর গ্রামের উত্তেজিত লোকজন অংশীদারদের (শতাধিক ব্যবসায়ীর সিন্ডিকেট) কার্যালয়টি ভাঙচুর করে আবদুল আজিজ (৪৫) নামের এক অংশীদারকে ধরে এনে বেঁধে রাখেন। গ্রামবাসীর হাতে আটক দুজনকে ছাড়িয়ে নিতে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মাতারবাড়ীপাড়ায় গেলে লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের তিন সদস্য আহত হন। পরে চকরিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে গ্রামবাসীর হাতে আটক দুজনকে ছাড়িয়ে নেয় ও হামলার কবল থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
আট নম্বর ওয়ার্ডের (মাতারবাড়ীপাড়া) ইউপি সদস্য মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হওয়ায় সবাই আতঙ্কে আছেন। তদন্ত করে মামলায় সুনির্দিষ্ট আসামি দিলে সবার জন্য ভালো হতো। এখন পাড়ায় পুরুষই আছে চার থেকে পাঁচ শ। সেখানে চার শ আসামি করা হয়েছে।’
গৃহবধূ মুন্তে হারা বেগম বলেন, ‘প্রায় প্রতিদিন রাতে পুলিশ বাড়িঘরে হানা দিচ্ছে। বাড়ির পুরুষ সদস্যরা কোথায় আছেন এ বিষয়ে নারীদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছেন।’
বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘অজ্ঞাত আসামি হওয়ায় পুলিশ যে কাউকে ধরতে পারে। আবার ঘটনার সঙ্গে জড়িত না হয়েও অনেকে গ্রেপ্তার হতে পারেন। এ আশঙ্কায় রাত হলেই গ্রামের পুরুষেরা ঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন।’
এ ব্যাপারে কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম বলেন, অজ্ঞাত চার শ জনের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত নয় এমন কাউকে ধরবে না। তাঁরা নির্ভয়ে ঘরে থাকতে পারবেন। তবে হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে ২১ আগস্ট ব্যবসায়ী রফিক আহমদকে খুনের ঘটনায় তাঁর ভাই ওয়ায়েজ উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আজবাহার, আবদুল আজিজসহ চারজনকে আসামি করা হয়। তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী ওয়ায়েজ উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধারের পর দাফনের আগে গোসল দেওয়ার সময় আমার ভাইয়ের (রফিক আহমদ) শরীরের দুই স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। ব্যাপারটি আমরা তখন আমলে নিইনি। পরে আজবাহারের কথায় সন্দেহ হলে খুনের ঘটনা খোলাসা হয়।’
এ ব্যাপারে আবদুল আজিজের বড় ছেলে সাদ্দাম হোসেন বলেন, ‘বদরখালী বাজারে ব্যবসায়ীদের বড় সিন্ডিকেট রয়েছে। রফিক আহমদের সঙ্গে সিন্ডিকেটের লোকজনের সঙ্গে বিরোধ ছিল। এর জের ধরে খুনের ঘটনায় আমার বাবাকে ফাঁসানো হয়েছে।’
এদিকে আজবাহারের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের কেউ ঘরেও নেই।