গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চিহ্নিত পাচারকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযানের মুখে চিহ্নিত মানব পাচারকারীরা আত্মগোপনে চলে গেছেন। মাস খানেক আগেও এলাকা দাপিয়ে বেড়ানো এই পাচারকারীদের কাউকে এখন দেখা যাচ্ছে না। তাঁদের বেশির ভাগ মিয়ানমার ও মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। মূলত চার পাচারকারী বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপে এই তথ্য জানা গেছে।
মানব পাচারকারী চক্রের অন্যতম প্রভাবশালী সদস্য টেকনাফের শাহপরীর দ্বীপের ধলু হোসেন ওরফে ধলু মাঝি (৫৫), কাঁটাবনিয়ার জাহাঙ্গীর আলম (৩০) ও হারিয়াখালীর জাফর আলম (২৫) ৮ মে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। দুই দিন পর ১০ মে ভোররাতে উখিয়ার সোনারপাড়া-সংলগ্ন ঝাউবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন আরেক পাচারকারী জাফর আলম মাঝি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ জানান, নিহত ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মানব পাচারকারী। তাঁদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মানব পাচারের একাধিক মামলা রয়েছে। ধলু হোসেন গত চার বছরে পাঁচ হাজারের বেশি মানুষকে প্রলোভন দেখিয়ে পাচার করেছেন। তাঁর রয়েছে জলদস্যু বাহিনী। এই বাহিনীর সদস্যরা উপকূলে ট্রলার-ডাকাতি, ইয়াবা ও মানব পাচারের মতো ভয়াবহ অপরাধ করে আসছিল। এর আগে সাগরে ডাকাতি করতে গিয়ে ধলু হোসেনের বড় ভাই নূর মোহাম্মদ, ছোট ভাই নবী হোসেন ও ভগ্নিপতি মো. ফারুক মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে নিহত হন। ধলুর আরও দুই ভাই নুর হোসেন ও মো. ইউনুচ এবং তাঁর ছেলে বেলাল (বর্তমানের কারাগারে) তাঁর দলের সক্রিয় সদস্য। তিনি আরও জানান, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জাহাঙ্গীর আলম, জাফর আলম ও জাফর মাঝি শীর্ষ মানব পাচারকারী। তাঁদের রয়েছে বিশাল নেটওয়ার্ক, সম্পর্ক রয়েছে এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে।
পুলিশ সূত্র জানায়, টেকনাফের পাচারকারীদের মধ্যে অন্যতম লেদা রোহিঙ্গা ক্যাম্পের নূর হোছন, মো. নাগু, নাজিরপাড়ার কামাল, কুতুপালং শরণার্থী ক্যাম্পের দিল মোহাম্মদ, মো. ফারুক, জোবাইর হোসেন, শাপলাপুর পুরানপাড়ার আশিক উল্লাহ, শহীদুল্লাহ, শাহপরীর দ্বীপের বাজারপাড়ার মো. ইউনুছ, মিস্ত্রিপাড়ার সেলিম, এনায়েত উল্লাহ, মো. ফিরোজ, আবু তাহের, ডাঙ্গারপাড়ার মো. হাসিম, দেলোয়ার হোসেন, মাঝরপাড়ার সাহাব মিয়া, দক্ষিণপাড়ার নুর হাকিম, আমিন উল্লাহ, বাজারপাড়ার মো. ইসমাইল, সাবরাং কচুবনিয়ার নজির আহমদ, আবদুল হামিদ ও মো. ইসলাম। মানব পাচারের দায়ে তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় রয়েছে একাধিক মামলা।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান জানান, দুই সপ্তাহ ধরে মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের এখন আর এলাকায় দেখা যাচ্ছে না। গ্রেপ্তার এড়াতে তাঁরা এখন এলাকাছাড়া। ভয়ে পাচারকারী চক্রের অনেকে মিয়ানমার ও মালয়েশিয়ায় পাড়ি দিয়েছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, মানব পাচারকারীদের ধরতে অভিযান চলছে। ইতিমধ্যে অভিযানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে টেকনাফ ও উখিয়ায় চারজন শীর্ষ মানব পাচারকারী নিহত হয়েছেন। পুলিশ গত দুই সপ্তাহে ১৭ জন দালালকে গ্রেপ্তার করেছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।