গ্রেপ্তার হয়ে আলোচনায় শাহজাহান চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর নতুন করে রাজনীতির আলোচনায় উঠে এসেছেন সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। ২০০৯ সাল থেকে দলীয়ভাবেই তিনি চরমভাবে কোণঠাসা হয়ে রয়েছেন। চট্টগ্রাম মহানগর কিংবা দক্ষিণ জেলায় দলীয় কার্যক্রমে দুই বছর ধরে তাঁকে সক্রিয় হতে দেয়নি জামায়াত। তবে গ্রেপ্তার হওয়ার পর নতুন করে দলীয় নেতা-কর্মীদের সহানুভূতি পাচ্ছেন তিনি। গত বুধবার ঢাকার হাইকোর্ট এলাকা থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশ। ওই দিন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাতকানিয়ার সাংসদ আ ন ম শামসুল ইসলাম ও শাহজাহান চৌধুরী জামিন নেওয়ার জন্য উচ্চ আদালতে যান। নগরের মুরাদপুরে গত ১৯ সেপ্টেম্বর পুলিশের ওপর জামায়াত-শিবিরের কর্মীদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের আসামি করা হয়। ওই হামলায় পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান মাথায় গুরুতর আঘাত পান। এ মামলায় ইতিমধ্যে বদিউর রহমান নামের এক শিবিরকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলার মামলায় উচ্চ আদালতে শামসুল ইসলামের জামিন হলেও শাহজাহান চৌধুরী জামিন পাননি। ফেরার পথে গ্রেপ্তার হন তিনি। জানা গেছে, শাহজাহান চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর নতুন করে দলীয় নেতা-কর্মীদের সহানুভূতি পাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় নেতা প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত নয়, সাংগঠনিক কারণেই গ্রেপ্তার হয়েছেন তিনি। দলের ভেতরের একটি অংশ বরাবরই তাঁকে অবজ্ঞা করতে চেয়েছিল। কিন্তু সাংগঠনিক কাজ দিয়ে তা অতিক্রম করেছেন তিনি। এখন আর সংগঠন তাঁর মুক্তির ব্যাপারে নীরব থাকতে পারবে না। দলীয় সূত্রে জানা যায়, বিগত সংসদ নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে আ ন ম শামসুল ইসলাম জয়ী হলে দলীয়ভাবে কোণঠাসা হয়ে পড়েন শাহজাহান চৌধুরী। এর আগে ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৮ সালে মামলার কারণে নির্বাচন কমিশন তাঁকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করলে চট্টগ্রাম নগর আমির শামসুল ইসলামকে মনোনয়ন দেয় জামায়াত। শাহজাহান চৌধুরীর সঙ্গে নিষ্ক্রিয় হয়ে পড়ে তাঁর একসময়ের ক্যাডার বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় নেতারা। সাতকানিয়ায় শামসুল ইসলাম নতুন সাংসদ হওয়ার পর চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির পদ থেকেও সরিয়ে তাঁকে দলীয়ভাবে গুরুত্বহীন মহানগর শুরা কর্মপরিষদের সদস্য করা হয়। এর আগে সন্ত্রাসী আহমদুল হকের সঙ্গে সম্পৃক্ততার কারণে দক্ষিণ জেলা আমিরের পদ হারাতে হয় তাঁকে। দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম জামায়াতের অভ্যন্তরীণ দ্বন্দ্বে শামসুল ইসলামের সঙ্গে পেরে না উঠে অনেকটা সাংগঠনিকভাবে পিছিয়ে পড়েন শাহজাহান চৌধুরী। নগর ও দক্ষিণ জেলায়ও পুরোপুরি নিষ্ক্রিয় ছিলেন তিনি। এ অবস্থা থেকে নিজেকে বের করে আনতে নিজেই আলোচনার কেন্দ্রে আসার চেষ্টা করেন। দলীয় আমির মতিউর রহমান নিজামীকে যতবার চট্টগ্রামের আদালতে হাজির করা হয়, ততবারই সামনের কাতারে থাকতেন শাহজাহান চৌধুরী। সর্বশেষ নিজামীর সামনেই তিনি উচ্চ স্বরে মোনাজাত করেন। সেখানে উপস্থিত কয়েকজন নেতা বলেন, মূলত নেতা-কর্মীদের দৃষ্টি আকর্ষণই ছিল তাঁর লক্ষ্য। শাহজাহান চৌধুরীকে নিষ্ক্রিয় করার ব্যাপারে চট্টগ্রাম নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক প্রথম আলোকে বলেন, ‘শাহজাহান চৌধুরী চট্টগ্রাম নগর জামায়াতের শুরা কর্মপরিষদ সদস্য। ফলে দক্ষিণ জেলা জামায়াতের কার্যক্রমে তাঁর সক্রিয়তার প্রশ্ন আসছে না।’ তাঁকে গ্রেপ্তারের কারণে দলীয় কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘দলীয় কার্যক্রম চলবে। তবে এ মুহূর্তে সরকার জামায়াতকে নেতৃত্বশূন্য করতে নেতাদের গ্রেপ্তার করছে। শুধু শাহজাহান চৌধুরী নয়, ঢাকায় আজহার-তানভীরকেও গ্রেপ্তার করেছে। এখন আমাদের ওপর জুলুম চলছে। ফলে গ্রেপ্তারের বিষয়টি কোনো ব্যক্তির পর্যায়ে আর আটকে নেই।’