গ্রেপ্তারের ভয়ে কার্যালয়ছাড়া চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান গ্রেপ্তারের ভয়ে সাত মাস ধরে তাঁর কার্যালয়ে আসছেন না। গত মে মাসের পর থেকেই তিনি অনুপস্থিত। ফলে উপজেলা পরিষদের আওতাধীন সব কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
ফরিদ উদ্দিন খান জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন। লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান ভাঙচুর ও নাশকতার তিনটি মামলার আসামি। এসব মামলায় তিনি এখনো জামিন পাননি। গত বছরের ১২ জানুয়ারি এ তিনটি মামলা করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. শাহজাহান জানান, যেহেতু মামলায় উপজেলা চেয়ারম্যান জামিন পাননি তাই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান বলেন, বর্তমানে উপজেলা পরিষদের প্রায় আড়াই কোটি টাকা অলস পড়ে আছে। চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে এ টাকা তোলা যাচ্ছে না। ফলে উন্নয়ন কর্মকাণ্ডে তা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। অথচ বন্যা ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক সংস্কার জরুরি। এ ছাড়া দাপ্তরিক কাজেও নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে নির্দেশনা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্প গ্রহণ, দরপত্র আহ্বান ও অর্থ পরিশোধের জন্য উপজেলা চেয়ারম্যানের সই আবশ্যক। কিন্তু তাঁর অনুপস্থিতিতে এ কাজ বন্ধ হয়ে আছে।
এ ব্যাপারে জানতে উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘গত মে মাস পর্যন্ত আমি উপস্থিত ছিলাম। ভাঙচুর ও নাশকতার তিনটি মামলা হওয়ায় সমস্যা হয়েছে। এসব মামলায় উচ্চ আদালতে জামিন চেয়েও পায়নি। অথচ ওই ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। মামলা সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি ও জামিন পেলেই উপজেলা কার্যক্রমে অংশ নেব।’ উল্লেখ্য, লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী তিনজনই জামায়াত ইসলামী-সমর্থিত। ফরিদ উদ্দিন খান ছাড়াও অপর দুই ভাইস চেয়ারম্যান নুরুল আবছার ও গুলশান আরা বেগমকেও নাশকতা ও ভাঙচুরের মামলায় আসামি করা হয়েছে। নুরুল আবছার জামিনে থাকলেও গুলশান আরা জামিনে না থাকায় তিনিও আত্মগোপনে আছেন।