গ্লুকোমায় কনট্যাক্ট লেন্স
বিশ্বজুড়ে গ্লুকোমা অন্ধত্বের অন্যতম কারণ। গ্লুকোমায় চোখের ভেতরকার চাপ বেড়ে যায়, আর এটি দৃষ্টিশক্তিকে ধীরে ধীরে ক্ষীণ করে দেয়।
গ্লুকোমার কোনো স্থায়ী চিকিৎসা নেই। রোগ নিয়ন্ত্রণের জন্য সারা জীবন প্রতিদিন এক বা একাধিক চোখের ড্রপ ব্যবহার করতে হয়। আর নিয়মিত দিনে একাধিকবার এই ড্রপ ব্যবহার অনেক সময় হয়ে ওঠে বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক।
সম্প্রতি হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল বিজ্ঞানী এই বিরক্তিকর ড্রপ দেওয়া থেকে রেহাই দেওয়া স্মার্ট কনট্যাক্ট লেন্স তৈরি করেছেন, যার ভেতর গ্লুকোমার ওষুধ থাকবে। এই কনট্যাক্ট লেন্স পরার পর তা চার সপ্তাহ পর্যন্ত নির্দিষ্ট মাত্রায় চোখের ভেতর ওষুধ নিঃসরণ করতে থাকবে। কারও যদি দৃষ্টিশক্তির সমস্যা থাকে, তবে এই একই লেন্সের মাধ্যমে তাঁর চশমা আর গ্লুকোমা চিকিৎসা একইভাবে চালিয়ে যাওয়া সম্ভব। চোখের ভেতর ওষুধ দেওয়ার নতুন এই কার্যকর পদ্ধতি মানুষকে প্রতিদিন বারবার চোখে ড্রপ ব্যবহারের যন্ত্রণা থেকে রেহাই দেবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। লাইভসায়েন্স।