গড়ি কাচের ভুবন
২০১০ সালের ৩১ মে। চারুকলার বার্ষিক প্রদর্শনীর শেষ দিন। মানোয়ার তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে প্রদর্শনী দেখতে এসেছেন। চারুকলার শিক্ষার্থীরা কত কিছুই না করতে পারেন! কেউ মাটি, কেউ বা পাথর আবার ভিন্নতা আনতে অন্য কোনো মাধ্যমেও শিল্পকর্ম তৈরি করেন তাঁরা।‘প্রদর্শনীতে ঢুকেই আমরা কয়েকজন অবাক হয়ে তাকিয়ে রইলাম কাচনির্মিত ভাস্কর্যগুলো দেখে। আকাশে তখন মেঘ ডাকছে। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে থেমে গেছে। এমন মেঘলা দিনের আবহাওয়ায় কাচের ভাস্কর্যগুলো যেন আমাকে প্রকৃতির সঙ্গে এক সম্পর্ক তৈরি করে দিয়েছে।’ বললেন মানোয়ার। প্রদর্শনীতে স্থান পাওয়া এই ভাস্কর্য জিতে নিয়েছে ‘এক্সপেরিমেন্টাল বেস্ট অ্যাওয়ার্ড।’ আর এই ভাস্করের নাম রেদোয়ানুল আলম রাসেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের এমএফের শেষ বর্ষের শিক্ষার্থী। ‘ছোটবেলায় গ্রাম-গঞ্জের মেলায় কাচের রকেট দেখেছি। কিছুদিন আগে কাচের পাইপ দিয়ে সেই রকেট বানিয়ে চারুকলায় বন্ধুবান্ধবের দেখালাম এবং ওই রকেট নেওয়ার জন্য মানুষের বিরাট লাইন পড়ে গিয়েছিল। কাচ নিয়ে কিছু করা যায় কি না, তখন থেকে আরও একটু ভাবতে লাগলাম।’ জানালেন রাসেল।রাসেলের নির্মিত ভাস্কর্যগুলো কাচের তৈরি। মাধ্যম হিসেবে কাচ একটি নতুন মাধ্যম। কাচ দিয়ে ভাস্কর্য তৈরি অনেক ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হওয়া সত্ত্বেও রাসেল নিজ উদ্যোগে এবং নিজে কর্মরত একটি ফার্মের খরচে এটি তৈরি করেছেন। প্রদর্শনীতে স্থান পাওয়া ভাস্কর্যটি হলো ‘বিহোল্ডেন টু ইউ’। কাচ দিয়ে কাজ করার দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো সলিড কাস্টিং, অন্যটি হলো ব্লোয়িং। তাঁর এই ‘বিহোল্ডেন টু ইউ’ ভাস্কর্যটি ব্লোয়িংয়ের সোলের কাজ। রাসেল বললেন, ‘মানুষের ভেতরের আত্মাকে আমি এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।’ বাংলাদেশে প্রথমবারের মতো এই ভাস্কর্য তৈরি করেছেন। এখন আপনার অনুভূতি কী, জানতে চাইলে রাসেল বললেন, ‘এ বিভাগে প্রায় ১০ বছর ধরে পড়ছি এবং পাথর, মাটি, কাঠ নানা মাধ্যমেই কাজ করেছি। কিন্তু কাচ-মাধ্যমে কাজ করতে গিয়ে খুব তাড়াতাড়ি পরিবেশের সঙ্গে মিশে গেছি, যা অন্য মাধ্যমে কাজ করার সময় পারিনি। কাচ খুব স্বচ্ছ হওয়ায় দ্রুত পরিবেশে মেশা সম্ভব বলে এই মাধ্যমে স্বচ্ছন্দ বোধ করি। বলতে পারি, এ মাধ্যমের প্রতি আমার একধরনের মায়া ও প্রেম চলে এসেছে। ভবিষ্যতে মিক্সড মেটালে এবং ইনটেরিয়রে কাচের রিলিফ ওয়ার্ক করার ইচ্ছে আছে। রাজু ভাস্কর্যের মতো ফ্রি-স্ট্যান্ডিং ভাস্কর্য করার স্বপ্ন রয়েছে।’ চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ বললেন, পৃথিবীর বিভিন্ন দেশে কাচ নিয়ে কাজ হচ্ছে, বাংলাদেশে এই প্রথম ভাস্কর্যে কাচ নিয়ে কাজ করে সফল হয়েছেন রাসেল। ব্যক্তিগত উদ্যোগে রাসেল এটি করেছেন, যা বাংলাদেশের শিল্পকলায় খুব কাজে লাগবে। একাডেমিক শিক্ষায় একে পরিচিত করা গেলে বড় ধরনের সাফল্য আসবে এবং নতুন মাধ্যম হিসেবে এ ভাস্কর্যটি সংরক্ষণ করা উচিত বলে তিনি মনে করেন। একই সঙ্গে এটি একটি নতুন ক্ষেত্র হিসেবেও দাঁড়িয়ে যাবে। চারুকলা ইনস্টিটিউটের আরেক শিক্ষক হামিদুজ্জামান জানালেন, গত ৪০ বছরে চারুকলা ইনস্টিটিউটে রাসেলের মতো কেউ কাচ নিয়ে ভাস্কর্য তৈরিতে সফল হয়নি। কাচকে মাধ্যম হিসেবে গ্রহণ করা হলে বাংলাদেশেরও উন্নয়ন হবে। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক লালারুখ সেলিম বললেন, ‘কাচ নিয়ে অন্যরা কাজ করলেও রাসেলের মতো এভাবে কেউ ব্লোয়িংয়ের ক্ষেত্রে কাজ বা গবেষণা করেনি অর্থাৎ গবেষণা করে কেউ এ রকম একটা অবস্থায় আনেনি। নতুন মাধ্যমে কাজ করাটা একটি চ্যালেঞ্জ। অন্যদিকে দেশীয় কাঁচামাল ব্যবহার করায় আমি রাসেলের এই কাজকে ইতিবাচক হিসেবে দেখছি।’