গড়ি স্বপ্নভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নটা হাঁটছিল স্কুল অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (সোডা) নবম শ্রেণী পড়ুয়া শেকড় আহমেদ ফয়সালের হাত ধরে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার স্বপ্নটা নিয়ে ফয়সাল একসময় হাঁটতে শুরু করে পরিচিত-অপরিচিত সমমনা বন্ধুদের মধ্যে। অবশেষে ২০১০ সালের ৭ জুলাই রূপ নেয় বাস্তবে। শুরু হয় সেভ দ্য পিপলের যাত্রা। সেভ দ্য পিপল অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। যাত্রা অল্প দিনের হলেও এই পথের পথিকেরা ছাড়িয়েছেন গণনার সীমানা। কথা হলো তাঁদেরই কয়েকজনের সঙ্গে।শেকড়দের বাড়ির পাশেই এতিমখানা। ওর বাবা প্রতিবছরই এতিমদের জন্য ভোজের আয়োজন করেন। এ ছবি দেখে দেখেই দুস্থ শিশুদের জন্য কিছু করার ইচ্ছাটা বাসা বাঁধে শেকড়ের মনে। এতিমখানা নয়, শেকড়ের স্বপ্ন ছিল স্বয়ংসম্পূর্ণ মানুষ তৈরি করার। তাই সেভ দ্য পিপলের প্রথম প্রকল্প হিসেবে শেকড় নির্বাচন করে স্বপ্নভুবন। সুবিধাবঞ্চিত শিশুরা যাতে পড়ালেখার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই লক্ষ্য সামনে রেখে কাজ করবে স্বপ্নভুবন।এর আওতায় শিশুরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি, নৈতিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। একই সঙ্গে ব্যবস্থা করা হবে থাকা-খাওয়ার।শেকড়েরই কলেজমেট তুষার। বন্ধুর উদ্যোগ দেখে উৎসাহিত হয়ে ওঠা তুষার নিজেই বাড়িয়ে দেন সাহায্যের হাত। সেভ দ্য পিপলের শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে পথশিশুদের স্কুলে পাঠদান—সবকিছুতেই তুষার সমান অংশীদার এখন। কৌশিকের বাড়ি ডেমরায়। স্কুলে থাকতেই কৌশিক চেষ্টা করেছিল এ ধরনের একটি সংগঠন করতে। বলাই বাহুল্য, স্কুলের চাওয়া রয়ে গেছে স্কুলেই, বাস্তবে রূপ নিয়েছে এখন। কৌশিকের ভাষায়, ‘দুই সপ্তাহ হলো কাজ করছি, কিন্তু কোনো দ্বিধা নেই মনে। কারণ এই কাজের স্বপ্ন আমার অনেক দিনে তৈরি করা।’ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তানভীর সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছেন অনেক দিন। তাই অন্যান্য সংগঠনের সঙ্গে সেভ দ্য পিপলের পার্থক্যটা ভালোই বোঝেন তিনি। বললেন, ‘এখানে আমরা সবাই সমমনা। যেকোনো কাজের আগে অর্থায়নটা আমরা নিজেদের পকেট থেকেই দিই। তাই আমরা সবাই জানি, আমরা প্রত্যেকেই কতটা গুরুত্বপূর্ণ একে অন্যের জন্য।’ফখরুলের বাড়ি কুমিল্লায়। যাওয়া-আসার পথেই পথশিশুদের অবস্থা দেখে মনটা সব সময় কাঁদত তাঁর। এখন অবশ্য কাঁদে না, কারণ ফখরুল পেয়ে গেছেন সমমনা বন্ধুদের বাড়ানো হাত।স্বপ্নভুবনের স্বপ্নটা বাস্তবায়নের জন্য সেভ দ্য পিপল এগিয়ে গেছে অনেকদূর। উত্তরার দ্বীন কেজি ইন্টারন্যাশনাল স্কুল সম্মতি জানিয়েছে জানুয়ারি থেকে পথশিশুদের ভর্তি করানোর। সেভ দ্য পিপলের অনলাইন সাপোর্ট দিচ্ছে ই-মিডিয়া। তবে সেভ দ্য পিপলের মূল অনুপ্রেরণা শুধুই মানুষের ভালোবাসা আর পরিবারের সমর্থন।স্বপ্নভুবনের অর্থায়নের জন্য সেভ দ্য পিপলের একঝাঁক তরুণ ২১ জুলাই নামবে নগরের পথে। ধানমন্ডি, সায়েন্স ল্যাব, রাইফেলস স্কয়ার, আইডিবি, পান্থপথ, শাহবাগ, টিএসসি, গুলশান, আসাদগেট—এমন ১৪টি স্থানে তারা সাধারণ মানুষের মধ্যে চালাবে পথশিশুদের জন্য প্রচারণা। সবাইকে সুসংহত করবে স্বপ্নভুবনের জন্য। পথশিশুদের জন্য সোচ্চার হবে—এ আশায়, কেউ হয়তো বাড়াবে সাহায্যের হাত। স্বপ্নভুবন এবং সেভ দ্য পিপল সম্পর্কে জানতে ও সদস্য হতে আপনি লগইন করতে পারেনwww.savethepeoplebd.org www.facebook.com/ savethepeople.pageএই ওয়েবসাইটগুলোতে। অথবা আসুন না ২১ জুলাই, ওদের আয়োজনে পথশিশুদের জন্য একটি বার বাড়িয়ে দিতে নিজেরহাত?