গয়না প্রদর্শনী
দূর থেকে ঝিলমল করছিল লাল-নীল-সোনালি আলো। আসলে আলোর নাচনগুলো ভেসে আসছিল নানা রঙের বাহারি নকশার কুন্দন, পুঁতি আর পাথর থেকে।৪ থেকে ৬ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফ্যাশন জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ শো’ নামের এক প্রদর্শনী। বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও রেডিয়েন্ট এক্সপোজিশন লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এ মেলা। এতে ছিল দেশে উৎপাদিত ও ভারত থেকে আমদানি করা নানা রকম গয়না।বিয়ের গয়না ছিল সব ক্রেতা ও দর্শনার্থীর মূল আগ্রহের বিষয়। কানের দুল, আংটি, বাজু, নথ, বালা, চুড়ি—সবকিছুর উপস্থাপনেই ছিল বৈচিত্র্য। কপারের ওপর সোনার প্রলেপ দেওয়া গয়নার পাশাপাশি ছিল রুপার তৈরি হীরার কাটের নেকলেস সেট। মেলার আকর্ষণ ছিল প্রাচীনকালে ভারতের রাজাদের ব্যবহূত কুন্দনের তৈরি গয়না; ছিল রিনিঝিনি চুড়ির বিশাল সংগ্রহ।চুড়ি, বালা আর বাজুর বাহারও ছিল দেখার মতো। আর্ট গ্রুপের স্টলটি ছিল একটু ভিন্ন ধাঁচের। গয়নাসহ ব্যাগ, জুতা, পোশাকে ব্যবহূত পাথর, পুঁতি ও কুন্দনের বিশাল এক সংগ্রহ ছিল তাদের; পাশাপাশি ছিল দেশীয় উদ্যোক্তাদের তৈরি গয়না ও অনুষঙ্গ। ঐতিহ্যের জামদানি আর কাতানের সমন্বয়ে তৈরি ব্যাগ ও জুতার সংগ্রহ ছিল মিরপুরের সোনাচান্দি জুয়েলারির স্টলে।মেলায় কথা হয় পরীবাগ থেকে আসা তানজিয়া সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের দেশি গয়নার বাইরেও ভিন্ন নকশার বৈচিত্র্যপূর্ণ গয়না কেনার সুযোগ মেলে। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের মেলার আয়োজন করা হবে।’এ ছাড়াও ছিল নকশাদার পোশাকের বিভিন্ন স্টল। মেলায় প্রায় ৪০টির অধিক বিদেশি ও ২০টির মতো দেশীয় স্টল ছিল। মেলার অন্যতম আয়োজক বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনিসুর রহমান বলেন, ‘বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় বর্তমানে ইমিটেশন জুয়েলারি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এ মেলা আয়োজনের উদ্দেশ্য হলো, বাংলাদেশের ইমিটেশন জুয়েলারি শিল্পকে উন্নত করা।’