গয়না যখন রুপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় আপুর উপহার দেওয়া রুপার ব্রেসলেটটা যত্ন করে তুলে রেখেছিল রাস্না। বর্ষা তো চলেই এসেছে, যেকোনো দিন নীল শাড়ির সঙ্গে মিলিয়ে পরার অপেক্ষা শুধু। নীলাম্বরী শাড়ি, বেণিতে জড়ানো বেলির সঙ্গে রুপার গয়নার হালকা ঝিলিক না থাকলে কি কখনো সম্পূর্ণ হয় বর্ষার সাজ? এই ভেবেই সেদিন ব্রেসলেটটা বের করল রাস্না। তারপরই তো মাথায় হাত। পুরো ব্রেসলেটে কালো কালো ছোপ পড়ে আছে। এত শখের রুপার নূপুরগাছিও দেখাচ্ছে একদম ম্যাড়মেড়ে। বর্ষার সাজের পুরো প্ল্যানটাই মাটি! মাঝেমধ্যে নেড়েচেড়ে দেখুন আপনার অতিপ্রিয় রুপার গয়নাগুলো। কারণ অনেক দিন ফেলে রাখলে রুপায় কালো কালো ছোপ পড়ে যায়, কখনো পুরো গয়নাই কালচে হয়ে যায়। অনেক দিন ব্যবহারের কারণেও রুপার ঝিলিক কমে আসে। গয়নার খাঁজে ধুলো-ময়লা জমে তা হয়ে পড়ে ব্যবহার-অনুপযোগী। অনেকেই গয়নায় পাথর বা ঝলমলে পুঁতি ব্যবহার করেন। অযত্নে পাথরও অনুজ্জ্বল হয়ে যায়, খুলে পড়ে গয়না থেকে। এসব থেকে বাঁচতে এখনি যত্ন নিন রুপার গয়নার। রমা জুয়েলার্সের স্বত্বাধিকারী পুলক জানান, রুপার গয়না কখনোই খোলা বাতাসে যত্রতত্র ফেলে রাখতে নেই। কেনার পর যদি তুলে রাখতে চান, অবশ্যই টিস্যু দিয়ে কয়েক পরতে পেঁচিয়ে বাক্সে রাখবেন এবং অবশ্যই বাতাসের স্পর্শ হতে দূরে রাখবেন। পানি লাগাবেন না। ভেজা গয়না অবশ্যই তুলো বা নরম কাপড় দিয়ে শুকিয়ে নেবেন। জামান জুয়েলার্সের প্রধান বিক্রয় কর্মকর্তা রাজু জানালেন, রুপার গয়নার কালো ছোপ দূর করার উপায়। প্রথমে হালকা গরম পানিতে ভালো মানের ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিন। তাতে ছোপ পড়া গয়না ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ভালোমতো ব্রাশ করে নিন। কালো ছোপ এবং ধুলোবালি অনেকাংশেই কমে আসবে।বেকিং সোডা দিয়েও গয়না ঝকঝকে করে নিতে পারেন। প্রথমে ঠান্ডা পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্ট করে নিন। তারপর ব্রাশের সাহায্যে পেস্ট দিয়ে গয়না মেজে নিন। অতঃপর ঠান্ডা পানিতে ধুয়ে ভালোমতো মুছে রাখুন। যাঁদের গয়নায় পাথর আছে, তাঁরা প্রথমেই পরীক্ষা করে নিন, পাথর খুলে গেছে কিনা, কিংবা খুলে পড়ার আশঙ্কা আছে কি না। খুলে পড়লে যথাস্থানে লাগিয়ে নিতে পারেন নিজেই। সুনন্দা জুয়েলার্সের বিক্রয়কর্মী ও গয়না মেরামতকারী বলাই বিশ্বাস বলেন, পাথর লাগাতে শক্ত আঠা ব্যবহার করতে হবে। তবে সুপার গ্লু ব্যবহার না করাই ভালো। এতে পাথর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি। সুপার গ্লুর বদলে ফেব্রিক গ্লু ব্যবহার করুন। নিজে যদি একদমই না পারেন, গয়না ঠিক করে নিন দোকানে গিয়ে। নিউমার্কেট, চাঁদনী চক কিংবা বায়তুল মোকাররম এবং প্রসিদ্ধ গয়নার দোকানগুলোতে গয়না মেরামত করা হয় নিজস্ব কারখানায়। গয়নার প্রকারভেদে খরচ পড়বে ৩০০ থেকে এক হাজার টাকার মধ্যে। রুপার গয়না আজকাল গোল্ড প্লেট, কপার ও এন্টিক এই তিনরূপে পাওয়া যাচ্ছে। সাজে বৈচিত্র্য আনতে বেছে নিন যেকোনোটি। প্লেট করা কিংবা কপার বা এন্টিক ধরনের রুপার গয়নায় কালো ছোপ পড়ে না বললেই চলে। তাই ঝটপট করুন, নিজেকে সাজাতে প্রথমেই সাজিয়ে নিন রুপার গয়নাগুলো। পূর্ণ করুন বর্ষার সাজ।