
সোনা, রুপা, মুক্তা আর পাথরের গয়না তো অনেক পরা হলো। এরপর মাটি ও কাঠের গয়নাও পরেছেন অনেক দিন। এখন এসেছে কাপড়ের গয়না। শুনতে অবাক লাগলেও কাপড় ও সুতা দিয়ে তৈরি বাহারি গয়নার চল এসেছে এখন। ফ্যাশন ডিজাইনার তাহসিনা শাহীন জানালেন, বিশ্বজুড়েই এখন হাতে বানানো কাপড়ের গয়নার ট্রেন্ড চলছে।

কথা হলো ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকারের সঙ্গে। তাঁর ফ্যাশন হাউস বিবিয়ানাতে এনেছেন কাপড়ের ওপর এমব্রয়ডারি করা নেকলেস। কাপড়ের কয়েকটি স্তর একসঙ্গে করে এর ওপর করা হয়েছে নানা রকম হাতের কাজ। দেশি পোশাকের নকশায় সাধারণত যেই ফোঁড়গুলো ব্যবহার হয় সেই নকশিকাঁথা, ক্রস সেলাই, চেইন সেলাই, বোতাম সেলাই, গুজরাটি ফোঁড় এই গয়নাগুলোতে দেখা যাচ্ছে। এ ছাড়া এতে যুক্ত করা হয়েছে কাচ, পুঁতি ও কড়ির অলংকরণ। অনেকেই সাদামাটা পোশাক পরতে পছন্দ করেন, তার সঙ্গে গয়নাটি চান একটু অন্য রকম, যাতে নতুনত্বের সঙ্গে থাকবে জমকালো ভাবও। লিপি খন্দকার জানালেন, এই ভাবনা থেকেই মূলত এ ধরনের গয়না তৈরির চিন্তা করেছেন। সাদামাটা পাড়ের শাড়ি অথবা খুব ছিমছাম নকশার কোনো কামিজে যদি গলায় কাজ না থাকে তাহলে এ ধরনের কোনো কাপড়ের নেকলেস পরলে তার সঙ্গে খুব মানিয়ে যাবে। নেকলেসে যেহেতু পুরোটাজুড়েই সুতার কাজ করা তাই পোশাকেও অনেক বেশি কাজ থাকলে তার সঙ্গে এ ধরনের গয়নার সৌন্দর্য ঠিকমতো ফুটে উঠবে না। এ রকম গয়না গলায় পরলে কানে কিছু না পরলেও চলে। তখন হাতে থাকতে পারে কাচ, কাঠ বা সুতা দিয়ে বানানো চুড়ি।
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, বছর খানেক নানা প্রাকৃতিক উপাদান দিয়ে গয়না তৈরির ধারা চলছে। পোশাকে যে কাপড় ব্যবহার হয় সে একই কাপড় অথবা পোশাক থেকে যেকোনো একটি মোটিফ নিয়ে এগুলো নকশা করা হয় বলে পোশাকের সঙ্গে মিলিয়ে পরা যাচ্ছে, কখনো বা কন্ট্রাস্ট করে পরলেও ভালো দেখাচ্ছে। ফ্যাশনের ধারা এখন বদলে যাচ্ছে। চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। দেশি ধাঁচে তৈরি করা হলেও দেশের ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গেও এটি পরা যেতে পারে, বললেন বিপ্লব সাহা। এমনটা মনে করেন তাহসিনা শাহীনও। তাঁর মতে, কাপড়ের গয়না পরা যেতে পারে দেশি-বিদেশি যেকোনো ধাঁচের পোশাকের সঙ্গে। তার ফ্যাশন হাউস সাদাকালোতে গয়নাগুলো এমনভাবে নকশা করা হয়েছে, যা প্রায় সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে। খুব একটা ভালো দেখাবে না, তাই কাপড়ের গয়নার সঙ্গে অন্য কোনো ধাতব গয়না না পরাই ভালো। অন্যান্য গয়নাও প্রাকৃতিক উপাদানের তৈরি হলে তা এর সঙ্গে পরা যেতে পারে।
কাপড়ের গয়না পরার পর তা বাতাসে বা তাপে ভালোমতো শুকিয়ে এরপর প্যাকেট করে রাখার পরামর্শ দেন লিপি খন্দকার। এটি ভালো রাখার জন্য কখনো ভেজানো যাবে না। শুকনো রাখতে হবে সব সময়।