
রাদিয়াম মারদিয়ার ছেলেবেলাটা কেটেছে বাংলাদেশে৷ এখন থাকেন অস্ট্রেলিয়ায়। ‘জানেন তখন খুব অবাক হতাম, যখন দেখতাম দাদি-নানিরা ভারী ভারী সোনার গয়না সিন্দুকে ভরে রাখেন।’ চুরি হওয়ার ভয়ে গয়না যদি ঘরে লুকিয়ে রাখে তবে সাজবে কী দিয়ে—এই ভাবনাটা বেশ ভাবাত মারদিয়াকে৷ আর এই ভাবনা থেকেই গড়ে তোলেন পাথরের তৈরি গয়নার প্রতিষ্ঠান অরা৷

১০ থেকে ১২ ফেব্রুয়ারি ঢাকার গুলশানের বেজ এজ ওয়াটারস ভবনে এজ গ্যালারিতে হয়ে গেল অরার গয়নার প্রথম প্রদর্শনী। প্রদর্শনীতে মারদিয়ার সঙ্গে কথা বলে জানা গেল, অস্ট্রেলিয়ার পাথরের গয়নাগুলো বেশ টানত তাঁকে৷ সেই থেকে পাথরের গয়নাগুলো সংগ্রহ করতে থাকলেন৷ সেই সময় আবার ছেলেবেলার কথা মনে পড়ে মারদিয়ার। বাংলাদেশে যাঁরা চুরি হওয়ার ভয়ে ভারী গয়না পরতে পারেন না তাঁরা তো অনায়াসেই এসব পাথরের গয়না বেছে নিতে পারেন৷ এসব গয়না আভিজাত্য তো বহন করেই, পাশাপাশি দামটাও হাতের নাগালেই থাকে৷ আর চলতি ফ্যাশনের সঙ্গেও এ গয়নাগুলো ভালো যায়। দেশের মানুষের কাছে পাথরের গয়নার আভিজাত্য পৌঁছে দিতে এই প্রদর্শনী আয়োজন করা হয় বলে জানালেন রাদিয়াম৷

১০ ফেব্রুয়ারি অরার এই পাথরের গয়না প্রদর্শনীর উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, অভিনেত্রী কবরী ও ডিজাইনার বিবি রাসেল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, অরার সহপ্রতিষ্ঠাতা নাঈমা চৌধুরী।
প্রদর্শনী ঘুরে ভারী পাথরের নানা নকশার গয়না দেখা গেল৷ আবার কোনোটায় দেখা গেল ইস্পাতের ওপর বসানো বর্ণিল পাথর৷ অরার গয়নার বেশির ভাগ নকশাই করে থাকেন মারদিয়া নিজে৷ এই গয়নাগুলোতে নিজস্ব সংস্কৃতির ছোঁয়ায় আনেন নতুনত্ব, যা মানিয়ে যাবে যেকোনো পোশাকের সঙ্গে। পাশাপাশি বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন নকশার গয়নার সংগ্রহও আছে অরার। প্রদর্শনী শেষে অরার গয়না পাওয়া যাবে ফেসবুক পেজে (facebook.com/onlyora)।