গয়নায় মাটির টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটির গয়নায় আনা হচ্ছে নতুনত্ব। কৃতজ্ঞতা: ক্লে স্টেশন, ছবি: নকশা
মাটির গয়নায় আনা হচ্ছে নতুনত্ব। কৃতজ্ঞতা: ক্লে স্টেশন, ছবি: নকশা

পাড়ওয়ালা তাঁতের শাড়ি, কপালে টিপ আর পোড়ামাটির গয়না—এই যেন বাঙালিয়ানা। বহু বছর আগে থেকেই গয়না তৈরিতে মাটির ব্যবহার হয়ে আসছে। কানের দুলের সঙ্গে সঙ্গে গলার মালা, চুড়ি, বালা—সবকিছুই তৈরি হয় মাটি দিয়ে। মাটির তৈরি এসব গয়নায় ব্যবহার করা হচ্ছে বর্ণিল আলপনা। তবে অনেকেই পছন্দ করে থাকেন মাটির প্রাকৃতিক লালচে রং।

একসময় মাটির গয়নার প্রচুর চাহিদা ছিল। কিন্তু এখন বিশেষ উৎসব-উপলক্ষ ছাড়া মাটির গয়নার ব্যবহার কিছুটা কমে গেছে বলে জানান ফ্যাশন হাউস পিরানের ডিজাইনার হোসনা বানু ছোটনা। তবে পয়লা বৈশাখ বা পূজার সময়টায় মাটির ঝুমকা আর গলার চিকের ভালো চাহিদা থাকে বলে জানান তিনি।

এ ছাড়া রাজধানীর দোয়েল চত্বর মাটির গয়নার জন্য প্রায় সবার কাছে পরিচিত। এসব দোকানে সারা বছর মাটির গয়না পাওয়া যায়। কানের দুল-মালা ছাড়াও এখানে ব্রেসলেট, লকেট, বিভিন্ন আকৃতির বালা পাওয়া যায়। প্রায় সব বয়সী নারীরাই এখানে মাটির গয়না কিনতে আসেন।

মাটির গয়না যেন বাঙালি জাতির ঐতিহ্যের সঙ্গেই যুক্ত—এমনটাই মনে করেন ডিজাইনার মাহিন খান। সাধারণ সুতি বা তাঁতের শাড়ির সঙ্গেই মাটির গয়না সব থেকে ভালো লাগে বলে জানান তিনি। বিশেষ করে লাল বা কালো রঙের সুতির শাড়ির সঙ্গে আদর্শ মাটির গয়না। এ ছাড়া টাঙ্গাইল, ব্লক করা অথবা হাতের কাজের শাড়ির সঙ্গে যেকোনো বয়সী নারী নির্দ্বিধায় বেছে নিতে পারেন মাটির গয়না। তবে মাহিন খান আরও মনে করেন, মাটির গয়না নিয়ে এখনই নতুনভাবে চিন্তা করার সময়। না হলে আমাদের এই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যেতে থাকবে। ডিজাইনে নতুনত্ব এনে এর চাহিদা বাড়াতে হবে। মাটির সঙ্গে কড়ি, ঝিনুক, কাঠ বা যেকোনো প্রাকৃতিক উপাদান সংযুক্ত করে কিছুটা নতুনত্ব আনা সম্ভব।

মাটি দিয়ে ব্যতিক্রমধর্মী গয়না বানিয়ে থাকে ক্লে স্টেশন। সেই সঙ্গে মাটির গয়নার প্রদর্শনীর আয়োজন করে এই প্রতিষ্ঠান। ক্লে স্টেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ শারমিন আহমেদ বলেন, ‘মাটির গয়নার নকশা করতে প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে অনুপ্রেরণা নিয়ে থাকি। যেমন শাপলার পাতায় একটি ব্যাঙ বসে আছে—এ রকম ধারণামূলক নকশা তুলে ধরার চেষ্টা করি।’ মাটির গয়নায় নতুনত্ব নিয়ে আসতে সিরামিক গ্লেইস কালার অথবা কাচের টুকরাও যোগ করেন বলে জানান তিনি। ব্রেসলেট, আংটি, নেকলেস—সব ধরনের গয়নাই তৈরি করেন তাঁরা। এ ছাড়া ক্লে স্টেশনে আছে মাটির গয়না ফরমাশ দিয়ে বানানোর সুবিধা।

পিরান, অরণ্য, আড়ংসহ দোয়েল চত্বর এবং গাউছিয়া, নিউমার্কেটের বেশ কিছু দোকানে মাটির কানের দুল, মালা ও বালা পাওয়া যায়। মাটির এসব গয়নার দামও খুব বেশি নয়। শোরুমগুলোতে কানের দুল বা ঝুমকার দাম ১০০ থেকে ৩০০ টাকা, মালা ৩০০ থেকে ৭০০ টাকা, বালা ৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে। অন্য দোকানে বা ফুটপাতে এসব গয়নার দাম পড়বে ৩০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।