এতকাল ‘ঘটক পাখি ভাই’ বলে এক চরিত্রের নাম শুনে এসেছেন। এবার আর ঘটক পাখি ভাই নয়, ঘটক সিংহ মামার খবর শুনুন। হ্যাঁ, এই নামকরণ আনকোরা হলেও এর পেছনে যথোপযুক্ত কারণ আছে বৈকি! দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিম প্রদেশে উকুটুলা লায়ন পার্ক অ্যান্ড লজ নামের একটি উদ্যান আছে। সেখানে প্রাকৃতিক পরিবেশে সিংহদের লালন-পালন করা হয়। কদিন আগে সেই উদ্যানেই কতগুলো ঘটক সিংহ মামার খোঁজ পাওয়া গেছে! দুই মানব-মানবীকে প্রেম নামের জটিল এক মানবিক সম্পর্কের বাঁধনে বেঁধে ফেলেছে সেই প্রাণীগুলো!মিচেলে লুইজ ও বেন নিউওয়েনহালস। দুজনেরই বয়স ২৩-এর ঘরে। দুজনেরই জন্ম দক্ষিণ আফ্রিকায়। লুইজ আগে থেকেই উকুটুলা লায়ন পার্ক অ্যান্ড লজে কাজ করতেন। কাজ বলতে পার্কের বিপন্ন প্রজাতির এবং অনাথ সিংহশাবকগুলোর দেখভাল করা। কাজের মধ্যেই কেটে যাচ্ছিল তাঁর দিন। নয় মাস আগের কথা। হঠাৎ একদিন সেই পার্কে এক তরুণের আগমন। হ্যাঁ, সেই বেন নিউওয়েনহালস। তিনিও নাম লেখালেন স্বেচ্ছাসেবক হিসেবে, যত্নআত্তি করবেন সিংহগুলোর। পার্কে তখন দুর্লভ প্রজাতির কতগুলো সাদা সিংহ টিকে ছিল। মরে গেলেই প্রজাতিটির নাম লেখা হবে বিলুপ্ত প্রজাতির তালিকায়, অবস্থা ছিল তেমনই সঙ্গিন। পার্কের পরিচালকেরা একদিন সেই বিপন্ন প্রাণীগুলোর যাবতীয় দেখভালের দায়িত্ব বেন ও লুইজের হাতে ছেড়ে দিলেন এবং এ-ও বুঝিয়ে দিলেন, ‘এই প্রাণীগুলোকে প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার মতো সামর্থ্যবান করে তোলা তোমাদের দায়িত্ব।’ব্যস, লেগে পড়লেন বেন ও লুইজ। যত সহজে লেগে পড়লেন বলা গেল, আসলে কিন্তু ব্যাপারটি অত সহজ নয়। একেবারে জ্বলজ্যান্ত সিংহ বলে কথা! তাই, জীবন হাতের মুঠোয় নিয়ে কাজে নামল বেন-লুইজ জুটি। লুইজ বললেন শুরুর কথা, ‘বেন তো প্রথম থেকেই সিংহগুলোর নেতা বনে গিয়েছিল। পুরোপুরি না হলেও, বেশ ভালো একটা প্রভাবও বিস্তার করে ফেলেছিল গোড়া থেকেই! ও খুব ভালো স্বৈরশাসকের মতোই ওদের মাথা পরিষ্কার করতে শুরু করেছিল। আমি অবশ্য সব সময় ভয়ে ভয়ে থাকতাম। এই বুঝি ওদের কাণ্ডজ্ঞান লোপ পায়, আর ওমনি আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ে ক্যাঁক করে! বিশেষ করে ওরা যখন পানির ওপর দিয়ে লাফিয়ে আসত। বিশ্বাস করুন, জানে পানি থাকত না! বেনের বেলায় অবশ্য উল্টো! আর তাই ও সামলায় সব বুড়ো সিংহকে, আমি পিচ্চিগুলো।’১৫ মাস বয়সী চারটি সিংহের দায়িত্ব বর্তেছিল বেন-লুইজের কাঁধে। মাত্র দুই সপ্তাহ বয়স থাকতেই ওদের মা-বাবার কাছ আলাদা করে নিয়ে আসা হয়েছিল উদ্যানে। তাই প্রকৃতির আলো-বাতাস এবং মানুষের স্নেহের পরশ খুব জরুরি ছিল কাশ, বেলা, চেরি ও স্যামি নামের ওই চারটি সিংহের জন্য। ওদের একটা যৌথ নামও অবশ্য দিয়ে দিয়েছিলেন বেন ও লুইজ—দ্য গ্রেমলিনস। তো ওই চার গ্রেমলিনসকে নিয়ে কেটে যেতে লাগল দুই মানব-মানবীর দিন। ওদের খাওয়ানো, ঘোরানো, পানিতে খেলাধুলার শিক্ষা, গাছে ওঠার বিদ্যা থেকে শুরু করে ঠিকঠাক ঘুমের অভ্যাসটিও তাঁরাই করাতে থাকলেন। আর এরই ফাঁকে ফাঁকে বেন ও লুইজ অনুভব করলেন, অন্য রকম এক অনুভূতি খেলা করছে তাঁদের দুজনেরই মাঝে। কী সেটা? বেন বললেন তাঁর কাজের অভিজ্ঞতার কথা, ‘খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তাম আমরা। তারপর সিংহগুলোর জন্য খাবার—মুরগি নিয়ে যেতাম। খাওয়াতাম সামনে বসেই। খাওয়ানোর পর নিয়ে যেতাম হাঁটাতে। সকাল নয়টা পর্যন্ত তা চলত। এর মাঝেই হয়তো ওদের গাছে চড়াতাম কিংবা নামিয়ে দিতাম পানিতে। বেশ হুটোপুটি করত ওরা। আমরা জানতাম, ওই পরিশ্রম ও চেষ্টা ওদের আবার প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার মতো লায়েক করে তুলছে। আমরা চেষ্টা করেছি ওদের বোঝাতে, পৃথিবীতে টিকে থাকতে হলে তোমাদের ভেতরের শক্তিটিকে আবারও ফিরে পেতে হবে। মাছ শিকার, ট্রেকিং আর জল-জঙ্গলে ক্যাম্পিং করে করেই আমার বেড়ে ওঠা। তাই এসব কাজ করতে খুব বেশি বেগ পেতে হয়নি আসলে।’কিন্তু ওই যে কী এক অনুভূতির কথা হচ্ছিল, সেটার কথা তো জানা হলো না! সেই বিষয়েই বললেন বেন, ‘সিংহদের নিয়ে কাজ করার জন্য উকুটুলা পার্কে এসেছিলাম। কিন্তু কাকতালীয়ভাবেই দেখা হয়ে গেল লুইজের সঙ্গে। সিংহগুলোকে নিয়ে কাজ করার ফাঁকে একসময় টের পেলাম, আমি ওর প্রেমে পড়েছি!’লুইজ কী বলেন এ বিষয়ে? তা তো জানা হলো না! বললেন ভালোবাসার কথাই, ‘এই সিংহগুলো এখন আমাদের ধ্যান-জ্ঞান-নেশা, আমাদের ভালোবাসা! আর আমার ভাগ্য এত ভালো যে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছিলাম। তা না হলে তো বেনের দেখা পেতাম না!’এবার বলুন, ঘটকের পরে সিংহ মামা জুড়ে দেওয়াটা কি ভুল ছিল?ওয়েবসাইট অবলম্বনে