ঘটন-অঘটনে শুরু প্রথম বিভাগ ফুটবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই চমক। চমক ফুটবলের মাঠে। নবাগত বাকলিয়া একাদশ হারিয়ে দিল গতবারের রানার্সআপ রাইজিং স্টারকে। শুধু হারানো হলেই হতো। এ যে একেবারে গো-হারা, ব্যবধান ৩-০। অঘটনও বলা যায়। তবে তাতে বাকলিয়ার কৃতিত্বকে খাটো করা হয় না কি!সে যা-ই বলা হোক, সিজেকেএস-সিডিএফএ, আরএফ বিল্ডার্স প্রথম বিভাগ ফুটবল লিগের এবারের আসরটি শুরু হলো এভাবেই। তাই বলতে গেলে প্রথম দিনেই জমে গেল লিগ। গত সোমবার এই লিগের উদ্বোধন হয়েছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। আর এফ বিল্ডার্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এবারের লিগটি অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন আর এফ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। এই লিগে সাতটি দল অংশ নিচ্ছে। যদিও কথা ছিল ১০টি দলের অংশগ্রহণের। উদ্বোধনী ম্যাচ যদি হয় অঘটনের তার আগে এটি ঘটনাও বটে। লিগ শুরুর আগেই রিজেন্সি স্পোর্টস ক্লাব ও ইয়ং স্টার ব্লুজ না খেলার কথা জানিয়ে দেয়। পরে একেবারে শেষদিকে নাম প্রত্যাহার করে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ক্লাব। সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘যারা লিগ থেকে নাম প্রত্যাহার করেছে তারা আগামী দুই বছর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবে না। পরে তাদেরকে নিচের স্তর থেকে খেলে আসতে হবে।’এসব তো গেল নিয়মনীতি ও আইনের কথা। কিন্তু এমনিতে ঝিমিয়ে পড়া ফুটবলের জন্য নাম প্রত্যাহার কতটা ঠিক হলো, তার সমাধান কী, সেই তর্ক রয়েই যাচ্ছে। তাহলে ফুটবল জাগরণ শুধু নামেই? এমনিতেই গ্যালারি-শূন্য স্টেডিয়াম আরও দর্শক খরায় ভুগবে। সেটা প্রথম দিনের খেলায়ও দেখা গেছে। গ্যালারি টিকিটের মূল্য ১০ ও প্যাভিলিয়ন ৫০ টাকা ধরা হয়েছে। কিন্তু ক্লাবের গুটিকয়েক সমর্থক ও কর্মকর্তা ছাড়া লিগের ম্যাচ দেখতে আর কাদেরই বা দেখা মিলছে!