ঘটন-অঘটনের চেম্বার নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন পদ্ধতি নিয়ে সংস্কার ইস্যুতে নেতৃত্বে দ্বিধা-বিভক্তি। বিকল্প প্রতিনিধি প্রথা নিয়ে উচ্চ আদালতে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা। ভোটার তালিকায় অসঙ্গতি নিয়ে আদালতের নির্দেশনায় তফসিল স্থগিত। তালিকা সংশোধনের পরও অসঙ্গতি। আবার তালিকা সংশোধন। এক পরিচালকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। চট্টগ্রাম চেম্বারের নির্বাচন নিয়ে গত কয়েক মাসে ঘটে গেছে এমন সব নাটকীয়তা। এরপর আদালতের নির্দেশনা মেনে ও বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের হস্তক্ষেপে বাতিল হয় বিকল্প প্রতিনিধি প্রথা। আদালতের নির্দেশ ও হরতালের কারণে চার দফা তারিখ পিছিয়ে অবশেষে গত ৩০ মার্চ অনুষ্ঠিত হয় বহু কাঙ্ক্ষিত নির্বাচন। নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও নাটকীয়তা পিছু ছাড়েনি। গত ৩০ মার্চ রাতভর ভোট গণনার পর ৩১ মার্চ ঘোষণা করা হয় ফলাফল। অর্ডিনারি ক্লাসে এক পরিচালকের ভাগ্য নির্ধারিত হয় লটারিতে। ২৪ পরিচালকের ২০টিতেই জয়ী হয় মাহবুব-সেলিম পরিষদ। নতুন সভাপতি নির্বাচিত হন মাহবুবুল আলম। শতবর্ষী চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে এবারই প্রথম স্থানীয় ব্যবসায়ীরা সরাসরি ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। বাণিজ্য সংগঠনের বিধিমালায় প্রক্সি ভোট নিষিদ্ধ। তবে চেম্বারের আগের নির্বাচনগুলোতে ব্যবসায়ীদের অনুপস্থিতিতে বিকল্প প্রতিনিধিরা (অলটারনেট নমিনি) পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসছিলেন। এতে ব্যবসায়ীদের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটত না বলে অভিযোগ আছে। আদালতের নির্দেশনা মেনে তালিকা সংশোধন করায় বাদ গেছে ভুয়া কর শনাক্তকরণ নম্বরধারী সাড়ে ৩০০-এর বেশি ভোটার। ব্যবসায়ী নেতারা এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথে আংশিক সাফল্য এসেছে। এই সূচনা আশাবাদী করছে সবাইকে। তবে সত্যিকার নেতৃত্ব নির্বাচন করতে নির্বাচনী পদ্ধতিতে আরও কিছু সংস্কার প্রয়োজন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু চেম্বার। তাই ব্যবসায়ী মহলের প্রত্যাশা ছিল চেম্বারকে সমস্যামুক্ত করা হবে। আদালতের নির্দেশনা মেনে বিকল্প প্রতিনিধি প্রথা বাতিল হওয়ায় ভোটের অধিকার প্রতিষ্ঠার পথে যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে এই অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হবে। চেম্বারের সুনামও ফিরে আসবে। তবে এ লক্ষ্যে আরও কিছু সংস্কার প্রয়োজন বলে দাবি করেন জামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, আউট স্টেশন ব্যালট পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ বাতিল করে সব ভোটারকে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার বিধান বাধ্যতামূলক করতে হবে। ছবি সংবলিত ভোটার পরিচয়পত্র চালু এবং চেম্বার কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ী ও চেম্বারের সাবেক নেতাদের সংগঠন চট্টগ্রাম শিল্প বণিক সমন্বয় পরিষদের আহ্বায়ক এস এম নুরুল হক প্রথম আলোকে বলেন, বিকল্প প্রতিনিধি প্রথা বাদ দেওয়াতে কিছু ভোটার ভোট দিতে পেরেছেন। আবার কেউ কেউ ভোট দিতে পারেননি। সে বিবেচনায় এবারের নির্বাচনে আংশিক সাফল্য এসেছে। পুরোপুরি সফল হতে হলে কয়েকটি বিষয়ে সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। যেমন ছবি সংবলিত ভোটার পরিচয়পত্র ও ভোটার তালিকা তৈরি করতে হবে। এ ছাড়া, বাণিজ্য সংগঠন বিধিমালা মেনে টাউন ও ট্রেড গ্রুপের ক্ষেত্রে যেসব সমিতির পক্ষ থেকে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেসব সমিতির অস্তিত্ব খতিয়ে দেখা। এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলেই চেম্বারে সত্যিকার নেতৃত্ব নির্বাচন সম্ভব হবে।