ঘটন-অঘটনের মধ্য দিয়ে শেষ হলো মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের ফুটবল। মিডিয়া কাপ তো নয়, যেন ফুটবল লিগ! বল নিয়ে এত উত্তেজনা, দলাদলি এমনকি মারামারি পর্যন্ত। এমন না হলে কি আবার ফুটবল হয়। এ রকম নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে শেষ হলো বিএসজেএ-কিষোয়ান স্ন্যাকস মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। মোট ১৩টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এতে অংশগ্রহণ করে। গত বৃহস্পতিবার পর্দা নামে এই আসরের। আসরে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় দৈনিক পূর্বকোণ। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা টাইব্রেকারে ডেইলি সানকে হারিয়ে এই খেতাব অর্জন করে। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র ছিল। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কিষোয়ান স্ন্যাকস লিমিটেডের চেয়ারম্যান এম এ মোতালেব। এতে আরও বক্তব্য দেন সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিভাগীয় ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর, সহসভাপতি আলী আব্বাস, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী, কিষোয়ানের মহাব্যবস্থাপক আমান উল্লাহ আমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিএসজেএ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।বক্তারা বলেন, কর্মময় জীবনে মানুষের প্রশান্তির জন্য কিছুটা বিনোদনের প্রয়োজন। ব্যস্ততা ও মানসিক চাপের চাকরির ফাঁকে এই ধরনের ফুটবল সাংবাদিকদের কাজের গতি বাড়াবে বই কমাবে না। তাই এই ধরনের আয়োজন প্রতিবছর হওয়া দরকার। এর আগে গত ২৫ ডিসেম্বর বিডিনিউজ ২৪ ডট কম ও বাংলাদেশ প্রতিদিনের মধ্যকার ম্যাচ দিয়ে মিডিয়া কাপ ফুটবল মাঠে গড়ায়। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ফয়েজ আহমদ। ঘটনাবহুল টুর্নামেন্টটির প্রতি পরতে পরতে ছিল উত্তেজনা। কালের কণ্ঠ-ইত্তেফাকের সঙ্গে ম্যাচে রেফারির কার্ড প্রদর্শনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। পরে অসাংবাদিক খেলানোর অভিযোগে ইত্তেফাক দলকে বহিষ্কার ও কালের কণ্ঠের তিন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এভাবে উত্তেজনায় ঠাসা টুর্নামেন্টের প্রতিটি খেলা দেখতে প্রতিদিন মাঠে ভিড় করেন সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও সাধারণ দর্শকেরা। চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ছাড়াও ফাইনাল ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার দুটি পান যথাক্রমে পূর্বকোণের ইকবাল সিদ্দিকী ও দেবাশীষ বড়ুয়া।