কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ায় ১৯টির বেশি বৌদ্ধমন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, সমাবেশ অব্যাহত রয়েছে। গত শনিবার দুপুরে রামুর ৩০০ বছরের পুরোনো শ্রীকুল লালচিং বৌদ্ধমন্দির প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।সমাবেশে বক্তব্য দেন রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা উ ক্য থিন, সহসভাপতি মং ছেং হ্লা, সাধারণ সম্পাদক মং হ্লা চিং, সাংগঠনিক সম্পাদক উ ছা থোয়াং, সদস্য বো মা রাখাইন প্রমুখ। বক্তারা বলেন, এখনো রামু, উখিয়া ও টেকনাফের সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। অনেকে প্রাণনাশের আশঙ্কায় বসতবাড়ি ফেলে অন্যত্র পাড়ি জমাচ্ছেন। এসব সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা জোরদার করা জরুরি।সমাবেশে দুই শতাধিক রাখাইন নারী-পুরুষ অংশ নেন। সমাবেশ শেষে সবাই রক্ষা পাওয়া বুদ্ধমূর্তিতে পূজা দেন। সাধারণ সম্পাদক মং হ্লা চিং জানান, এর আগে রামুর বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারে তাঁরা খাবার এবং পুড়ে যাওয়া মন্দিরের ভিক্ষুদের চীবর ও অনুদান হস্তান্তর করেন। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদগত রোববার সকালে কক্সবাজার শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অরূপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব অধ্যাপক প্রিয়তোষ শর্মা, কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় বড়ুয়া, রাখাইন নেত্রী ডা. মায়েনু প্রমুখ। বৌদ্ধ নেতারা বৌদ্ধমন্দির ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। মানববন্ধনে রামু ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ঘটনাটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। যা ওই এলাকার ক্ষতিগ্রস্ত লোকদের সঙ্গে দেশের সব বিবেকবান মানুষকেও আহত করেছে।