ঘটনাস্থলেই মারা যায় সহযোদ্ধা রফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের টগবগে তরুণ দশম শ্রেণীর ছাত্র অমল মিত্র। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন স্থানে শত্রুর বিরুদ্ধে অনেকগুলো অপারেশনে অংশ নিয়েছেন। এর মধ্যে তাঁর জবানীতে দুটি বিশেষ ঘটনা তুলে ধরছেন মুহাম্মদ শামসুল হক।আমরা ছিলাম বিএলএফের প্রথম ব্যাচ। জুলাইয়ের শেষ দিকে আগরতলা ট্রানজিট ক্যাম্প হয়ে আগস্টের মাঝামাঝি আমরা ৪০ জনের মতো মুক্তিযোদ্ধার একটি কাফেলা মিরসরাইয়ের মনুবাজার হয়ে হেঁটে হেঁটে সীতাকুণ্ড আসি। সেখান থেকে চার-পাঁচজন করে বাসে করে শহরে আসি। আগ্রাবাদ পানওয়ালাপাড়ায় মৌলভী ছৈয়দ আহমদ আমাদের জন্য থাকা-খাওয়াসহ আশ্রয়স্থলের ব্যবস্থা করে রেখেছিলেন। এর পর থেকে শুরু হয় নগরের বিভিন্ন স্থানে অপারেশনের পালা। শহরে বিভিন্ন জায়গায় অনেক চোরাগুপ্তা হামলাসহ বেশ কটি বড় অপারেশনে অংশ নিই। সবচেয়ে বেশি মনে পড়ে নিউমার্কেটের মোড় এবং আগ্রাবাদ মুহুরিপাড়া এলাকার দুটি অপারেশনের কথা। দিনটা ছিল ১ নভেম্বর। আমাদের ছিল একটা ফিয়েট গাড়ি। গাড়ি নিয়ে সদরঘাটের দিকে যাওয়ার সময় দেখি, আইডিয়াল উর্দু লাইব্রেরিতে বসে এক পাকিস্তানি সেনা কর্মকর্তা বই পড়ছেন। রাস্তার অপর পাড়ে ছিল তাঁদের একটি কনভয়। আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিই অপারেশনের। কিছুটা দক্ষিণে গাড়ি রেখে সফিউল ও রফিককে পাঠাই অপারেশনের জন্য। তারা পাক সেনা কর্মকর্তাকে গুলি করে দ্রুত ফিরে এলে সবাই গাড়িতে উঠে পালাই। কিন্তু রাস্তার ওপার থেকে পাকিস্তানি কনভয়টি আমাদের পিছু নেয়। আমরা সিটি কলেজ অতিক্রম করার সময় বৃষ্টির মতো গুলি ছোড়ে ওরা। ঘটনাস্থলেই মারা যায় সহযোদ্ধা রফিক। গুলিবিদ্ধ অবস্থায় পাশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে আশ্রয় নেয় সফি। তার পরামর্শে ফজলুল হক ভূইয়া সামনের দিকে ব্রাশ ফায়ার ও গ্রেনেড ছুড়ে মারলে আমাদের শক্তি বেশি মনে করে পাকিস্তানিরা কিছুটা পিছু হটে। এই সুযোগে আমি ও ফজলুল হক নিরাপদে ফিরে যেতে সক্ষম হই। তবে সফি গ্রেপ্তার হয়। ওই দিনই সিটি কলেজের আশপাশের এলাকা থেকে ১০ থেকে ১২ জন লোককে ধরে নিয়ে হত্যা করে পাকিস্তানিরা। একদিন ছোটপুল এলাকার দফাদার বাড়িতে আমরা চারজন আশ্রয় নিই। সকালে কাছের এক দোকানে বসে নাস্তা করার সময় আমাদের সন্দেহ হলো এক পাক গোয়েন্দা কর্মকর্তা আমাদের গতিবিধি লক্ষ্য করছেন। এক পর্যায়ে দেখি তিনি দফাদারকে ধরে নিয়ে যাচ্ছেন। আমি পেছন থেকে রিভলবার তাক করে ‘হল্ট’ বললে ওই কর্মকর্তা দফাদারকে ছেড়ে দিয়ে ধান খেতের ভেতর দিয়ে পালাতে শুরু করেন। আমি দৌড়ে প্রায় একমাইল দূরে সিডিএ এলাকায় এসে প্রথমে তাঁকে গুলি করি। পরে জাপটে ধরে মাটিতে ফেলে দিয়ে আরেক গুলিতে মৃত্যু নিশ্চিত করে ফিরে আসি। খবর পেয়ে পাক সেনাদের একটি দল এসে তাঁকে পাকিস্তানি পতাকা জড়িয়ে নিয়ে যায়। ওইদিন এলাকার চারদিক ঘিরে অনেক মানুষকে গ্রেপ্তার করে নিয়ে যায় তাঁরা। মূলত ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর থেকে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করি। এর অংশ হিসেবে ১৬-১৭ মার্চ মাদারবাড়ি কলেজিয়েট স্কুলের পশ্চিম পাড় এবং ২২ মার্চ আন্দরকিল্লার একটি অস্ত্রের গুদাম লুট করি। সঙ্গে ছিলেন শফিউল বশর, হাশিহরের এনাম, ইউনূসসহ অনেকে। ২৫ মার্চ গভীর রাতে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে রিকশায় করে শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার কথা প্রচার করি। ৩০ মার্চ সফিউল বশরসহ কয়েকজন সঙ্গী নিয়ে আনোয়ারা ও পটিয়া হয়ে চার দিন পর রামগড় পৌঁছি। পথে পথে নারী ও শিশুদের দুর্ভোগের কথা বলাই বাহুল্য। প্রশিক্ষণ নিই ভারতের বগাপা ও হাফলংয়ে । পাকিস্তানিদের চূড়ান্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত আমরা জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলাম।অবশেষে আনন্দ বেদনা বুকে নিয়ে ১৬ ডিসেম্বর বিজয় উৎসবে যোগ দিই সার্কিট হাউসে। সেদিন মানুষের ভালোবাসার যে জোয়ার দেখেছি তা কোনোদিন ভুলব না।