ঘড়ি জানায় জনসংখ্যা
‘ঠিক এ মহূর্তে’ বাংলাদেশের জনসংখ্যা কত? এমন প্রশ্নে একটি গড় সংখ্যা নিশ্চয়ই আমরা বলতে পারব। কিন্তু ‘ঠিক এ মুহূর্তে’র উত্তর দিতে পারিসংখ্যানিক তথ্য নিয়ে বসতে হবে হিসাব কষতে। আর এ পারিসংখ্যানিক তথ্যের হিসাবই অনবরত প্রদর্শন করছে একটি ডিজিটাল ঘড়ি। ঘড়িটি ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান ফটকে ঝোলানো হয়েছে। আর এই ঘড়ির কেতাবি নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ জনসংখ্যা ঘড়ি’।প্রদর্শিত ঘড়িটির আদলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dgfp.gov.bd) দেখা যাবে একটি ঘড়ি। এ ঘড়ির সঙ্গে বাংলাদেশের স্থানীয় সময়ের ফারাক রয়েছে ২৪ ঘণ্টা।এ ঘড়ি সম্পর্কে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (প্রোগ্রাম মনিটরিং) দীপক কান্তি মজুমদার বলেন, ‘আমাদের লক্ষ্য, মানুষকে জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে সচেতন করা। কত দ্রুত বেড়ে যাচ্ছে আমাদের জনসংখ্যা, এই ঘড়ির দিকে তাকালেই ভাবনাটা চলে আসে। আমরা সেটাই বোঝানোর চেষ্টা করেছি।’এমন ঘড়ির চিন্তা কীভাবে এল, জানতে চাইলে দীপক কান্তি মজুমদার জানান, বেশ কয়েক বছর আগে জাতিসংঘ জনসংখ্যা তহবিল এই ঘড়ির প্রচলন করেছিল। তখন বাংলাদেশ টেলিভিশনে খবর শুরুর আগে ক্ষণগণনার সময় এ ঘড়ি দেখানো হতো। বেশ সাড়াও পড়েছিল। কিন্তু ব্যয়সাপেক্ষ হওয়ায় প্রকল্পটি বন্ধ করে দিতে হয়েছিল।যেভাবে হিসাব রাখেএ ঘড়িতে জনসংখ্যার ভিত্তি ধরা হয়েছে ১৫ কোটি ২৫ লাখ। আর এ সংখ্যার সঙ্গে প্রতি ১৫ সেকেন্ডে যুক্ত হচ্ছে ১ করে। অর্থাৎ দেশের মোট জনসংখ্যার সঙ্গে প্রতি ১৫ সেকেন্ডে যুক্ত হচ্ছে একজন নতুন মুখ, যা হিসাব করা হয়েছে জনসংখ্যা বৃদ্ধির হারের ভিত্তিতে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশকে সময়ে প্রকাশ করে। এসব হিসাবই কষা হয়েছে গত বছর প্রকাশিত আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী।