ঘণ্টায় পাঁচ মিনিট হাঁটাহাঁটি

এমন অনেক চাকরিজীবী আছেন যাঁদের কাজের ধরনটাই এমন যে, কর্মক্ষেত্রে টানা সাত-আট ঘণ্টা ডেস্কে বসে কাজ করতে হয়। দীর্ঘদিন এমন পরিবেশে কাজ করার কারণে পা-কোমর-পিঠের ব্যথা এমনকি হূদরোগের ঝুঁকিও থাকে। এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রতি ঘণ্টায় অন্তত পাঁচ মিনিট হাঁটাহাঁটি করার পরামর্শ দিয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত গবেষক। ইন্দো-এশিয়ান নিউজ এক প্রতিবেদনে এ বিষয়ে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষক সৌরভ থোসার বলেন, ‘আমরা দেখেছি যে পাঁচ মিনিট হাঁটাহাঁটি করে সহজেই দীর্ঘ সময় বসে কাজ করার এই সমস্যা সমাধান করা যায়।’
দীর্ঘ সময় টানা বসে থাকলে পায়ের শিথিল মাংসপেশিগুলো যথাযথভাবে রক্ত সঞ্চালনে বাধার সৃষ্টি করে বলে হূিপণ্ডে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে। থোসার বলেন, ‘আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ টানা বসে থাকা শরীরে রক্ত চলাচলে যে বাধার সৃষ্টি করে, তা থেকেও হূদরোগের প্রাথমিক ঝুঁকি তৈরি হতে পারে। কিন্তু একটানা বসে থাকার এই সময়টাকে ছোট ছোট বিরতিতে ভাগ করে নিলেই সমস্যা সমাধান সহজ।’
সাধারণত একজন প্রাপ্তবয়স্ক কর্মজীবীকে আনুমানিক আট ঘণ্টা কাজ করতে হয়। টানা এক ঘণ্টা বসে থাকলেই পায়ের পেশির স্থবিরতা দেখা দিতে শুরু করে। কিন্তু টানা বসে না থেকে একটু উঠে দাঁড়িয়ে সামান্য হাঁটাহাঁটি করলেই সমস্যাটা আর বাড়তে পারে না।
অফিসের মধ্যেই ডেস্ক থেকে উঠে একটু হাঁটাহাঁটি করা যেতে পারে। সহকর্মীরা দল বেঁধেও খানিকটা সময় ব্যায়াম করে কাটাতে পারেন। এ ছাড়া বড় পরিসরের অফিসে ছোট একটা বিশ্রামকক্ষ এবং কিছু ব্যায়ামের উপকরণ রেখে কর্মীদের শারীরিকভাবে সক্রিয় থাকতে উত্সাহিত করা যেতে পারে।