ঘন দুধে ভেজানো দুধপুলি পিঠা, আহা!

কাল তো ছুটির দিন। সকালে খাবার টেবিলে কম–বেশি ভালো খাবারের আয়োজন সবার বাসায়ই থাকে। এদিকে আবার শীতও যাই যাই করছে । তাই সকালের নাশতায় পিঠার আয়োজন থাকলে কিন্তু মন্দ হয় না। ঘন দুধে ভেজানো দুধপুলি হতে পারে ছুটির দিনের সকালের নাশতা। রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধপুলি পিঠা

দুধপুলি পিঠা
ছবি : সাবিনা ইয়াসমিন

পিঠার উপকরণ: ময়দা ২ কাপ, লবণ সামান্য, ঘি ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো।

পুরের উপকরণ: শুকনা নারকেলের গুঁড়া ২ কাপ, ঘি ২ টেবিল চামচ ,দুধ ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, চিনি ১ কাপ, এলাচগুঁড়া আধা চা–চামচ, পেস্তা-কাঠ-কাজুবাদাম কুচি আধা কাপ।

পুর তৈরির প্রণালি: ঘি গরম করে নারকেলের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে তরল দুধ ঢেলে দিন। ঘন হয়ে এলে এলাচগুঁড়া, গুঁড়া দুধ, বাদাম কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে পুর।

প্রণালি: পিঠার উপকরণগুলো পানি দিয়ে ভালো করে মথে ডো বানান। এর ওপর সামান্য ঘি দিয়ে ২৫-৩০ মিনিট ঢেকে রাখুন।

এবার ময়দার ডো ৪ থেকে ৫ ভাগ করে বড় রুটি বেলে বিস্কুট কাটার নকশা দিয়ে কেটে নিন। রুটির এক পাশে নারকেলের পুর রেখে পুলিপিঠার আকারে ভালো করে মুখ বন্ধ করে নিতে হবে। ডুবো তেলে গরম গরম ঘিয়ে রং করে ভেজে তুলুন।

দুই লিটার দুধ জ্বাল দিয়ে ঘন হলে আধা কাপ চিনি, আধা চা–চামচ এলাচগুঁড়া, ১ টেবিল চামচ ঘি দিন। এবার গরম পিঠা ঢেলে দিন। কিছুক্ষণ জ্বাল দিয়ে পরিবেশন পাত্রে ঢেলে পিঠার ওপর পেস্তা কুচি ছড়িয়ে দিন।