ঘর তুলতে পারছেন না সেন্ট মার্টিনের পাঁচ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় পাঁচ হাজার মানুষ ঘর তৈরি করতে পারছেন না। দ্বীপের সাত হাজার মানুষের মধ্যে প্রায় পাঁচ হাজার তিন বছর ধরে জীর্ণ ঘরে বাস করছেন। অথচ সরকারি নিষেধাজ্ঞা অম্যান্য করে বাইরের প্রভাবশালীরা হোটেল-মোটেল, কটেজসহ নানা স্থাপনা তৈরি করছেন।নতুন ঘর তৈরি করতে না পারায় সামনের বর্ষা নিয়ে দুশ্চিন্তায় আছেন ঝুপড়িঘরের বাসিন্দারা। ভারী বৃষ্টি হলে এসব ঘরে থাকা কঠিন হবে বলে জানান স্থানীয় লোকজন। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, প্রায় আট বর্গকিলোমিটার আয়তনের ৮৩৫ দশমিক ৭০ একর জায়গায় গ্রাম রয়েছে ১৩টি। ৬৪৩ পরিবারে ছোটবড় ৯৬৭টি বাড়ি রয়েছে। এতে বসবাস করেন সাত হাজার ২৩৪ জন। এর মধ্যে পাঁচ হাজার মানুষ সাত শতাধিক জীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন। ইট-সিমেন্ট ও টিনের ঘর তৈরি করার সামর্থ্যও নেই তাঁদের। জানা যায়, ২০০৫ সালের পর থেকে সেন্ট মার্টিনে পর্যটকের আনাগোনা বেড়ে গেলে স্থায়ী অবকাঠামো তৈরির হিড়িক পড়ে। পরিবেশ অধিদপ্তর সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা দিয়ে ইট-সিমেন্ট আনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।সরেজমিনে দেখা গেছে, দ্বীপে সারি সারি নারকেলবাগান। বাগানের ভেতরে গোলপাতা আর বাঁশের তৈরি ছোট বাড়ি। তবে বেশির ভাগ ঘরের চালে গোলপাতার চিহ্ন আছে মাত্র। ঘরগুলো পলিথিন দিয়ে মোড়ানো।দ্বীপের মাঝরপাড়ার সলিম উল্লাহ (৮০) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই দ্বীপে জন্ম নিয়ে কী অপরাধ করেছি? শিক্ষা, চিকিৎসা নেই, ঘর তৈরির অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এটা তো জন্মভিটা থেকে উচ্ছেদের চক্রান্ত।’সলিম উল্লাহ নিজের বাড়িটি দেখিয়ে বলেন, ‘চার বছর আগে বাঁশের বেড়া, গোলপাতার ছাউনি দিয়ে ছোট ঘরটি তৈরি করেছিলাম। দুই বছর রোদে পুড়ে গোলপাতার ছাউনি নষ্ট হয়ে গেছে। বেড়াও ভেঙে যাচ্ছে। টিনের ছাউনি দিয়ে আধাপাকা একটি ঘর তৈরির চেষ্টা করছি তিন বছরে ধরে। কিন্তু টেকনাফ থেকে ইট-সিমেন্ট আনতে পারছি না। ঘর তৈরি করলে পরিবেশের ক্ষতি হবে—এ অজুহাতে বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমাদের।’ উত্তরপাড়ার চাষি সৈয়দ করিম বলেন, ‘পলিথিনের ছাউনি দিয়ে দুই বছর পার করেছি। বর্ষার আগে নতুন ছাউনি দিতে না পারলে পরিবার নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হবে।’ একই অবস্থা কোনারপাড়ার জেলে নুরুল আমিন, মনির আহমদ, পূর্বপাড়ার কৃষক আবদুল মজিদ ও মাঝরপাড়ার আমির সোলতানের।সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম জানান, ‘দ্বীপের আসল বাসিন্দারা ঘর তুলতে না পারলেও বাইরের প্রভাবশালীরা ঠিকই বহুতল ভবন, হোটেল-মোটেল কটেজ, বাংলো নির্মাণ করছেন। এতে কী পরিবেশের ক্ষতি হয় না?’সেন্ট মার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ কাছিম বলেন, ‘এসব নিষেধাজ্ঞা মূলত দ্বীপের মানুষকে তাড়ানোর চক্রান্ত। কিন্তু তা কোনো দিন হতে দেব না আমরা। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে বহিরাগতদের তাড়ানো হবে।’ ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মুজিবুল হক বলেন, পর্যটকের আনাগোনা বেড়ে যাওয়ায় দ্বীপের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ময়লা-আবর্জনার স্তূপ চারদিকে। পরিবেশদূষণের কারণে ক্ষতির শিকার হচ্ছেন দ্বীপের বাসিন্দারা। স্থানীয় লোকজন জানান, টেকনাফে এখন প্রতি হাজার গোলপাতা বিক্রি হচ্ছে সাড়ে তিন হাজার টাকায়। ১০-১২ ফুট লম্বা ১০০ বাঁশ বিক্রি হচ্ছে দুই হাজার ৮০০ টাকায়। বাঁশ ও গোলপাতার একটি ঘর তৈরিতে খরচ হয় ৩০-৪০ হাজার টাকা। এই ঘরে থাকা যায় তিন বছর। অথচ ৫০-৭০ হাজার টাকা খরচ করে আধাপাকা টিনের ঘর তৈরি করা গেলে ১৫-২০ বছর থাকা যায়। কিন্তু টেকনাফ থেকে সাগরপথে ইট-সিমেন্ট আনার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকায় ঘর তৈরি করা যাচ্ছে না। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, বর্ষার আগে ঘর মেরামত করতে না পারলে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়বেন। চেয়ারম্যান জানান, ‘ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে নীতিমালার আওতায় মানুষকে আধাপাকা টিনের বা গোলপাতার ছাউনিযুক্ত ঘর তৈরির সুযোগ দিতে। কিন্তু এ ব্যাপারে এখনো সাড়া পাওয়া যায়নি। পরিবেশ অধিদপ্তরের টেকনাফ অঞ্চলের কর্মকর্তা আমিনুল হক বলেন, সেন্ট মার্টিনকে পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। তাই সেখানে কোনো স্থাপনা তৈরি, বিক্রি এবং জীববৈচিত্র্য ধ্বংস নিষিদ্ধ করা হয়েছে।