ঘর থাকবে ধুলাবালিমুক্ত
শীত আসি আসি করছে। শুষ্ক আবহাওয়ায় ধুলার প্রকোপ যাবে আরও বেড়ে। তাই এখনই জেনে নিন ঘর কীভাবে ধুলাবালিমুক্ত রাখতে হবে। উপায় জানিয়ে দিচ্ছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের প্রভাষক ফারহানা শরীফ।জেনে নিন জানালা, দরজা তো বন্ধ করে রাখা যায় না, তাই জানালায় অপেক্ষাকৃত ভারী পর্দা ব্যবহার করতে হবে, যাতে ধুলাবালি ঘরে কম আসে। আবার ভারী পর্দার বাইরের মুখের অংশে পাতলা নেটের পর্দা লাগিয়ে দেওয়া যেতে পারে। এতে করে হালকা ধুলাবালি নেটের অংশে আটকে যায়। নিয়মিত ঘর তো মোছাই হয়। তার পরও সপ্তাহে একবার ডেটল বা স্যাভলন-পানি দিয়ে মেঝে মুছে ফেলতে হবে। প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার আগে ব্রাশ দিয়েকার্পেট পরিষ্কার করে নিতে হবে। কয়েক দিন পরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করে নিলে ভালো হয়। কারণ কার্পেটের ধুলা থেকে অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে। ঘরের আসবাব প্রতিদিন শুকনা কাপড় দিয়ে মুছতে হবে। যে আসবাবে কারুকাজ করা থাকে, সেগুলো মুরগির পালকের ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে ময়লা স্থায়ী হয়ে যায় না। কাচের টেবিল, টিভি রাখার ট্রলি আর নকশা করা শোপিসগুলো পাতলা সুতি কাপড় দিয়ে মুছতে হবে। সপ্তাহে একটা দিন নির্দিষ্ট করে কাচের জিনিসগুলো সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। মাটি আর পিতলের তৈরি শোপিস পালকের ঝাড়ু কিংবা পাতলা কাপড় দিয়ে মুছলেই ভালো থাকে। নিয়মিত ব্যবহার্য এবং শোকেসে তুলে রাখা কাচের বাসন-কোসন ডিশ ওয়াসার দিয়ে ধুয়ে ফেলতে হবে। ঘর সাজানোর জন্য প্লাস্টিকের ফুলগুলো মাসে দুবার করে শ্যাম্পু দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হয়। গদিওয়ালা চেয়ার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। টেলিভিশন ও কম্পিউটারের মনিটর শুকনা কাপড় দিয়ে মুছলে ভালো হয়। দরজা, জানালা শুকনা কাপড় দিয়ে মুছতে হবে। থাই গ্লাসের পার্টিশন হলে গ্লাস পরিষ্কারক দিয়ে মুছতে হবে।খেয়াল রাখতে হবে লোহা ও কাঠের জিনিসে পানি না লাগানোই ভালো। এতে কাঠের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, আর লোহায় ধরে মরিচা। প্রতিদিন একবার ঘরের জিনিসপত্র মুছতে হবে। কাচের জিনিস তরল সাবান দিয়ে ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে শুকনা কাপড় দিয়ে মুছতে হবে। বিছানার চাদর এবং বালিশ, সোফা ও কুশনের কভার পারলে প্রতি সপ্তাহে অথবা মাসে দুবার পরিবর্তন করতে হবে।