ঘর নেই, বন্ধ আয়-রোজগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরের জোয়ার–ভাটার কবলে পড়ে গৃহহীন হয়ে পড়েছেন কুতুবদিয়া উপজেলার এই মানুষগুলো। বেড়িবাঁধের ওপর ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করছেন তাঁরা। ছবিটি গত রোববার দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণপাড়া থেকে তোলা l প্রথম আলো
বঙ্গোপসাগরের জোয়ার–ভাটার কবলে পড়ে গৃহহীন হয়ে পড়েছেন কুতুবদিয়া উপজেলার এই মানুষগুলো। বেড়িবাঁধের ওপর ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করছেন তাঁরা। ছবিটি গত রোববার দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণপাড়া থেকে তোলা l প্রথম আলো

‘ঘর নেই, আয়-রোজগারও বন্ধ। তাই এই ঈদে ছেলেমেয়েদের নতুন জামাকাপড় কিনে দিতে পারিনি। ভাঙা বেড়িবাঁধে মাটি হয়েছে আমাদের ঈদের আনন্দ। জোয়ার-ভাটার কবল থেকে রক্ষার কোনো উপায় দেখছি না।’
গত রোববার দুপুরে কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল গ্রামের লবণচাষি শাহ আলম (৫৮) তাঁর দুর্দশার কথা বর্ণনা করেন এভাবে।
তাঁর প্রতিবেশী স্থানীয় জেলে আবুল কালাম ও জাফর আলম জানান, গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণপাড়া, সাগরপাড়া ও গহরপাড়ার অন্তত এক হাজার ঘরবাড়ি ভেঙে গেছে। গৃহহীন লোকজন বেড়িবাঁধের পাশে ঝুপড়ি ঘর তৈরি করে মানবেতর জীবন কাটাচ্ছেন। অর্থসংকটের কারণে কেউ এ পর্যন্ত নতুন ঘরবাড়ি তৈরি করতে পারেননি। এ ক্ষেত্রে কারও সহযোগিতাও পাওয়া যাচ্ছে না।
বেড়িবাঁধে ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করছেন কিরণপাড়ার গৃহবধূ হালিমা বেগম (৪২)। সঙ্গে তাঁর তিন ছেলেমেয়ে।
হালিমা বলেন, ‘ঈদের নতুন জামাকাপড়ের জন্য ছেলেমেয়েরা অনেক কান্নাকাটি করেছিল। কিনে দিতে পারিনি। কারণ হাতে টাকা ছিল না। এখন বাড়ির পাশের ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। প্লাবিত হচ্ছে ঘরবাড়ি।’
গহরপাড়ার জেলে বাদশা মিয়া (৫০) জানান, রোয়ানুর আঘাতে এখানকার ৪০-৫০টি মাছ ধরার নৌকা ভেঙে গেছে। এ কারণে জেলেরা বেকার। আয়–রোজগারের বিকল্প ব্যবস্থা এ উপজেলায় নেই।
কিরণপাড়ার গৃহবধূ আকলিমা বেগম জানান, ঘূর্ণিঝড়ে তাঁর ঘরটি ভেঙে গেলে আয়–রোজগারের জন্য স্বামী কক্সবাজার শহরে চলে যান। কিন্তু সাগর উত্তাল থাকায় সেখানেও তিনি মাছ ধরতে পারছেন না। ফলে ভাঙা ঘরটিও মেরামত সম্ভব হচ্ছে না।
একই পরিস্থিতি উপজেলার উত্তরধুরুং ইউনিয়নের ফয়জানীবাপেরপাড়া, মনছুর আলী হাজিরপাড়া, আকবরবলীপাড়া, জহির আলী সিকদারপাড়া, চাটিপাড়া, চুল্লারপাড়া ও জুন্মাপাড়াতে। এসব গ্রামের হাজারো ঘরবাড়ি এখনো মাটিতে বিলীন অবস্থায় পড়ে আছে।
উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে এই ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে অন্তত সাত হাজার ঘরবাড়ি বিলীন হয়েছে। ১২টির বেশি পাকা সড়ক ভেঙে যানবাহন চলাচল বন্ধ আছে। সড়কের ভাঙা অংশে বাঁশের সাঁকো তৈরি করে লোকজন চলাচল করলেও ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়া জোয়ারের প্লাবন ঠেকানো যাচ্ছে না।
শাহরিয়ার চৌধুরী বলেন, এখন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল সাগরে মাছ ধরা বন্ধ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যবসা-বাণিজ্যেও মন্দাভাব। তা ছাড়া জোয়ারের প্লাবনে উপকূলের চাষবাস বন্ধ থাকায় এই ইউনিয়নে গৃহহীন অন্তত ২৫ হাজার মানুষ বেকার জীবন কাটাচ্ছেন। অনেকে আয়–রোজগারের জন্য কক্সবাজার, চট্টগ্রাম চলে যাচ্ছেন।
কুতুবদিয়া সমিতির সভাপতি শহীদ উদ্দিন বলেন, ‘উপকূলের প্রায় দেড় লাখ মানুষের প্রাণরক্ষার জন্য আমরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে ভাঙা বেড়িবাঁধের সংস্কার দাবি করে আন্দোলন করছি। কিন্তু ফল পাচ্ছি না।’
ভাঙা বেড়িবাঁধের সংস্কার প্রসঙ্গে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান জানান, রোয়ানুর প্রভাবে জেলার পাঁচটি উপজেলায় ৮৭ কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। এর মধ্যে কুতুবদিয়াতে প্রায় ২০ কিলোমিটার। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের প্লাবন ঠেকাতে প্রায় ১৯ কোটি ৩৪ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। সাগর শান্ত হলে ভাঙা বাঁধের সংস্কারকাজ শুরু হবে।