ঘর পাবে ৫৮০ দরিদ্র পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় প্রধানমন্ত্রীর দপ্তরের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫৮০টি দরিদ্র পাহাড়ি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে। পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যিক স্থাপত্যে তৈরি হবে এসব ঘর। এ জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তিন পার্বত্য জেলা প্রশাসকের কাছে দরিদ্র পরিবারের তালিকা, বাড়ির নকশা ও ব্যয়–সংক্রান্ত প্রস্তাব পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
আশ্রয়ণ প্রকল্পের উপপরিচালক মো. নূরুন্নবী গত ২৪ নভেম্বর এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশিদ জানান, প্রকল্পের জন্য বান্দরবানে পাঁচ সদস্যবিশিষ্ট একটি গঠন কমিটি করা হয়েছে। ওই কমিটি বাড়ির নকশা ও ব্যয়–সংক্রান্ত প্রস্তাব তৈরি করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দরিদ্র পরিবারের তালিকা পাঠানোর জন্য তাগিদ দেওয়া হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ১৭ নভেম্বর বান্দরবান সফরের সময় জেলা শহরের রাজারমাঠের জনসভায় পার্বত্য এলাকার দরিদ্র পরিবারগুলোর জন্য ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই প্রতিশ্রুতির অংশ হিসেবে তিন পার্বত্য জেলায় নতুন আশ্রয়ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই বিশেষ প্রকল্পের আওতায় ইতিমধ্যে খাগড়াছড়িতে ৩৮টি পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ চলছে। অবশিষ্ট ৫৪২ পরিবারকে বান্দরবান ও রাঙামাটিতে ঘর নির্মাণ করে দেওয়া হবে। বাড়িগুলো পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী মাচাঙঘরের স্থাপত্যে নির্মাণ করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের উপপরিচালক মো. নূরুন্নবী বলেছেন, এই প্রকল্পটি সাধারণ আশ্রয়ণ প্রকল্পের মতো নয়। ন্যূনতম ১০ শতক জমি আছে, কিন্তু ঘর তৈরির সামর্থ্য নেই এমন পরিবারগুলোকে তাঁদের জমিতে ঘর নির্মাণ করে দেওয়া হবে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে তিন লাখ টাকা। তিনি আরও বলেন, আগস্টের প্রথম দিকে তিন পার্বত্য জেলা প্রশাসকের কাছে দরিদ্র পাহাড়ি পরিবারের তালিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। খাগড়াছড়ি থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী জলার মাটিরাঙ্গা উপজেলায় ৩৮টি পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। কিন্তু বান্দরবান ও রাঙামাটি থেকে এখনো কোনো তালিকা পাওয়া যায়নি।
বান্দরবানের জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বলা হলেও এ পর্যন্ত সাত উপজেলার মধ্যে থানচি থেকে ৪৫টি পরিবার, আলীকদম থেকে ১০টি পরিবার ও লামা থেকে ২০০টি পরিবারের তালিকা এসেছে। বাকি চার উপজেলা থেকে এখনো তালিকা পাওয়া যায়নি।
বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর এ বিষয়ে বলেন, বিশেষ নকশার নতুন আশ্রয়ণ প্রকল্পে শুধু পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ঘর নির্মাণ করে দেওয়া হবে। দরিদ্র পরিবারের তালিকা পাওয়া গেলে বাড়ির নকশাসহ প্রকল্পপ্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।