ঘর পেলেন সেই দম্পতি
‘বাবু, ভগবান তোমা বেগ্গুনর মঙ্গল গরক। ঘর পেইনে মুই হুব হুজি। ঘরআনত বুড়া-বুড়ি সুখত থেইম। ইক্কুনু বইয়ার এলে আর ন ডরেইম।’ (জনাব, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। ঘর পেয়ে আমি খুব খুশি। এ ঘরে বুড়া-বুড়ি সুখে থাকব। এখন বাতাস এলে আর ভয় পাব না)—আনন্দে আত্মহারা হয়ে কথাগুলো বলছিলেন ঘরহীন সেই গন্ডাবী চাকমা (৬৮)। অনেক দিন ধরে গন্ডাবী চাকমা তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী আবদুল্যা চাকমাকে (৭০) নিয়ে একটি জরাজীর্ণ একচালা ঘরে কোনো রকমে বসবাস করতেন। বাতাস এলে ঘরের এক কোণে গুঁজে থাকতেন দুজনে। তাঁদের ঘর না থাকা ও কষ্টের কাহিনি নিয়ে প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামে ২৯ মার্চ ‘এগ্গ্যান ঘর বানেই দিলি হব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামে বসবাসরত খাগড়াছড়ির দীঘিনালার সন্তান কনফিডেন্স শিপিং লাইন লিমিটেডের ম্যানেজিং পার্টনার সুপ্রভা বড়ুয়া এ দম্পতিকে একটি টিনের ঘর করে দেন। ১৮ এপ্রিল গন্ডাবী চাকমা ও তাঁর স্বামী আবদুল্যা চাকমাকে নিয়ে নতুন ঘরে ওঠেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, সাংবাদিক জাকির হোসেন, সমর বিজয় চাকমা প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, প্রথম আলোর একটি প্রতিবেদনের কারণে তাঁরা আজ একটি ঘর পেলেন। পত্রিকাটি যে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে এটি তার একটি বড় প্রমাণ। কনফিডেন্স শিপিং লাইনের পক্ষে কৃষিবিদ স্বপন কুমার বড়ুয়া বলেন, ‘যেদিন প্রথম আলোতে এ দম্পতিকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেদিনই আমার বোন সুপ্রভা বড়ুয়া তাঁদের একটি ঘর তৈরি করে দেওয়ার জন্য আমাকে বলেছেন। আমি উপসহকারী কৃষি কর্মকর্তা সমর বিজয় চাকমার মাধ্যমে ঘর তুলে দিয়েছি। এ ছাড়া তাঁদের প্রতি মাসে চাল দেওয়া হবে।’ সমর বিজয় চাকমা বলেন, ‘বৈসাবিতে কনফিডেন্স শিপিংয়ের পক্ষ থেকে তাঁদের দুজনকে নতুন পোশাক কিনে দিয়েছি। এখন তাঁদের দুজনকে যাতে মাটিতে থাকতে না হয় সে জন্য একটি খাট তৈরি করে দেওয়া হবে।’ গন্ডাবী চাকমা ও আবদুল্যা চাকমা বলেন, ‘জীবনে কল্পনাও করিনি এ ধরনের একটি ঘর পাব। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের যাঁরা ঘর করে দিয়েছেন তাঁদের যেন মঙ্গল হয়।’