ঘর পেয়ে খুশি প্রতিবন্ধী অলি আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে ঘরের ফুটো চাল দিয়ে পড়ত পানি। পরিবার–পরিজন নিয়ে সারা রাত নির্ঘুম কাটত তাঁর। তবে এখন পাকা বাড়ি পাওয়ায় তেমন দুর্ভোগ আর পোহাতে হবে না প্রতিবন্ধী অলি আহমদ ও তাঁর পরিবারকে l প্রথম আলো
বৃষ্টিতে ঘরের ফুটো চাল দিয়ে পড়ত পানি। পরিবার–পরিজন নিয়ে সারা রাত নির্ঘুম কাটত তাঁর। তবে এখন পাকা বাড়ি পাওয়ায় তেমন দুর্ভোগ আর পোহাতে হবে না প্রতিবন্ধী অলি আহমদ ও তাঁর পরিবারকে l প্রথম আলো

জন্মের পর থেকেই এক পা অবশ অলি আহমদের। দরজির দোকানে কাজ করে কোনো রকমে সংসার চলে। পরিবারের ছয় সদস্যসহ থাকতেন মাটির ঘরে। বর্ষায় ঘরের চালের ফুটো দিয়ে পড়া পানিতে ভিজতে হতো পরিবারের সদস্যদের। তবে এখন আর এই কষ্ট করতে হবে না তাঁদের। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কল্যাণে টিনের ছাউনি দেওয়া পাকা ঘর পেয়েছেন তিনি।
কেবল অলি আহমদ নন—জমি আছে কিন্তু পাকা ঘর নেই, উপজেলার এমন দুস্থ আট পরিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২–এর আওতায় ঘর পেয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা। টিনের ছাউনি দেওয়া ঘরগুলো দুই কক্ষবিশিষ্ট।
উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকার বাসিন্দা অলি আহমদ নতুন ঘর পেয়ে ভীষণ খুশি। ১২ নভেম্বর তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, পাকা বাড়ির পাশে নতুন টিউবয়েল আর শৌচাগার।
অলি আহমদ বলেন, ‘সরকারের কল্যাণে নতুন বাড়ি পেয়েছি। আমার নিজের পক্ষে কখনো এমন বাড়ি তৈরি সম্ভব হতো না। সব মিলিয়ে খুব খুশি লাগছে।’
অলি আহমদ জানান, মগডেইল বাজারে একটি দোকানে বসে কাপড় সেলাই করে দিন চলে তাঁর। দিনে কখনো ২০০ কখনো ৩০০ টাকা আয় হয়। এই টাকায় বাজার খরচই উঠে আসে না। ফলে মাটির ভাঙা ঘর মেরামত করবেন, সেই সামর্থ্য ছিল না তাঁর। এক মাস আগে সরকার নতুন ঘর তৈরি করে দেওয়ায় তাঁর দুঃখের দিন শেষ হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২–এর অধীনে উপজেলার আট ইউনিয়নের আটজন দুস্থ মানুষকে দুই কক্ষবিশিষ্ট ঘর নির্মাণ করে দেওয়া হয়।
এ ছাড়া ঘরের পাশাপাশি প্রতিটি পরিবারের জন্য একটি নলকূপ ও একটি শৌচাগারও নির্মাণ করা হয়। খরচ হয় ২ লাখ ২৫ হাজার টাকা।
অলি আহমদ ছাড়াও ঘর পেয়েছেন ধলঘাট এলাকার সেলিম রেজা, শাপলাপুরের রুহুল আমিন, কালারমারছড়া ইউনিয়নের সৈয়দ আহমদ, হোয়ানকের মন্টু কুমার দে, বড় মহেশখালীর মোহাম্মদ রশিদ, ছোট মহেশখালীর জাহেদা বেগম ও কুতুবজোমের কবির আহমদ। গত মাসে এসব পরিবারকে ঘরগুলো হস্তান্তর করা হয়।
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম বলেন, জমি আছে, কিন্তু ঘর নেই—এমন আট পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর তৈরি করে দেওয়া হয়। এতে ওই পরিবারগুলোর জীবনের মান উন্নত হয়েছে।