ঘর-বসত ঘিরে পেশাজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের স্বপ্নগুলো আলাদা হলেও অনেকের ক্ষেত্রে একটা জায়গায় দারুণ মিল, তা হলো নগরে বসবাসের জন্য নিজের একটি বাড়ি বা ফ্ল্যাট। হোক সেটা ছোট বা বড়। মানুষের এই স্বপ্ন পূরণে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশের আবাসনশিল্প প্রতিষ্ঠানগুলো। ১৯৬৪ সালে ইস্টার্ন হাউজিং দিয়ে দেশি আবাসনশিল্পের যাত্রা শুরু। চাহিদার ভিত্তিতে প্রতিষ্ঠানের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। শুধু বাড়ি বা ফ্ল্যাট এবং প্রতিষ্ঠান বাড়ছে তা নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে বিস্তৃত হচ্ছে বিশাল কর্মক্ষেত্রও। আবাসনশিল্পের বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষতা দিয়ে সহজেই পেশা গড়া সম্ভব।বর্তমানে দেশের বিপুল জনসংখ্যার জন্য মানুষের আবাসন-সংকট চরম পর্যায়ে। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের রিয়েল এস্টেট বিভাগের প্রধান মাসুদ ইবনে রহমান বলেন, আবাসনশিল্পের উদ্দেশ্য হলো জনসাধারণের সাধ্যের মধ্যে পরিমিত আলো-বাতাস ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ পরিকল্পিত ও বাসযোগ্য বাসস্থান বাণিজ্যিকভাবে তৈরি করা। কাজের আছে অনেক সুযোগরিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী বলেন, ১৯৬৪ সাল থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় রিহ্যাব সদস্য ৮৯২টি ও ১০০টি প্রক্রিয়াধীন এবং প্রায় এক হাজার ৫০০টি রিহ্যাব সদস্যবিহীন আবাসনশিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে কম করে হলেও গড়ে ৬০-৭০ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন। ফলে এসব প্রতিষ্ঠানে কাজের যথেষ্ট সুযোগ ও চাহিদা রয়েছে। আবাসনশিল্প প্রতিষ্ঠানগুলোয় সাধারণত কয়েকটি সুনির্দিষ্ট বিভাগের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে বিপণন বিভাগ, স্থাপত্য ও প্রকৌশল বিভাগ, প্রশাসন ও হিসাব বিভাগ, ক্রয় ও মান নিয়ন্ত্রণ বিভাগ, আইন বিভাগ অন্যতম। আইন উপদেষ্টাআবাসনশিল্পে আইন উপদেষ্টার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জমির কাগজপত্র দেখে সঠিক পরার্মশ দেওয়া তাঁর কাজ। জমির মালিক ও প্রতিষ্ঠান এবং ক্রেতাদের মধ্যকার আইনগত চুক্তি সম্পন্ন করাও তাঁর কাজ। এ ছাড়া উকিল নোটিশ ও ক্রেতার চুক্তিপত্র দেওয়াসহ প্রতিষ্ঠানের আইনগত সব দিক দেখাশোনার দায়িত্ব আইন উপদেষ্টা বা আইন বিভাগের। স্থাপত্য ও প্রকৌশল বিভাগআবাসনশিল্প প্রতিষ্ঠানের প্রধান ভূমিকা পালন করে থাকেন স্থপতি ও প্রকৌশলীরা। তাঁদের ওপরই নিহিত আপনার অ্যাপার্টমেন্ট বা ভবনটি দুর্যোগ মোকাবিলায় কতটা সক্ষম ও নিরাপদ। জমি নির্ধারণ শেষেই শুরু হয় এই বিভাগের কাজ। বাড়ি, অ্যাপার্টমেন্ট, মার্কেট বা দোকান যা-ই হোক না কেন, নির্মাণের পুরো কাজ নির্ভর করে এ বিভাগের ওপর। এই সম্পর্কে মাল্টিপ্ল্যান লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মুনসিফ আলী বলেন, স্থাপত্য ও প্রকৌশল বিভাগ ছাড়া আবাসনশিল্প প্রতিষ্ঠান অসম্ভব। এখানে দক্ষ প্রকৌশলীদের যথেষ্ট কাজের সুযোগ ও কদর রয়েছে। স্থপতিরা প্রথমে পরিকল্পনা ও নকশা প্রণয়ন এবং অনুমোদনের পরপরই প্রকৌশলীরা ইমারত তৈরির ভিত রচনা করেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা তা বাস্তবায়নের জন্য কাজ করেন। একজন প্রধান প্রকৌশলীর তত্ত্বাবধানে প্রকল্প প্রকৌশলী, সাইট ও সহকারী প্রকৌশলী, বিভিন্ন সংযোগ স্থাপন ও সৌন্দর্যবর্ধন কাজের তদারক করেন। বিপণন ও ক্রেতা সেবাপ্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি বিপণন ও গ্রাহক সেবা বিভাগ। এই বিভাগের কর্মীদের গ্রীষ্ম-বর্ষা-শীত সব পরিবেশেই সমানতালে কাজ করতে হয়। শেলটেক লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক এ কে এম রফিকুল ইসলাম বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের বিপণন তুলনায় আবাসন প্রতিষ্ঠানের বিপণন প্রক্রিয়া একটু ভিন্ন ও কঠিন। শুধু নকশা ও পরিকল্পনার ভিত্তিতেই ক্রেতাদের আকৃষ্ট করতে হয়। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিপণনের পাশাপাশি কোম্পানির ব্র্যান্ডিংকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। গ্রাহকসেবা বিভাগের সহকারী ব্যবস্থাপক নাসিরুল ইসলাম ও মোর্শেদা বেগম বলেন, বিপণন ও গ্রাহকসেবা বিভাগ একটি আরেকটির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ক্রেতাদের আবাসন বুকিংয়ের পরপরই তাদের প্রয়োজনীয় সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব নেয় এই বিভাগ। ইনটেরিয়র ডিজাইন পরিবর্তন বা সংযোজন ইত্যাদি সুবিধা প্রদান করে। তাই এসব বিভাগে কাজের অনেক সুযোগ রয়েছে। একজন মহাব্যবস্থাপকের অধীনে ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, জ্যেষ্ঠ নির্বাহী ও নির্বাহীরা কাজ করেন। সম্মানী মাসিক ১৫ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।ক্রয় ও মান নিয়ন্ত্রণ বিভাগপ্রতিষ্ঠানের প্রয়োজনে স্বল্পমূল্যে পণ্য ক্রয় করাই এ বিভাগের প্রধান কাজ। জমি বাদে সব ধরনের কেনাকাটার দায়িত্ব থাকে এই বিভাগের ওপর। পণ্যের গুণগতমান নিশ্চিত করার কাজ করে মান নিয়ন্ত্রণ বিভাগ। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের জন্য লোকবল, ইট-বালু, রড, সিমেন্ট, মাটি পরীক্ষা ও প্রয়োজনীয় অন্য আনুষঙ্গিক জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করা। ঊর্ধ্বতন কৃর্তপক্ষের কাছে বিভিন্ন প্রকল্পের মনিটরিং রিপোর্ট প্রদান করতে হয়। ক্রয় বিভাগে একজন ক্রয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও নির্বাহীরা কাজ করেন। মান নিয়ন্ত্রণ বিভাগে একজন প্রকৌশলীর দায়িত্বে কয়েকজন নির্বাহী কাজ করেন। সম্মানী ২০ থেকে ৫০ হাজার টাকা হয়ে থাকে।প্রশাসন ও হিসাব বিভাগপ্রশাসন বিভাগ মহাব্যবস্থাপক থেকে নির্বাহী, অফিস সহকারী, নিরাপত্তারক্ষীসহ অনেক ধরনের কাজের ক্ষেত্র। প্রতিষ্ঠানের সব আয়-ব্যয়ের হিসাব রাখে হিসাব বিভাগ। জমি কেনার টাকাসহ কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদান, সরকারি ফি, কর, প্রকল্প ফি ও আবাসন বিক্রির টাকা জমা রাখা অর্থাৎ প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনের হিসাব রাখে এই বিভাগ। এখানে একজন বিভাগীয় প্রধানের অধীনে পরিচালক, সহকারী পরিচালক, ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, সিনিয়র নির্বাহী ও নির্বাহী থাকেন। সম্মানী ১৫ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হয়।আবাসনশিল্পে আসতে হলেআবাসনশিল্প প্রতিষ্ঠানে সাধারণত স্থপতি, তড়িৎ ও পুর প্রকৌশলীদের স্নাতক ডিগ্রিধারী হতে হয়। ডিপ্লোমাধারী প্রকৌশলীদেরও কাজের সুযোগ আছে। এ ছাড়া অন্যান্য বিভাগে বিপণন, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞানে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হয়। সৈয়দ মুনসিফ আলী আরও বলেন, প্রত্যেক কর্মীকে তার কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। এখানে শিক্ষার সঙ্গে সঙ্গে ব্যবহারিক বা কারিগরি দিক বেশ গুরুত্ব দেওয়া হয়। আরও ভালো করতে হলে মেধাবী, ধৈর্যশীল, রুচিশীল, চটপটে ও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে।আবাসনশিল্প বিষয়ে পড়তেএ বিষয়ে পড়তে আমাদের দেশে তেমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তবে ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কয়েক বছর ধরে রিয়েল এস্টেট নামে একটি চার বছর মেয়াদি স্নাতক কোর্স পরিচালনা করছে। মাসুদ ইবনে রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসনশিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তাদের প্রয়োজন অনুসারে বিশেষ কোর্স বা সেমিনারের অয়োজন করা হয়।’ এ ছাড়া অধিকাংশ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।